এই যুদ্ধে ব্যবহৃত সমরাস্ত্র ও প্রযুক্তির আস্ফালন
যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরান
শামস বিশ্বাস
বর্তমান বিশ্বরাজনীতির সবচেয়ে উত্তপ্ত এবং বিপজ্জনক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্য। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে এই অঞ্চলের ভূ-রাজনৈতিক ল্যান্ডস্কেপ এক অভাবনীয়, ভয়ংকর এবং নতুন মোড় নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর যে নজিরবিহীন সামরিক আক্রমণ শুরু করে, সামরিক পরিভাষায় তার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন এপিক ফিউরি’। এই অভিযানের মধ্য দিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের মধ্যকার দীর্ঘদিনের ছায়াযুদ্ধ রূপ নিয়েছে এক সরাসরি এবং সর্বাত্মক সংঘাতে। এই সংঘাত কোনো প্রথাগত বা গতানুগতিক যুদ্ধ নয়, যেখানে লাখো পদাতিক সেনা ময়দানে মুখোমুখি লড়াই করবে। বরং একবিংশ শতাব্দীর এই যুদ্ধ পরিণত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, হাইপারসনিক গতি, লেজার রশ্মি, স্টেলথ প্রযুক্তি এবং ড্রোন সোয়ার্মের এক স্নায়ুক্ষয়ী লড়াইয়ে। আধুনিক প্রযুক্তির এই আস্ফালনে যুদ্ধের চিরাচরিত ব্যাকরণ পুরোপুরি বদলে গেছে। বিস্তারিত জানাচ্ছেন শামস বিশ্বাস
সংঘাতের শুরু
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানের ওপর নজিরবিহীন সামরিক আক্রমণের মূল লক্ষ্য ছিল ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম ধ্বংস করা, ব্যালিস্টিক মিসাইল সাইটগুলো নিশ্চিহ্ন করা এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)-এর নেতৃত্বকে দুর্বল করা।
প্রথম ১২ ঘণ্টাতেই প্রায় ৯০০টি সুনির্দিষ্ট বিমান ও মিসাইল হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন, যা এই সংঘাতকে এক চরম বিন্দুতে নিয়ে যায়। তবে ইরানও বসে থাকেনি; কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ও মিত্র ঘাঁটিগুলো লক্ষ্য করে শত শত ব্যালিস্টিক মিসাইল এবং আত্মঘাতী ড্রোন ছুড়ে পাল্টা জবাব দেয় তেহরান। পরিবর্তিত পরিস্থিতিতে মার্কিন-ইসরায়েলি যৌথ বাহিনীর মূল লক্ষ্য এখন ইরানের মিসাইল লঞ্চারগুলো ধ্বংস করা, যাতে মিত্রদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর স্টকপাইল শেষ না হয়ে যায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (IDF) দাবি অনুযায়ী, তারা ইতোমধ্যে ৩০০টিরও বেশি লঞ্চার ধ্বংস করেছে। অন্যদিকে, ইরান তার অসম যুদ্ধকৌশল বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের মাধ্যমে আক্রমণ চালিয়ে যাচ্ছে। প্রথম দিনগুলোতেই ইরান ইসরায়েলের দিকে প্রায় ১৫০-২০০টি, সংযুক্ত আরব আমিরাতের দিকে ১৪০টি এবং কাতারের দিকে ৬৩টি মিসাইল ছুড়েছে। ইরানের এই বিপুল পরিমাণ ড্রোন এবং মিসাইল মার্কিন ও মিত্রদের এয়ার ডিফেন্স সিস্টেমকে চরম চাপের মুখে ফেলেছে।
যুক্তরাষ্ট্রের অদৃশ্য ঢাল
এই সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে উন্নত এবং আধুনিক সামরিক প্রযুক্তি ব্যবহার করছে, যা তাদের সীমাহীন ফায়ারপাওয়ারের চূড়ান্ত প্রমাণ। তাদের আক্রমণের মূলভিত্তি হলো দূরপাল্লার নিখুঁত আঘাত এবং শত্রুর আকাশসীমায় অদৃশ্য থাকার সক্ষমতা।
দূরপাল্লার যমদূত : টমাহক ক্রুজ মিসাইল (Tomahawk Missiles) প্রথম ধাপের হামলায় মার্কিন নৌবাহিনী তাদের ডেস্ট্রয়ার জাহাজ (যেমন- ইউএসএস ডেলবার্ট ডি. ব্ল্যাক) এবং সাবমেরিন থেকে ঝাঁকে ঝাঁকে টমাহক ক্রুজ মিসাইল ফায়ার করে।
প্রযুক্তি ও সক্ষমতা : প্রায় ১,৬০০ কিলোমিটার দূরপাল্লার এই সাবসোনিক মিসাইল অত্যন্ত নিচ দিয়ে উড়ে যেতে পারে, ফলে রাডারে ধরা পড়া কঠিন। এটি লক্ষ্যে পৌঁছানোর জন্য জিপিএস-এর পাশাপাশি ‘টেরকম’ (TERCOM-Terrain Contour Matching) প্রযুক্তি ব্যবহার করে। অর্থাৎ, এটি নিচের ভূমিরূপ বা পাহাড়-পর্বতের মানচিত্র স্ক্যান করে নিজের পথ চিনে নিতে পারে।
নতুন ভ্যারিয়েন্ট : এই যুদ্ধে ব্যবহৃত টমাহকের ‘ব্লক ভি’ (Block V) ভ্যারিয়েন্টে অ্যান্টি-শিপ ক্যাপাবিলিটি যোগ করা হয়েছে, যা সমুদ্রে চলমান লক্ষ্যবস্তুকেও নিখুঁতভাবে ধ্বংস করতে পারে। মূলত ইরানের লিডারশিপ, মিসাইল সাইট এবং এয়ার ডিফেন্স ধ্বংস করতে এগুলো ব্যবহার করা হয়েছে।
পাতালভেদী দানব : বি-২ স্পিরিট এবং বাংকার-বাস্টার বোমা ইরানের সবচেয়ে সংবেদনশীল পারমাণবিক স্থাপনাগুলো (যেমন- ফোর্ডো এবং নাতানজ) মাটির অনেক গভীরে, পাহাড়ের নিচে অবস্থিত। সাধারণ বোমায় এগুলোর কোনো ক্ষতি করা সম্ভব নয়। এই অসাধ্য সাধনের জন্য যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে তাদের কুখ্যাত বাংকার-বাস্টার বোমা- এইট-৫৭ MOP (Massive Ordnance Penetrator)।
বোমার ক্ষমতা : এই জিপিএস-গাইডেড দানবাকৃতির বোমার ওজন প্রায় ৩০ হাজার পাউন্ড (১৩,৬০০ কিলোগ্রাম)। লম্বায় ৬.২ মিটার এবং ০.৮ মিটার ব্যাসের এই বোমা ভূপৃষ্ঠের ২০০ ফুট (প্রায় ৬১ মিটার) গভীরে এবং ৬০ ফুট পুরু সলিড কংক্রিট ভেদ করে ভেতরে ঢোকার পর বিস্ফোরিত হয়।
বি-২ স্পিরিট : এত বিশাল ওজনের বোমা বহন করার ক্ষমতা কেবল যুক্তরাষ্ট্রের ‘বি-২ স্পিরিট’ (B-2 Spirit) স্টেলথ বোমারু বিমানেরই রয়েছে। এটি সম্পূর্ণ রাডার ফাঁকি দেওয়া প্রযুক্তিতে তৈরি, যা নিঃশব্দে ইরানের আকাশসীমায় ঢুকে এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
প্রিসিশন স্ট্রাইক মিসাইল
প্রিসিশন স্ট্রাইক মিসাইল : এই যুদ্ধে প্রথমবার ইনক্রিমেন্ট-১ ভ্যারিয়েন্টের প্রিসিশন স্ট্রাইক মিসাইল ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। এটি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা হিমার্স এবং M270 লঞ্চার থেকে ছোড়া হয়। ৪৯৯ কিলোমিটারের বেশি রেঞ্জসম্পন্ন এই মিসাইল দিয়ে ইরানের ভ্রাম্যমাণ মিসাইল লঞ্চারগুলোকে অত্যন্ত নিখুঁতভাবে ধ্বংস করা হয়েছে।
JDAM : আকাশে আধিপত্য ধরে রাখতে মার্কিন নৌবাহিনীর এফ-১৮ সুপার হর্নেট এবং স্টেলথ ফাইটার এফ-৩৫ থেকে ফেলা হচ্ছে জেডিএএম (Joint Direct Attack Munition) বোমা। এটি মূলত একটি বিশেষ গাইডেন্স কিট, যা ৫০০ থেকে ২,০০০ পাউন্ড ওজনের সাধারণ অগাইডেড বোমাকে জিপিএস নিয়ন্ত্রিত স্মার্ট এবং প্রিসিশন-গাইডেড অস্ত্রে রূপান্তরিত করে।
সস্তার ড্রোন ‘লুকাস’ (LUCAS UAV) : রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের জবাব- আকর্ষণীয় বিষয় হলো, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রথমবার ‘লুকাস’ (Low-Cost Uncrewed Combat Attack System) ড্রোন ব্যবহার করেছে। এটি মূলত ইরানের তৈরি বিখ্যাত ‘শাহেদ-১৩৬’ আত্মঘাতী ড্রোনকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে বানানো। মাত্র ৩৫ হাজার ডলার মূল্যের এই সাশ্রয়ী ড্রোনগুলো ৮০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে ৫০ কেজি ওয়ারহেড নিয়ে আছড়ে পড়তে পারে। এটি প্রমাণ করে যে, ব্যয়বহুল যুদ্ধের ময়দানে এখন সস্তা এবং ‘ওয়ান-ওয়ে অ্যাটাক’ ড্রোনও কৌশলগতভাবে কতটা গুরুত্বপূর্ণ।
ইসরায়েলের ‘লৌহবর্ম’ ও সমরাস্ত্র
‘অপারেশন এপিক ফিউরি’ নামের এই যৌথ অভিযানে ইসরায়েল শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করেই বসে নেই। নিজস্ব প্রযুক্তি এবং উদ্ভাবনের মাধ্যমে ইসরায়েল এমন এক সামরিক ইকোসিস্টেম তৈরি করেছে, যা একই সঙ্গে আত্মরক্ষামূলক এবং চরম আক্রমণাত্মক। ইসরায়েলি সামরিক কৌশল মূলত দুটি পিলারের ওপর দাঁড়িয়ে আছে- দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা (Air Defense) এবং শত্রুর রাডার ফাঁকি দিয়ে বিদ্যুৎগতির আক্রমণ।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) এই যুদ্ধে প্রমাণ করেছে যে, তারা শুধু ফিলিস্তিনের হামাস বা লেবাননের হিজবুল্লাহর মতো গোষ্ঠী নয়, বরং ইরানের মতো শক্তিশালী রাষ্ট্রের প্রথাগত সামরিক বাহিনীর বিরুদ্ধেও সমানভাবে কার্যকর।
অদৃশ্য শিকারি এফ-৩৫আই আদির
ইরানের অভ্যন্তরে ঢুকে নিখুঁত আক্রমণ চালানোর ক্ষেত্রে ইসরায়েলের তুরুপের তাস হলো যুক্তরাষ্ট্রের তৈরি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার ফ্যালকন এফ-৩৫ এর বিশেষ সংস্করণ- ‘আদির’।
আক্রমণের ব্যাপকতা : এই যুদ্ধে ইসরায়েলি এফ-৩৫ ফাইটারগুলো ইরানের রাডার ব্যবস্থাকে সম্পূর্ণ ফাঁকি দিয়ে আকাশসীমায় প্রবেশ করে এবং অন্তত ৫০০টিরও বেশি ইরানি সামরিক ও কৌশলগত লক্ষ্যে সফলভাবে আঘাত হানে।
প্রযুক্তিগত উৎকর্ষ : ইসরায়েলই বিশ্বের একমাত্র দেশ, যাদের যুক্তরাষ্ট্রের বাইরে এই বিমানে নিজস্ব ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং সমরাস্ত্র যুক্ত করার বিশেষ অনুমতি রয়েছে। এই ফাইটারগুলো আকাশ থেকে জেডিএএম (PGM) এবং অন্যান্য প্রিসিশন-গাইডেড মিউনিশন (JDAM) নিক্ষেপ করে তেহরানের কাছাকাছি এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এবং অন্তত ১৬টি ইরানি সামরিক বিমান মাটিতে থাকা অবস্থাতেই ধ্বংস করে দেয়।
আকাশ থেকে ধেয়ে আসা ব্লু স্প্যারো
ইসরায়েল এই যুদ্ধে এক অভিনব কৌশল হিসেবে ‘এয়ার-লঞ্চড ব্যালিস্টিক মিসাইল’ বা বিমান থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো স্প্যারো ফ্যামিলির ‘ব্লু স্প্যারো’।
কৌশলগত সুবিধা : সাধারণত ব্যালিস্টিক মিসাইল ভূমি থেকে ছোড়া হয়, কিন্তু যুদ্ধবিমান থেকে এই মিসাইল ছোড়ার ফলে ইরান আগে থেকে কোনো সতর্কবার্তা পাওয়ার সুযোগ পায়নি। এটি ইসরায়েলকে দূরপাল্লার আক্রমণের ক্ষেত্রে একটি দুর্দান্ত ‘সারপ্রাইজ এলিমেন্ট’ বা চমক উপহার দিয়েছে।
রেঞ্জ ও সক্ষমতা : মাঝারি পাল্লার এই মিসাইলটির রেঞ্জ প্রায় ১,২৪০ কিলোমিটার। এটি আকাশে ছোড়ার পর শত্রুর রাডারে রাশিয়ান স্কাড (Scud) মিসাইলের মতো বিভ্রান্তি তৈরি করতে পারে, যা ইরানের আকাশ প্রতিরক্ষাকে ফাঁকি দিতে দারুণভাবে সাহায্য করেছে। (উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের এপ্রিলের আক্রমণগুলোতেও এটি ব্যবহৃত হয়েছিল)।
ইসরায়েলের ত্রিস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
ইরানের ছোড়া শত শত ব্যালিস্টিক মিসাইল এবং হাজার হাজার ড্রোন ঠেকাতে ইসরায়েল বিশ্বের সবচেয়ে আধুনিক এবং বহুমুখী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে। এটি মূলত তিনটি স্তরে কাজ করে :
প্রথম স্তর (আয়রন ডোম) : স্বল্পপাল্লার বা ৪ থেকে ৭০ কিলোমিটার রেঞ্জের রকেট এবং ধীরগতির আত্মঘাতী ড্রোন ঠেকাতে এই সিস্টেমটি ব্যবহৃত হয়।
দ্বিতীয় স্তর (ডেভিডস স্লিং) : মাঝারি পাল্লার বা ৪০ থেকে ৩০০ কিলোমিটার রেঞ্জের ভারী রকেট এবং ক্রুজ মিসাইল ধ্বংস করার জন্য ‘ডেভিডস স্লিং’ (David’s Sling) কাজ করে।
তৃতীয় স্তর (অ্যারো-৩) : ইরানের ছোড়া দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল (যাদের রেঞ্জ ২,০০০ কিলোমিটারেরও বেশি) ঠেকাতে ব্যবহৃত হয় অ্যারো-৩ (Arrow 3)। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এটি এক্সো-অ্যাটমোস্ফেরিক (Exo-atmospheric) ইন্টারসেপশন করতে পারে। অর্থাৎ, পারমাণবিক বা ধ্বংসাত্মক ওয়ারহেডবাহী মিসাইল পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার আগেই, মহাকাশেই তাকে চূর্ণবিচূর্ণ করে দেয়।
আয়রন বিম লেজার
ইসরায়েলের ত্রিস্তরীয় প্রতিরক্ষা অত্যন্ত কার্যকর হলেও এর একটি বড় দুর্বলতা হলো খরচ। একটি আয়রন ডোম ইন্টারসেপ্টরের দাম কয়েক হাজার ডলার, আর অ্যারো-৩ এর দাম মিলিয়ন ডলারে গিয়ে ঠেকে। ইরানের সস্তা ড্রোনের বিপরীতে এত দামি ইন্টারসেপ্টর ছোড়া অর্থনৈতিকভাবে টেকসই নয়।
