জিতেও বিদায় পাকিস্তানের, সেমিতে নিউজিল্যান্ড
ক্রীড়া প্রতিবেদক : ম্যাচ শেষের দৃশ্যটাই বলে দিচ্ছিল সব কথা। জয় এসেছিল, কিন্তু উচ্ছ্বাস আসেনি। দাসুন শানাকা হাঁটুতে ভর দিয়ে বসে পড়লেন হতাশায়, আর পাকিস্তান শিবিরে নীরবতা; কারণ পাঁচ রানের জয় যথেষ্ট ছিল না। সেমিফাইনালে যেতে দরকার ছিল কঠিন এক সমীকরণের পূরণ।
পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ রানের জয়ে রান রেটে পিছিয়ে পড়েই বিদায় নিশ্চিত হয় পাকিস্তানের। টানা তিন জয়ে গ্রুপ টুয়ে আগেই সেরা হয়ে সেমিতে নাম লেখায় ইংল্যান্ড। এবার তাদের সঙ্গী নিউজিল্যান্ড।
তিন ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের সমীকরণ সমান। এক জয়, এক হার, এক পরিত্যক্ত; পয়েন্ট সমান ৩। তবে নেট রান রেটে পাকিস্তানকে (-০.১২৩) পেছনে ফেলে শেষ চারের টিকিট নিশ্চিত হয় নিউজিল্যান্ডের (১.৩৯০)।
পাল্লেকেলেতে আগে ব্যাট করে পাকিস্তান তোলে ২১২ রান। হিসাব ছিল স্পষ্ট; শ্রীলঙ্কাকে ১৪৭ রানের মধ্যে আটকে রাখতে পারলে মিলত শেষ চারের টিকিট। কিন্তু লঙ্কানরা ২০ ওভার খেলেই ৬ উইকেটে করে ২০৭ রান। ম্যাচ জিতেও তাই অপূর্ণ থেকে যায় পাকিস্তানের স্বপ্ন।
এক সময় লড়াইয়ে ফেরার আভাস ছিল। শ্রীলঙ্কার ১০০ রানের আগেই ৫ উইকেট পড়ে গেলে সমীকরণ আবার পাকিস্তানের দিকে ঝুঁকে যায়। কিন্তু প্রবান রত্নায়েকে ৩৭ বলে ৫৮ রানের দায়িত্বশীল ইনিংসে সেই সম্ভাবনায় জল ঢেলে দেন। এরপর শানাকার আগ্রাসী ব্যাটিং ম্যাচ প্রায় জিতিয়েই দিচ্ছিল লঙ্কানদের। শেষ ওভারে দরকার ছিল ২৮ রান; চার ও টানা তিন ছক্কায় নাটক জমিয়ে তুললেও শেষ দুই বলে ব্যাটে বলে মিল হয়নি।
এর আগে পাকিস্তানের শুরু ছিল রেকর্ডগড়া। সাহিবজাদা ফারহান ও ফখর জামানের ১৭৬ রানের উদ্বোধনী জুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। ফখর ৮৪ রানে থামলেও ফারহান করেন ঝকঝকে সেঞ্চুরি, ভাঙেন একাধিক রেকর্ড। তবে দুর্দান্ত শুরুর পরও শেষ চার ওভারে ৭ উইকেট হারিয়ে পাকিস্তান বুঝে যায় জয় এসেছে, কিন্তু সেমিফাইনাল নয়।











