নবীনগরে পুলিশ হেফাজতে যুবক নিহতের অভিযোগ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চুরির অভিযোগে গ্রেফতার হওয়া আব্দুল্লাহ (২৩) পুলিশ হেফাজতে নিহত হয়েছেন। রবিবার ২৮ সেপ্টেম্বর রাতে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে মৃত্যুবরণ করেন। আর শনিবার (২৭ সেপ্টেম্বর) দিনের বেলা ছলিমগঞ্জ পুলিশ বাড়াইল গ্রামে থেকে আব্দুল্লাহকে গ্রেফতার করে। নিহত আব্দুল্লাহ বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়নের বাহেরচর গ্রামের আবুল মিয়ার ছেলে। এলাকাবাসীর অভিযোগ শনিবার রাতে ফাঁড়িতে তাকে জিজ্ঞাসাবাদের সময় নির্যাতন চালানো হয়।
পুলিশ জানায়, কয়েকদিন আগে বাড়াইল গ্রামের তবির মিয়ার বাড়িতে প্রায় ৫ লাখ টাকা চুরি হয়। এ ঘটনায় নবীনগর থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়। এরই সূত্র ধরে দুই দিন আগে পুলিশ মাসুদ রানা (৩০) ও বাবু মিয়া (২৩) নামে দুজনকে আটক করে। যদিও অভিযোগ রয়েছে তিনজনকে একই সাথে গ্রেফতার করা হয় দুইজনকে চালান করা হয় একজনকে চালান করা হয়নি। পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা তার শ্যালক আব্দুল্লাহকে মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করে। এর জের ধরে শনিবার দুপুরে বাড়াইল গ্রামের মাসুদ রানার ভাড়া বাসার সামনে স্থানীয় লোকজন আব্দুল্লাহকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে সলিমগঞ্জ পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। অভিযোগ উঠেছে, আহত অবস্থায় তাকে পেলে শনিবারে গ্রেপ্তার হলে শনিবার রাত গেল রবিবার দিন গেল বিকেলে কেন তাকে হাসপাতালে পাঠানো হলো। তাহলে কি থানায় পুলিশের নির্যাতনেই আব্দুল্লাহর নিহত হয়? পরে পুলিশ বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য তড়িঘড়ি করে পরেরদিন রোববার বিকেলে তার অবস্থার অবনতি হলে আব্দুল্লাহ কে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আব্দুল্লাহর মা জোসনা বেগম বলেন- “আমার ছেলে অপরাধী হলে আইনের মাধ্যমে শাস্তি দিত, এ ভাবে জীবন দিতে হবে কেন” ? পুলিশের হেফাজতে আমার ছেলের মৃত্যুর বিচার চাই।
এ ঘটনায় নিহতের ছোট ভাই সাকিল মিয়া বাদী হয়ে (২৯সেপ্টেম্বর) নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ছলিমগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মো. মহিউদ্দিন,তবি মিয়া,আলামিন,আয়নাল হক সহ চারজনের নাম উল্লেখ করে আরও ২০–২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা সম্মিলিতভাবে আব্দুল্লাহকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন এবং পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেন।
আব্দুল্লাহর মৃত্যুর পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে আজ (২৯ সেপ্টেম্বর) সকালে সলিমগঞ্জ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন করে । উত্তেজনা বাড়তে থাকায় প্রশাসন ফাঁড়িটি বন্ধ করে দেয় এবং সেনা মোতায়েন করে। এলাকাবাসীর প্রত্যাশা স্বচ্ছ তদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ দ্রুত উদঘাটন করা হোক।
এই ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, চুরির মামলার সঙ্গে জড়িত আব্দুল্লাহ কে জনতা গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। রবিবার দুপুরে তার অবস্থার অবনতি হলে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রকৃত অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার এহতেশামুল হক জানান,লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, গুরুত্ব সহকারে ঘটনা তদন্ত চলছে।











