সরাইলে অন্ত:সত্তা গৃহবধুর লাশ উদ্ধার : ভাসুর গ্রেপ্তার
সরাইল প্রতিনিধি : সরাইলে দুই সন্তানের জননী চার মাসের অন্ত:সত্তা গৃহবধূ বিলকিছ বেগমের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সরাইল হাসপাতাল থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ফেলে পালিয়ে যাওয়ার সময় বিলকিছের ভাসুর আমীর আলীকে (৩৮) গ্রেপ্তার করে পুলিশ। বিলকিছের স্বামীর বাড়ি উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে। গতকাল সকালে নিহত গৃহবধূর লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। পুলিশ, হাসপাতাল ও গৃহবধূর বাবার বাড়ির লোকজন জানায়, ১০ বছর আগে গলানিয়া গ্রামের ইউসুফ মিয়ার ছেলে সোলাইমান মিয়ার সাথে বিয়ে হয় একই গ্রামের ফুক্কু মিয়ার মেয়ে বিলকিছের। বিয়ের পর দিনমজুর সোলাইমান মিয়ার দাম্পত্য জীবন ভালই চলছিল। তাদের ঘরে জন্ম নেয় ১টি ছেলে ও ১টি মেয়ে। বর্তমানে বিলকিছ ৪ মাসের অন্ত:সত্তা। সম্প্রতি বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য বিলকিছের উপর নিয়মিত চাপ প্রয়োগ করছেন স্বামী সোলাইমান। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই বাক-বিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটছে। অন্যান্য দিনের মত গত বৃহস্পতিবার রাতেও বিলকিছের সাথে স্বামী দেবর ভাসুর সহ স্বজনদের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে স্বামী ও তার স্বজনরা বিলকিছকে মারধর করে। পরে আশঙ্কাজনক অবস্থায় রাত ১০টা ৪০ মিনিটে গৃহবধু বিলকিছকে হাসপাতাল নিয়ে যান ভাসুর আমীর আলীসহ কয়েকজন। কর্তব্যরত চিকিৎসক বিলকিছকে মৃত ঘোষনা করেন। তখন গৃহবধূর স্বামীর বাড়ির লোকজন এদিক ওদিক ছুটাছুটি শুরু করেন। তারা চিকিৎসককে জানান বিলকিছ স্বামীর সাথে রাগ করে আত্মহত্যা করেছে। খবর পেয়ে দ্রুত হাসপাতালে এসে হাজির হন গৃহবধূর বাবার বাড়ির লোকজন এসে বলেন, টাকার জন্য স্বামী সোলাইমানসহ তার স্বজনরা বিলকিছকে মারধর করে গলাটিপে হত্যা করেছে। গৃহবধূর লাশ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যাওয়ার সময় ভাসুর আমীর আলীকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। রাত ২টার দিকে হাসপাতাল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। গতকাল শুক্রবার সকালে জেলা সদর হাসপাতালে নিহত গৃহবধূর লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। গতকাল সরজমিনে দেখা যায়, স্বামী সোলাইমান ও তার স্বজনরা বাড়ি ছেড়ে পালিয়েছে। বিলকিছের আপন চাচা আবু মিয়া (৩৫) ও মামাত বোন লিলু বেগম (২৫) অভিযোগ করে বলেন, টাকার জন্য নির্যাতন করে গলাটিপে ও পা দিয়ে চাপ দিয়ে ধরে শ্বাসরোধ করে বিলকিছকে হত্যা করা হয়েছে। চিকিৎসক ডা.মাজহারুল ইসলাম বলেন, নিহত গৃহবধুর গলায় দাগ ছিল। হাসপাতালে নিয়ে এসেছিল ভাসুর সহ কয়েকজন। তবে লাশ গ্রহন করেছে বিলকিছের চাচাত ভাই রজব আলী। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী আরশাদ বলেন, নিহতের ভাসুরকে গ্রেপ্তার করা হয়েছে। ওই গ্রামে পুলিশ পাঠিয়েছি স্বামীর বাড়িতে কেউ নেই। তবে এ ঘটনায় এখনো কেউ মামলা দেয়নি।
মাহবুব খান বাবুল
২২.০১.১৬











