ঋণ খারাপ হওয়ার আগেই প্রভিশন করতে হবে
জিয়াদুল ইসলাম
দেশের ব্যাংকিং খাতে ঝুঁকি ব্যবস্থাপনা ও আর্থিক প্রতিবেদনকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে ঋণ শ্রেণিকরণ ও প্রভিশনিং ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মানদণ্ড আইএফআরএস-৯ অনুসারে এক্সপেক্টেড ক্রেডিট লস (ইসিএল) ভিত্তিক নতুন কাঠামো চালু করা হবে, যার মাধ্যমে ব্যাংকগুলোকে ঋণের সম্ভাব্য ঝুঁকি হিসাব করে আগাম প্রভিশন রাখতে হবে। নতুন এই ব্যবস্থা ২০২৮ সাল থেকে কার্যকর হবে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, আইএফআরএস-৯ বাস্তবায়নের ফলে ব্যাংকিং খাতে ঋণ ঝুঁকি দ্রুত শনাক্ত করা সম্ভব হবে, আর্থিক প্রতিবেদন আরও স্বচ্ছ হবে এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য বাড়বে। একই সঙ্গে দেশি-বিদেশি বিনিয়োগকারী ও আমানতকারীদের আস্থাও জোরদার হবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ধাপে ধাপে নির্দেশনা, তদারকি ও কারিগরি সহায়তার মাধ্যমে ব্যাংকগুলোকে এই নতুন ব্যবস্থায় রূপান্তরের প্রক্রিয়ায় সহায়তা দেওয়া হবে।বর্তমান ব্যবস্থায় ঋণের অবস্থা অবনতির পর বা নির্দিষ্ট সময় বকেয়া থাকলে প্রভিশন সংরক্ষণ করতে হয়।
বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান নির্দেশনা অনুযায়ী, সকল নিয়মিত ঋণের ক্ষেত্রে ১ থেকে ৫ শতাংশ, নিম্নমানের ঋণের ক্ষেত্রে ২০ শতাংশ, সন্দেহজনক মানের ঋণের ক্ষেত্রে ৫০ শতাংশ এবং ক্ষতিজনক বা মন্দমানের ঋণের ক্ষেত্রে ১০০ শতাংশ প্রভিশন সংরক্ষণ করার নিয়ম চালু রয়েছে। তবে নতুন কাঠামোর অধীনে ব্যাংকগুলোকে সম্ভাব্য ঋণ ক্ষতির পূর্বাভাসের ভিত্তিতে আগাম প্রভিশন গঠন করতে হবে। এ ক্ষেত্রে অতীত তথ্যের পাশাপাশি বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং ভবিষ্যৎ সামষ্টিক অর্থনৈতিক পূর্বাভাস যেমনÑ জিডিপি প্রবৃদ্ধি, সুদের হার ও মুদ্রাস্ফীতি বিবেচনায় নিয়ে ঋণের ঝুঁকি মূল্যায়ন করা হবে। ফলে ঋণঝুঁকি নিরূপণ আরও বাস্তবসম্মত হবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। তবে নতুন মডেল বাস্তবায়নের ফলে ব্যাংকগুলোর প্রভিশন বা সঞ্চিত অর্থের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। এতে প্রাথমিকভাবে কিছু ব্যাংকের মুনাফায় চাপ সৃষ্টি হতে পারে। তবে দীর্ঘমেয়াদে এটি ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, স্বচ্ছতা এবং আস্থার ভিত্তিকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, বর্তমান পদ্ধতিতে কোনো ঋণ খারাপ হওয়ার পর প্রভিশন করতে হয়। কিন্তু নতুন পদ্ধতিতে ঋণের সম্ভাব্য ঝুঁকি এবং সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আগাম প্রভিশন রাখতে হবে। এতে কোনো ঋণখেলাপি হলেও পুরো প্রভিশনের চাপ একসঙ্গে নিতে হবে না। ফলে ব্যাংকের মূলধন ব্যবস্থাপনাও আরও শক্তিশালী হবে।
নীতিমালা অনুযায়ী, আইএফআরএস-৯ কাঠামোর আওতায় ঋণ তিনটি ধাপে শ্রেণিকরণ করা হবে। স্বাভাবিক ঋণের ক্ষেত্রে ১২ মাসের সম্ভাব্য ক্ষতির ভিত্তিতে প্রভিশন সংরক্ষণ করতে হবে। ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়লে পুরো ঋণ মেয়াদের সম্ভাব্য ক্ষতির ভিত্তিতে প্রভিশন করতে হবে। আর যেসব ঋণ ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ বা খেলাপি হয়ে পড়েছে, সেগুলোর ক্ষেত্রেও পুরো মেয়াদের সম্ভাব্য ক্ষতির ভিত্তিতে প্রভিশন নির্ধারণ করা হবে।
নতুন কাঠামোর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, ব্যাংকের অফ-ব্যালান্স শিট ঝুঁকিও এতে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ ঋণ প্রতিশ্রুতি, ব্যাংক গ্যারান্টি কিংবা অব্যবহৃত ক্রেডিট লাইনের মতো এক্সপোজারের ক্ষেত্রেও সম্ভাব্য ঋণ ক্ষতির হিসাব করতে হবে। এ ছাড়া নতুন কাঠামোর অধীনে ঋণের ঝুঁকির মাত্রা অনুযায়ী সুদ আয়ের হিসাব নির্ধারণ করা হবে। ফলে ব্যাংকের প্রকৃত আয় ও ঝুঁকির চিত্র আরও বাস্তবসম্মতভাবে প্রতিফলিত হবে।
নতুন ব্যবস্থা বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোকে উন্নত ডেটা অবকাঠামো, ঝুঁকি বিশ্লেষণ মডেল এবং মডেল যাচাই প্রক্রিয়া গড়ে তুলতে হবে। এতে ব্যাংকিং খাতে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, গত ডিসেম্বর প্রান্তিকে সরকারি-বেসরকারি মিলে ১৮টি ব্যাংক প্রভিশন ঘাটতিতে রয়েছে। এর মধ্যে রয়েছেÑ রাষ্ট্রায়ত্ত ৫, বেসরকারি ১১, বিদেশি ১ এবং বিশেষায়িত ১টি ব্যাংক। এসব ব্যাংকের ঘাটতির পরিমাণ প্রায় ১ লাখ ৯৮ হাজার ২৬৪ কোটি টাকা। তবে এ সময়ে বেশ কয়েকটি ব্যাংকের উদ্বৃত্ত থাকায় সার্বিক ব্যাংক খাতে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৪৪১ কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, প্রভিশন ঘাটতি ব্যাংকের আর্থিক দুর্বলতার একটি গুরুত্বপূর্ণ সূচক। কোনো ব্যাংকের খেলাপি ঋণ বেশি হলে তাকে সেই অনুপাতে প্রভিশন রাখতে হয়। কিন্তু আয় কমে যাওয়া এবং দীর্ঘদিন ধরে জমে থাকা খেলাপি ঋণের কারণে অনেক ব্যাংক প্রয়োজনীয় প্রভিশন রাখতে পারছে না।