লেজার রশ্মির আঘাত : এর মোক্ষম জবাব হিসেবে ইসরায়েল যুদ্ধে যুক্ত করেছে ডাইরেক্টেড এনার্জি ওয়েপন (DEW) বা লেজার অস্ত্র- ‘আয়রন বিম’। এটি ১০০ কিলোওয়াটের শক্তিশালী হাই-এনার্জি লেজার রশ্মি নিক্ষেপ করে শর্ট-রেঞ্জের ড্রোন এবং রকেট আকাশেই পুড়িয়ে দেয়।
অবিশ্বাস্য সাশ্রয় : ২০২৫ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে অপারেশনাল হওয়া এই সিস্টেমটির সবচেয়ে বড় সুবিধা হলো, এর প্রতিটি ফায়ারের (Shot) খরচ মাত্র ২ ডলার! আয়রন ডোমের সঙ্গে ইন্টিগ্রেটেড এই সিস্টেম আধুনিক যুদ্ধের সমীকরণ পুরোপুরি পাল্টে দিয়েছে।
জেরিকো মিসাইল ফ্যামিলি
ইরানের হাতে থাকা ‘খেইবার শেকান’-এর মতো হাইপারসনিক মিসাইলের জবাব দেওয়ার জন্য ইসরায়েলের হাতে রয়েছে তাদের নিজস্ব হাইপারসনিক-স্টাইল মিসাইল ‘জেরিকো’। এটি জেরিকো ফ্যামিলির অংশ, যা হাইপারসনিক স্পিডে (শব্দের চেয়ে বহুগুণ বেশি গতিতে) লক্ষ্যবস্তুর দিকে ছুটে যায়। এর রেঞ্জ ৫,০০০ কিলোমিটারেরও বেশি, যার ফলে ইসরায়েলের মাটি থেকেই ইরানের যেকোনো প্রান্তের ভূগর্ভস্থ ঘাঁটিতে নিখুঁত এবং ধ্বংসাত্মক আঘাত হানা সম্ভব। ইসরায়েলের এই আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক উভয় কৌশলের পেছনে যুক্তরাষ্ট্রের অবিরাম সহায়তা কাজ করছে। এই যুদ্ধ চলাকালেই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মজুদ থেকে ইসরায়েলকে ১,০০০-পাউন্ড বোম্ব বডিসহ প্রায় ৬৫০ মিলিয়ন ডলারের মিউনিশন বা সমরাস্ত্র সরবরাহ করেছে, যা ইসরায়েলের যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
ইরানের আর্সেনাল গতির মিসাইল ও ড্রোন
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অত্যাধুনিক আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক সমরাস্ত্রের বিপরীতে এই প্রতিরোধের লড়াইয়ে ইরানও কোনো অংশে পিছিয়ে নেই। তারা পাল্টা জবাব শুরু করেছে ‘অপারেশন ট্রু প্রমিস-৪’ (Operation True Promise 4) দিয়ে। দশকের পর দশক ধরে পশ্চিমা অবরোধ ও কঠোর নিষেধাজ্ঞার ভেতরে থেকেও ইরান নিজেদের সামরিক শিল্পকে এক অভাবনীয় উচ্চতায় নিয়ে গেছে। মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময় মিসাইলভাণ্ডারটি এখন তাদের হাতে। ইরানের সামরিক কৌশলের মূলভিত্তি হলো- অ্যাসিমেট্রিক বা অসম যুদ্ধকৌশল। তারা জানে প্রথাগত বিমানবাহিনী দিয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে পেরে ওঠা সম্ভব নয়। তাই তারা অত্যাধুনিক প্রতিরক্ষাকে ফাঁকি দিতে মূলত সংখ্যাধিক্য (Swarm tactics) এবং গতির ওপর নির্ভর করছে। ২০২৬ সালের মার্চ মাসের হিসাব অনুযায়ী, ইরানের মিসাইল আর্সেনালে প্রায় আড়াই হাজার (২,৫০০) কার্যকর মিসাইল প্রস্তুত রয়েছে (যদিও তাদের সর্বমোট মজুত ৬,০০০ থেকে ৮,০০০ বলে ধারণা করা হয়)। এর মধ্যে তাদের সবচেয়ে বড় শক্তি হলো ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের বৈচিত্র্য।
