বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের রুলিং

news-image
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা এবং হট্টগোলের ঘটনা ঘটেছে। পরে স্পিকারের রুলিংয়ের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়।

রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ৩০০ বিধিতে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি বাংলাদেশ ছাত্রশিবিরের এক নেতার নিখোঁজ হওয়া, তাকে উদ্ধারের ঘটনা এবং পরবর্তীতে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিভিন্ন তথ্য তুলে ধরেন।

মন্ত্রী বলেন, কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া ছাত্রশিবির নেতা মোহাম্মদ জিসান মিয়া প্রধানের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। তদন্তে পুলিশ জানতে পারে, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে এক নারীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই নারী অভিযোগ দায়ের করেন এবং এ ঘটনায় মামলা রুজু হয়। মামলায় জিসানসহ কয়েকজনকে আসামি করা হয়েছে বলে সংসদকে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নিখোঁজের ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য ছড়ানো হয়েছিল। প্রকৃত ঘটনা তুলে ধরতেই তিনি সংসদে বিষয়টি উত্থাপন করেছেন বলে উল্লেখ করেন।

বক্তব্যের পর বিরোধীদলীয় উপনেতা সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের আপত্তি জানিয়ে বলেন, একটি অনিষ্পন্ন ও বিতর্কিত বিষয় সংসদে রাজনৈতিক উদ্দেশ্যে উপস্থাপন করা হয়েছে। তিনি দাবি করেন, বিষয়টি নিয়ে এখনও অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়নি এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।

তার বক্তব্যের পরই সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ ও পাল্টা প্রতিবাদ জানালে সংসদ কক্ষে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকার সদস্যদের আসনে ফিরে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ৩০০ বিধিতে প্রদত্ত বক্তব্যের ওপর সাধারণত প্রশ্ন বা বিতর্কের সুযোগ নেই। তবে বিশেষ বিবেচনায় বিরোধীদলীয় উপনেতাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল।

পরে স্পিকার রুলিং দিয়ে জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদীয় রীতিনীতির পরিপন্থী বা অসংসদীয় কোনো শব্দ বা বক্তব্য থাকলে তা পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

রুলিং ঘোষণার পর সংসদের পরিবেশ শান্ত হয় এবং পরবর্তী কার্যসূচি অনুযায়ী সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয়।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে