শুকনো খাবার নিয়ে রংপুরে নেতাকর্মীরা
নজরুল ইসলাম,ঢাকা ও ওয়াদুদ আলী,রংপুর
পরিবহন ধর্মঘটের পরও বিভাগীয় গণসমাবেশ সফল করতে নানা উপায়ে রংপুর ছুটছেন বিএনপির নেতাকর্মীরা। অবশ্য ধর্মঘট শুরুর আগেই গতকাল শুক্রবার সকালের মধ্যে নেতাকর্মীদের একটা বড় অংশ রংপুর পৌঁছান। আর ধর্মঘট শুরুর পর নেতাকর্মীরা ট্রেন, মোটরসাইকেল, অটোরিকশাসহ ছোট ছোট যানবহনে রংপুরে আসছেন। সঙ্গে শুকনা খাবার হিসেবে চিড়া-মুড়ি-গুড়ও এনেছেন অনেকে।
বেশির ভাগ নেতাকর্মী রংপুর আসছেন দলটির সাংগঠনিক জেলা দিনাজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট ও সৈয়দপুর থেকে।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন আমাদের সময়কে জানান, এই গণসমাবেশে ঠাকুরগাঁওয়ের নেতাকর্মীরা যেন না আসেন, সে জন্য পুলিশের দিক থেকে তারা নানা হুমকিধমকি পেয়েছেন। গত বুধবার দলীয় কার্যালয়ে পুলিশ অভিযান চালিয়েছে।
পরিবহন ধর্মঘট ঘোষণার পরই ঠাকুরগাঁও থেকে ১০ হাজার নেতাকর্মী রওনা রংপুরের উদ্দেশে রওনা হন। ধর্মঘট শুরুর আগেই তারা রংপুর পৌঁছান। নেতাকর্মীরা মুড়ি, চিড়া, গুড় ও পানি সঙ্গে এনেছেন। স্থানীয়ভাবে খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে। রংপুরে আসার পর থেকে সমাবেশস্থলে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা।
আজ রংপুর মহানগরের কালেক্টরেট ঈদগাহ মাঠে গণসমাবেশ করবে বিএনপি। এর আগে শুক্রবার সকাল থেকে ৩৬ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডাকেন মালিক-শ্রমিকরা। মহাসড়কে হয়রানির প্রতিবাদ ও তিন চাকাসহ অবৈধ যান বন্ধের দাবিতে এ ধর্মঘট ডাকেন তারা। এর আগে ময়মনসিংহ ও খুলনায় বিএনপির সমাবেশের আগে ধর্মঘট ডাকা হয়।
আগের তিন বিভাগের মতো রংপুরেও বিপুল জনসমাগম হবে বলে বিশ্বাস বিএনপি নেতাদের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমার বিশ্বাস, মানুষ যেভাবে জেগে উঠছে, ক্ষমতাসীনরা ব্যর্থ হবেন। আমাদের দমিয়ে রাখতে পারবে না।’
রংপুর সমাবেশের দায়িত্বে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ আমাদের সময়কে বলেন, ‘২০১৩ সালে ছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন। সেই সমাবেশে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত ছিলেন। আমরা মনে করি, এবারের জমায়েতে আগের রেকর্ড ভেঙে যাবে।
বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু অভিযোগ করেন, পুলিশ গণসমাবেশে বাধা দেওয়ার চেষ্টা করছে। নেতাকর্মীদের গ্রেপ্তার করতে তাদের বাড়িঘরের পাশাপাশি হোটেল-মোটেলে অভিযান চালাচ্ছে।
অভিযোগের বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, ‘হোটেলে অবস্থান নেওয়া লোকজনের খোঁজ নেওয়া পুলিশের নিয়মিত কাজ। আমরা কাউকে হয়রানি করছি না।’
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার নুরে আলম মিনা বলেন, ‘বিএনপিকে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অনুমতি দিয়েছি। কোনো সহিংসতা যেন না ঘটে, সে জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।’
দলীয় সূত্রে জানা যায়, সমাবেশে প্রতিটি সাংগঠনিক জেলাকে কমপক্ষে ১৫ হাজার নেতাকর্মী ও সমর্থক আনার লক্ষ্য বেঁধে দেওয়া হয়েছে।
রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক আমাদের সময়কে জানান, বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা যেভাবে পারছেন, রংপুরে আসছেন।
বাস ধর্মঘটের বিষয়ে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান বলেন, ‘ময়মনসিংহ ও খুলনার পর আমরা প্রায় নিশ্চিত ছিলাম বাস ধর্মঘট ডাকা হবে। সে অনুযায়ী আমাদের প্রস্তুতিও নেওয়া আছে।’
পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ আমাদের সময়কে বলেন, ‘এসব ধর্মঘট দিয়ে রাজনৈতিক দলের সমাবেশ ঠেকানো যায় না। আমার পঞ্চগড় থেকে ২০ হাজার নেতাকর্মী রংপুরের সমাবেশে যোগ দেব। ইতোমধ্যে ৫ হাজার নেতাকর্মী পৌঁছে গেছেন। আরও পাঁচ হাজার নেতাকর্মী পথে রয়েছেন। বাকিরাও সমাবেশের আগে পৌঁছে যাবেন।’
নীলফামারী জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার আমাদের সময়কে জানান, ‘এক হাজারের বেশি মোটরসাইকেল প্রস্তুত রয়েছে।’
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল জানান, ‘জেলার ১৩ থানার ২২টি ইউনিটের প্রায় ৬০ হাজার নেতাকর্মী প্রস্তুত। এর মধ্যে অনেক নেতাকর্মী রংপুর পৌঁছে গেছেন।’
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি মইনুল ইসলাম বলেন, গাইবান্ধার সাতটি উপজেলা থেকে অন্তত ২৫ হাজার নেতাকর্মী আগামীকালের গণসমাবেশে যোগ দেবেন।
গত বৃহস্পতিবার রাত ২টার দিকে ঠাকুরগাঁও থেকে আসা নেতাকর্মীরা মহানগরীর উত্তম বানিয়াপাড়া এলাকায় অবস্থান নিয়েছেন। প্রত্যন্ত অঞ্চল থেকে আসা কর্মী-সমর্থকরা নগরীর বিভিন্ন স্থানে অবস্থান করছেন। সরেজমিনে উত্তম বানিয়াপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, চারটি বড় বড় গুদামে নেতাকর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। ঘরের মেঝেতে কেউ চাদর বিছিয়ে শুয়ে আছেন, কেউ নিয়ে এসেছেন কম্বল। গুদামের ভেতর পাটের বস্তা বিছিয়ে শত শত নেতাকর্মীকে শুয়ে থাকতে দেখা গেছে। সেখানকার একটি খোলা জায়গায় ৭টি চুলায় রান্না হচ্ছে সবজি আর খিচুড়ি।