ফাত্তাহ ও খেইবার শেকান
ইসরায়েলের ‘অ্যারো’ বা ‘ডেভিডস স্লিং’ সিস্টেমকে ফাঁকি দেওয়ার জন্য ইরান তাদের সবচেয়ে আধুনিক ব্যালিস্টিক মিসাইলগুলো মাঠে নামিয়েছে।
ফাত্তাহ (Fattah) : এটি ইরানের নিজস্ব হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। এটি শব্দের চেয়ে ৫ থেকে ১৫ গুণ বেশি গতিতে (ম্যাক ৫ থেকে ম্যাক ১৫ বা ঘণ্টায় প্রায় ৬,১৭০ থেকে ১৮,৫১০ কিলোমিটার) ছুটতে পারে। এর সবচেয়ে ভয়ংকর দিক হলো, এটি বায়ুমণ্ডলের ভেতরে এবং বাইরে নিজস্ব গতিপথ পরিবর্তন করতে পারে, ফলে রাডারে এর গতিপথ আগে থেকে অনুমান করা যায় না।
খেইবার শেকান (Kheibar Shekan) : এটি একটি সলিড-ফুয়েল (কঠিন জ্বালানি) চালিত মাঝারি পাল্লার (১,৪৫০ কিমি) মিসাইল। এতে ৫০০ কিলোগ্রামের ওয়ারহেড এবং ম্যানুভারেবল রিএন্ট্রি ভেহিকেল (MaRV) যুক্ত রয়েছে, যা অ্যান্টি-মিসাইল সিস্টেমকে পাশ কাটাতে সক্ষম।
সেজ্জিল ও শাহাব-৩ : ভার্টিক্যাল বা খাড়া লঞ্চ সিস্টেম থেকে ছোড়া হয় ২,০০০ কিমি পাল্লার সলিড-ফুয়েল মিসাইল ‘সেজ্জিল’ (Sejjil) এবং ১,৩০০ কিমি পাল্লার লিকুইড-ফুয়েল মিসাইল ‘শাহাব-৩’ (Shahab-3) । তরল জ্বালানির তুলনায় সলিড-ফুয়েল মিসাইল যেকোনো সময় খুব দ্রুত উৎক্ষেপণ করা যায় বলে এগুলো বেশি কার্যকর।
লো-অলটিটিউড ক্রুজ মিসাইল
ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি ইরানের হাতে রয়েছে শক্তিশালী ক্রুজ মিসাইল, যেগুলো টার্বোজেট বা টার্বোফ্যান ইঞ্জিন ব্যবহার করে এবং রাডার এড়ানোর জন্য ভূপৃষ্ঠের খুব নিচ দিয়ে (Low-altitude flight) উড়ে যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো রাশিয়ান L-55 এর আদলে তৈরি ‘সৌমার’ (Soumar), যার রেঞ্জ ২,০০০ থেকে ৩,০০০ কিলোমিটার।
এ ছাড়া রয়েছে সৌমারের ভ্যারিয়েন্ট ‘হোভেয়জেহ’ (১৩৫০ কিমি), ‘পাভেহ’ (১৬৫০ কিমি) এবং ৭০০ কিমি রেঞ্জের ‘য়া-আলি’। ‘রা’দ’ (Ra’ad) মিসাইলটি একই সঙ্গে ল্যান্ড-অ্যাটাক এবং অ্যান্টি-শিপের জন্য ব্যবহার করা যায়।
ড্রোন সোয়ার্ম এবং শাহেদ-১৩৬
আধুনিক যুদ্ধের ব্যাকরণ অনেকটাই বদলে দিয়েছে ইরানের তৈরি সাশ্রয়ী মূল্যের ড্রোন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধেও বিশ্ববাসী এর ধ্বংসাত্মক রূপ দেখেছে।
সস্তার অস্ত্র, চরম আঘাত : শাহেদ-১৩৬ (Shahed-136) মূলত একটি ‘লোয়টারিং মিউনিশন’ বা আত্মঘাতী ড্রোন। এর রেঞ্জ ২,০০০ কিলোমিটার এবং এটি ৫০ কিলোগ্রাম বিস্ফোরক বহন করতে পারে।
সোয়ার্ম বা ঝাঁক কৌশল (Depletion Strategy) : একটি শাহেদ ড্রোনের দাম মাত্র ৩৫ হাজার ডলার। ইরান একসঙ্গে শত শত ড্রোন ছুড়ে ইসরায়েলের মিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত বা নিঃশেষ করে দেওয়ার কৌশল গ্রহণ করেছে। ডিফেন্স সিস্টেম যখন এই সস্তা ড্রোন ঠেকাতে ব্যস্ত থাকে, ঠিক তখনই পেছনের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলগুলো সহজে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সুযোগ পায়।
