জ্বালানি সীমায় বিপাকে রাইড শেয়ার চালকরা
আল-আমিন
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা এবং তেহরানের পাল্টা প্রতিক্রিয়ার পর পারস্য উপসাগর অঞ্চলের পরিস্থিতি দ্রুত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা দেখা দেওয়ায় তেল ও গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই বৈশ্বিক পরিস্থিতির প্রভাব রাজধানীর জ্বালানি বাজারেও পড়তে শুরু করেছে। আতঙ্কজনিত কেনাকাটা বেড়ে যাওয়ায় অনেকেই প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি সংগ্রহের চেষ্টা করছেন। এর ফলে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ সারি দেখা যাচ্ছে। তবে এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন রাইড শেয়ার চালকরা, যাদের প্রতিদিনের আয়ের জন্য নিয়মিত জ্বালানি নেওয়া অপরিহার্য।
গতকাল রবিবার রাজধানীর আসাদ গেট সংলগ্ন ব্যস্ততম দুটি পাম্প সোনার বাংলা ও তালুকদার ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড় দেখা যায়। তালুকদার পাম্পে মোটরসাইকেলের সারি আসাদ গেট থেকে গণভবনের সামনে পর্যন্ত গিয়ে পৌঁছায়। অন্যদিকে সোনার বাংলা পাম্পে বাইকের দীর্ঘ লাইন টাউন হল বাজার পর্যন্ত বিস্তৃত হয়।
লাইনে অপেক্ষমাণ উবার চালক রফিকুল ইসলাম (২৮) বলেন, ৩০০ টাকার বেশি তেল দিচ্ছে না। অথচ প্রতিদিন আমার ৫০০ থেকে ৬০০ টাকার তেল লাগে। এখন দিনে দুইবার তিন ঘণ্টা করে লাইনে দাঁড়াতে হচ্ছে। এত সময় লাইনে থাকলে কাজ করব কখন? তিনি দাবি করেন, রাইড শেয়ার চালকদের জন্য অন্তত ৬০০ টাকার তেল একসঙ্গে নেওয়ার সুযোগ দেওয়া উচিত।
পাঠাও চালক আব্দুল গণি (৪৬) বলেন, আমি দীর্ঘদিন ধরেই রাইড শেয়ার করি, কিন্তু এমন পরিস্থিতিতে আগে পড়িনি। ঈদের সামনে এই অবস্থা আমাদের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। আমাদের তো বেতন-ভাতা বা নির্দিষ্ট বোনাস নেই। বেশি সময় কাজ করেই আয় বাড়াতে হয়। কিন্তু এখন তেল নিতে লাইনে দাঁড়িয়েই কয়েক ঘণ্টা চলে যাচ্ছে। এতে স্বাভাবিক সময়ের তুলনায় কম সময় কাজ করতে পারছি।
লাইনে থাকা বেসরকারি চাকরিজীবী শাহরিয়ার সৌরভ বলেন, অফিসে ফোন করে দুই ঘণ্টার ছুটি নিয়েছি। কিন্তু তাতেও তেল নেওয়া সম্ভব হবে কিনা বুঝতে পারছি না। তিনি মনে করেন, সরকারের নির্ধারিত সীমা দেখে অনেকেই মনে করছেন তেলের সংকট তৈরি হয়েছে। ফলে প্রয়োজন না থাকলেও অনেকে লাইনে দাঁড়াচ্ছেন, এতে ভিড় আরও বাড়ছে।
পাম্প কর্তৃপক্ষ বলছে, দেশে তেলের কোনো ঘাটতি নেই। নিয়মিত নতুন করে জ্বালানি সরবরাহ আসছে। তবে সবাই যদি একসঙ্গে এসে প্রয়োজনের অতিরিক্ত তেল নিতে চান, তাহলে কৃত্রিম সংকট তৈরি হতে পারে। এ কারণে আপাতত প্রতিজনকে ৩০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না।
বাংলাদেশের জ্বালানি খাতের একটি বড় বাস্তবতা হলো দেশটি প্রায় সম্পূর্ণভাবে আমদানিনির্ভর। আমদানিকৃত অপরিশোধিত তেলের বেশির ভাগই আসে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে এবং এসব তেলবাহী জাহাজকে পারস্য উপসাগর থেকে বের হয়ে হরমুজ প্রণালি অতিক্রম করতে হয়। এ ছাড়া পরিশোধিত জ্বালানি তেল ভারত, চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ওমানসহ বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা হয়।
বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার জ্বালানি তেল বিক্রিতে দৈনিক সীমা নির্ধারণ করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে কয়েক সপ্তাহের জ্বালানি মজুদ রয়েছে এবং ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি পৌঁছেছে।
তবে সীমিত বিক্রির কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন রাইড শেয়ার চালকরা। অনেক চালক জানান, প্রতিদিন তিন থেকে চার ঘণ্টা সময় শুধু তেল সংগ্রহের পেছনেই চলে যাচ্ছে। ফলে কাজের সময় কমে যাচ্ছে এবং ঈদকে সামনে রেখে সম্ভাব্য অতিরিক্ত আয়ের সুযোগও হারাচ্ছেন তারা।











