জানুয়ারিতে ব্যাংকের বাইরে নগদ অর্থ বেড়েছে
জিয়াদুল ইসলাম
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগের মাস জানুয়ারিতে ব্যাংকের আমানতে ছন্দপতন দেখা গেছে। ওই মাসে ব্যাংকগুলোতে আমানত কমেছে প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা। সেই সঙ্গে মানুষের মধ্যে নগদ অর্থ ধরে রাখার প্রবণতাও বেড়েছিল, যা অর্থনীতির স্বাভাবিক প্রবাহে সাময়িক চাপ তৈরি করে। যদিও এর আগে টানা কয়েক মাস ধরে ব্যাংক আমানত বাড়ছিল এবং নগদ অর্থের ব্যবহার কিছুটা কমে এসেছিল। খাত-সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনকেন্দ্রিক ব্যয় এবং ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে কিছুটা শঙ্কা- এই দুই কারণে মূলত অনেক ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠান ব্যাংক থেকে টাকা তুলে নগদে রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করেছেন। এ ছাড়া উচ্চ মূল্যস্ফীতির কারণেও অনেকে টাকা তুলে খরচ করেছেন। ফলে ব্যাংকের তারল্য ব্যবস্থাপনায় সাময়িক চাপ সৃষ্টি হয়।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে নানা অনিয়ম ও লুটপাটের কারণে গ্রাহকদের মধ্যে আস্থার সংকট বিরাজ করছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তা সামনে আসায় বেশ কয়েকটি ব্যাংকের প্রতি আস্থার সংকট তীব্র আকার ধারণ করেছিল। ফলে ব্যাংক থেকে টাকা তুলে হাতে রাখার প্রবণতা বৃদ্ধির পাশাপাশি নতুন আমানত আসাও কমে যায়। তবে সুদের হার বৃদ্ধিসহ অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কারমূলক নানা পদক্ষেপে আমানতকারীদের আস্থা বাড়তে শুরু করে। এর ইতিবাচক প্রভাবে টানা এক বছরের বেশি সময় ধরে ধারাবাহিকভাবে আমানত বাড়ে এবং মানুষের হাতে নগদ অর্থের পরিমাণ কমে আসে। কিন্তু ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে জানুয়ারিতে সেই ধারা সাময়িকভাবে ভেঙে যায়। ওই মাসে ব্যাংকের বাইরে মানুষের হাতে নগদ টাকা ধরে রাখার প্রবণতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে নতুন আমানত আসাও কমে যায়। এতে সার্বিক আমানতে ছন্দপতন ঘটেছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের সময়কে বলেন, নির্বাচনকে ঘিরে জানুয়ারিতে আমানত কমা এবং নগদ অর্থের চাহিদা বাড়া মূলত একটি সাময়িক প্রবণতা। এ সময় সাধারণত লেনদেনের ধরনে পরিবর্তন আসে এবং অনেকেই ব্যাংকের বাইরে নগদ ধরে রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে নির্বাচন-পরবর্তী সময়ে ব্যাংকের বাইরে নগদ অর্থ কমে আমানত প্রবাহ বাড়তে শুরু করেছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, ২০২৫ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে আমানতের পরিমাণ ছিল ১৯ লাখ ৭৩ হাজার ৯৫৭ কোটি টাকা। সেটি জানুয়ারিতে কমে
দাঁড়িয়েছে ১৯ লাখ ৬৭ হাজার ৩৯৩ কোটি টাকা। ফলে এক মাসের ব্যবধানে ব্যাংক খাতে আমনত কমেছে প্রায় ৬ হাজার ৫৬৪ কোটি টাকা। অথচ আগের মাস ডিসেম্বরেও আমানত বেড়েছিল প্রায় ২০ হাজার ৬৬২ কোটি টাকা। তার আগের মাস নভেম্বরে এই বৃদ্ধির গতি ছিল আরও বেশি। ওই মাসে আমানত বাড়ে প্রায় ২৯ হাজার ১৭৪ কোটি টাকা। এদিকে বার্ষিক হিসাবেও জানুয়ারিতে আমানতের প্রবৃদ্ধি কমে গেছে। গত ডিসেম্বরে যেখানে আমানতের বার্ষিক প্রবৃদ্ধি উঠেছিল ১১ দশমিক ১০ শতাংশে, জানুয়ারিতে তা কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৪৫ শতাংশে। অথচ নভেম্বরেও আমানতের বার্ষিক আমানতের প্রবৃদ্ধি হয়েছিল ১০ দশমিক ৮০ শতাংশ।
ব্যাংকের বাইরে নগদ অর্থ বেড়েছে : নির্বাচনকেন্দ্রিক ব্যয় ও ভীতি থেকে অনেকেই গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে নগদ টাকা তুলে হাতে রাখেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত বছরের নভেম্বর মাসে ব্যাংকের বাইরে থাকা নগদ অর্থের পরিমাণ ছিল ২ লাখ ৬৯ হাজার ১৮ কোটি টাকা, যা ডিসেম্বরে বেড়ে দাঁড়ায় ২ লাখ ৭৫ হাজার ৩৪৩ কোটি টাকা। চলতি বছরের জানুয়ারিতে তা আরও বেড়ে ২ লাখ ৮২ হাজার ৬২৬ কোটি টাকায় উন্নীত হয়েছে। অর্থাৎ দুই মাসে ব্যাংকের বাইরে নগদ টাকার পরিমাণ বেড়েছে প্রায় ১৩ হাজার ৬০৮ কোটি টাকা। এর মধ্যে জানুয়ারি মাসে বেড়েছে প্রায় ৭ হাজার ২৮৩ কোটি টাকা। এর আগে গত বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত টানা ৫ মাস ব্যাংকের বাইরে নগদ অর্থ কমেছিল। যেমন গত বছরের জুলাইয়ে ব্যাংকের বাইরে নগদ টাকার পরিমাণ ছিল ২ লাখ ৮৭ হাজার ২৯৪ কোটি টাকা, যা কমে আগস্টে ২ লাখ ৭৬ হাজার ৪৯৪ কোটি টাকা, সেপ্টেম্বরে ২ লাখ ৭৪ হাজার ৭২৪ কোটি টাকা, অক্টোবরে ২ লাখ ৭০ হাজার ৪৪৯ কোটি টাকা ও নভেম্বরে ২ লাখ ৬৯ হাজার ১৮ কোটি টাকায় নামে। যদিও তার আগে গত বছরের মে ও জুন মাসে ব্যাংকের বাইরে নগদ অর্থের পরিমাণ বেড়েছিল প্রায় ১৯ হাজার ৮৫ কোটি টাকা। এর মধ্যে কোরবানির ঈদের কারণে মে মাসে ১৬ হাজার ৪১২ কোটি টাকা ও জুন মাসে ২ হাজার ৬৭৩ কোটি টাকা বাড়ে। এ ছাড়া গত বছরে রোজার ঈদের কারণে মার্চ মাসে ব্যাংকের বাইরে নগদ অর্থ বেড়েছিল প্রায় ২৫ হাজার কোটি টাকা। তবে ওই বছরের এপ্রিলে মাসে আবার ব্যাংকের বাইরে নগদ অর্থ কমেছিল প্রায় ১৯ হাজার ৬৫ কোটি টাকা।