৪. অব্যবহৃত তুরুপের তাস : ‘আবু মাদি’ ও মিসাইল সিটি
এআই-গাইডেড অ্যান্টি-শিপ মিসাইল : আরব সাগরে থাকা মার্কিন রণতরির জন্য সবচেয়ে বড় হুমকি হলো ইরানের অ্যান্টি-শিপ মিসাইল ‘আবু মাদি’ (Abu Mahdi)। ১,০০০ কিলোমিটার পাল্লার টার্বোজেট-পাওয়ার্ড এবং এআই-গাইডেড এই মিসাইলটি ইরান এখনও ব্যবহার করেনি। ইরান তাদের সবচেয়ে উন্নত অস্ত্রগুলো এখনও ভবিষ্যতের জন্য সংরক্ষণ করছে বলে সামরিক বিশ্লেষকরা মনে করছেন।
ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ : ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শক্তিশালী বাংকার-বাস্টার বোমার হাত থেকে নিজেদের সমরাস্ত্র বাঁচাতে ইরান পাহাড়ের গভীরে শত শত মিটার নিচে বিশাল সুড়ঙ্গপথ বা ‘আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি’ তৈরি করেছে। এসব ভূগর্ভস্থ ঘাঁটিতে তাদের মিসাইল ও ড্রোনগুলো লঞ্চপ্যাডসহ প্রস্তুত থাকে। নিজস্ব আকাশ প্রতিরক্ষা ‘বভার-৩৭৩’ (Bavar-373) দিয়ে এই সাইটগুলো সুরক্ষিত রাখা হয়েছে।
ইরানের কৌশল পরিষ্কার- তারা ধৈর্য ধরে নিজেদের বিশাল আর্সেনাল ব্যবহার করে মার্কিন-ইসরায়েলি ইন্টারসেপ্টর স্টকপাইল শেষ করতে চায়। এই লড়াইয়ে তাই শুধু প্রযুক্তি নয়, বরং কার সমরাস্ত্রের মজুদ কত বেশি, সেটিও একটি বড় নিয়ামক হয়ে উঠেছে।
অদৃশ্য ইলেকট্রনিক ও সাইবার যুদ্ধ
২০২৬ সালের এই মহাযুদ্ধে আকাশে ছোড়া মিসাইল বা বোমার চেয়েও ভয়ংকর এক লড়াই চলছে, যা চোখে দেখা যায় না। আধুনিক যুদ্ধ কেবল স্পেস বা ভূমিতে সীমাবদ্ধ নেই; এটি এখন গড়িয়েছে স্পেকট্রাম এবং সার্ভারে।
স্পেকট্রামের লড়াই : ইএ-১৮জি গ্রাউলার (EA-18G Growler)
যেকোনো বিমান হামলার আগে শত্রুকে ‘অন্ধ’ করে দেওয়া আধুনিক সামরিক কৌশলের প্রথম শর্ত। এই কাজে যুক্তরাষ্ট্র ব্যবহার করছে তাদের বিশেষায়িত যুদ্ধবিমান ‘ইএ-১৮জি গ্রাউলার’। এর কাজ বোমা ফেলা নয়, বরং রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে শত্রুর রাডার এবং যোগাযোগব্যবস্থাকে জ্যাম (Jamming) করে দেওয়া। ইরানের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (যেমন- বভার-৩৭৩) যাতে মার্কিন বা ইসরায়েলি স্টেলথ ফাইটারগুলোকে শনাক্ত করতে না পারে, সে জন্য গ্রাউলার বিমানগুলো স্পেকট্রাম জ্যামিংয়ের মাধ্যমে এক অদৃশ্য ঢাল তৈরি করে।
স্টাক্সনেটের ভূত ও আধুনিক সাইবার হামলা : এক দশকেরও বেশি সময় আগে ‘স্টাক্সনেট’ (Stuxnet) নামের ভাইরাসের মাধ্যমে ইরানের সেন্ট্রিফিউজ ধ্বংস করার পর থেকে সাইবার যুদ্ধ এই সংঘাতের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। বর্তমান সংঘাতে উভয় পক্ষই হ্যাকিংয়ের মাধ্যমে অপর পক্ষের গুরুত্বপূর্ণ অবকাঠামো অচল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিদ্যুৎ গ্রিড, রাডার ব্যবস্থা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং ব্যাংকিং খাতকে সাইবার হামলার মাধ্যমে বিকল করে দেওয়ার এই স্নায়ুযুদ্ধ মিসাইল হামলার চেয়ে কোনো অংশে কম ধ্বংসাত্মক নয়।
