নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জনবান্ধব ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছে। এই বাজেট বাস্তবায়িত হলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমবে এবং এর সুফল দেশের সব শ্রেণি-পেশার মানুষ ভোগ করবে।
শুক্রবার কক্সবাজারে প্রধানমন্ত্রীর আসন্ন সফরের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নিম্নবিত্ত, মধ্যবিত্তসহ সাধারণ মানুষের প্রয়োজন বিবেচনায় রেখে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, বাজেটে বিভিন্ন খাতে রাজস্বের চাপ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে, একই সঙ্গে রাজস্ব আয়ের পরিধি বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। এর ফলে সরকারের আয় বৃদ্ধি পাবে এবং উন্নয়ন কর্মকাণ্ডে আরও গতি আসবে।
আগামী শনিবার প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কক্সবাজার সফরকে ঘিরে জেলায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সফর উপলক্ষে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং দলীয় নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছেন।
সকালেই কক্সবাজার পৌঁছে স্বরাষ্ট্রমন্ত্রী নির্ধারিত অনুষ্ঠানস্থল, জনসভা মঞ্চ এবং নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও নিরাপদ করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সব কর্মসূচি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।
প্রধানমন্ত্রীর সফরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা, জনসভা এবং বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন, বিভিন্ন স্থাপনা ও প্রশাসনিক ইউনিটের উদ্বোধন এবং একটি বড় রাজনৈতিক সমাবেশে বক্তব্য প্রদান উল্লেখযোগ্য।
স্থানীয়দের মধ্যে সফরকে ঘিরে ব্যাপক আগ্রহ দেখা গেছে। তাদের আশা, এ সফরের মাধ্যমে কক্সবাজারের চলমান উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে যাবে এবং নতুন প্রকল্পের ঘোষণাও আসবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সফরের প্রতিটি কর্মসূচিকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য সংশ্লিষ্ট বিভাগ সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।