সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

news-image
খুলনা প্রতিনিধি : খুলনার দৌলতপুর এলাকায় ফজরের নামাজ শেষে একটি মসজিদে ঢুকে দুই মুসল্লিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার ভোরে বিএল কলেজ সড়কের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) বিদ্যুৎ জামে মসজিদে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন লোকমান হাকিম (৫২) ও আলম শেখ (৫৩)। তাদের দুজনের বাড়িই খালিশপুর এলাকার উত্তর কাশিপুরে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, লোকমান হাকিমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ফজরের নামাজ আদায়ের পরপরই কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি মসজিদে প্রবেশ করে ওই দুই মুসল্লিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তারা ঘটনাস্থলেই গুরুতর আহত হন। হামলার পর অভিযুক্তরা দ্রুত স্থান ত্যাগ করে।

গুলির শব্দ শুনে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর লোকমান হাকিমকে ঢাকায় স্থানান্তর করা হয়। অপরদিকে আলম শেখ খুলনাতেই চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। হামলার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো. আব্দুর রাজ্জাক বলেন, ঘটনার তদন্ত চলছে এবং হামলাকারীদের শনাক্তে পুলিশের একাধিক দল কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।