বৈশ্বিক সমরাস্ত্র সংকট
এই সংঘাতের সবচেয়ে বড় প্রভাব পড়ছে বিশ্বের অস্ত্র মজুদ বা স্টকপাইলের (Stockpile) ওপর।
ইন্টারসেপ্টর সংকট : ইরানের সস্তা ড্রোনের সোয়ার্ম এবং শত শত মিসাইল ঠেকাতে গিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মিলিয়ন ডলার মূল্যের ইন্টারসেপ্টর (যেমন- প্যাট্রিয়ট, অ্যারো-৩) দ্রুত ফুরিয়ে আসছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য মতে, তারা ইতোমধ্যে ২,০০০টিরও বেশি ইরানি লক্ষ্যের বিপরীতে বিপুল পরিমাণ মিউনিশন ব্যবহার করেছে। এই স্টকপাইল ফুরিয়ে যাওয়ার আশঙ্কা যুদ্ধকে দীর্ঘায়িত করতে পারে এবং এশিয়া ও ইউরোপের অন্যান্য সংঘাতে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এর মোকাবিলায় মার্কিন ট্রাম্প প্রশাসন অস্ত্র উৎপাদন চারগুণ বাড়ানোর ঘোষণা দিয়েছে।
চীন ও রাশিয়ার পর্যবেক্ষণ : পরাশক্তি চীন ও রাশিয়া নিবিড়ভাবে এই সংঘাত পর্যবেক্ষণ করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অস্ত্রগুলো কীভাবে কাজ করছে এবং তাদের দুর্বলতা কোথায়, তা বিশ্লেষণ করছে তারা। অন্যদিকে, ইরানের সস্তা ড্রোন এবং অ্যাসিমেট্রিক যুদ্ধকৌশল ভবিষ্যৎ যুদ্ধের একটি নতুন মডেল হিসেবে আবির্ভূত হতে পারে বলে সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন।
সম্ভাব্য পরিণতি ও শঙ্কা
যুক্তরাষ্ট্র-ইসরায়েল এবং ইরানের এই লড়াই এখন আর প্রক্সি বা ছায়াযুদ্ধে সীমাবদ্ধ নেই।
অর্থনৈতিক স্থবিরতার শঙ্কা : যদি এই স্নায়ুযুদ্ধ একটি সর্বাত্মক যুদ্ধে রূপ নেয়, তবে এর পরিণতি হবে ভয়াবহ। হরমুজ প্রণালি, যা দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়, তা বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতি মুহূর্তের মধ্যে স্থবির হয়ে পড়বে।
পারমাণবিক অস্ত্র বা নিউক্লিয়ার ব্রেকআউট : সবচেয়ে বড় ভয়ের কারণ হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। অস্তিত্বের সংকটে পড়লে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির চূড়ান্ত ধাপে (Nuclear Breakout) চলে যায়, তবে মধ্যপ্রাচ্যে এমন এক ধ্বংসলীলা শুরু হবে, যার আঁচ থেকে গোটা বিশ্ব রক্ষা পাবে না।
রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তন : মার্কিন-ইসরায়েলি লক্ষ্য শুধু সামরিক স্থাপনা ধ্বংসেই সীমাবদ্ধ নেই, তারা ইরানের ‘রেজিম চেঞ্জ’ বা সরকার পরিবর্তনেরও স্বপ্ন দেখছে। কিন্তু ইরানের বিশাল সামরিক অবকাঠামো এবং রেভল্যুশনারি গার্ডের (IRGC) বিস্তৃতির কারণে তা অর্জন করা অত্যন্ত কঠিন।











