আওয়ামী লীগের হাতে দেশ নিরাপদ নয়॥ বিএনপি’র সাফ কথা হাসিনার অধীনে কোন পাতানো নির্বাচনে যিাবে না : মির্জা ফখরুল
হারুন উর রশিদ সোহেল : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি একটি নির্বাচনমূখী দল। তাই অবশ্যই নির্বাচনে অংশ নেবে। তবে তার আগে সংসদ ভেঙ্গে দিতে হবে, মন্ত্রী-এমপিদের পদত্যাগ করতে হবে। ভোট হতে হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তত্ত্বাবধায়ক ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না। সাফ কথা বিএনপি অবশ্যই নির্বাচেন যাবে তবে ভোট চোর স্বৈরাচার হাসিনার অধীনে কোন পাতানো নির্বাচনে যাবে না, যাবে না।
গতকাল শনিবার রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিভাগীয় বিএনপি আয়োজিত গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশে কোন জঙ্গি নেই। এটা আওয়ামী লীগের সাজানো অস্ত্র নির্বাচনী প্রচারনায়। যা গত কয়েকদিন ধরে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা বলছেন। কিন্তুু এবার জঙ্গিবাদ অস্ত্র আর কাজে আসবে না।
গতকাল শনিবার দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও পৌনে ১২টায় কোরআন তিলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে গণসমাবেশের কার্যক্রম শুরু হয়। মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু এবং মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. মাহফুজ উন নবী ডনের যৌথ সঞ্চলানায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু ,বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক ও সৈয়দ জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, কৃষক দলের মহাসচিব শহিদুল ইসলাম (বাবুল), ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনোকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ জুয়েল, রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. মাহফুজ উন নবী ডন, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পদক বখতিয়ার আহমেদ কচি, গাইবান্ধা জেলার সভাপতি ডা. মাইনুল হক সাদিক, কুড়িগ্রাম জেলার সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, পঞ্চগড় জেলার সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বিএনপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার রাজিব প্রধান, অধ্যাপক আমিনুল ইসলাম, সৈয়দপুর রাজনৈতিক জেলার সভাপতি আব্দুল গফুর, ঠাকুরগাও জেলার নেতা তৈয়মুর আলম, ঠাকুরগাও পৌরসভার সাবেক মেয়র মির্জা ফয়সল, রংপুর মহানগর মহিলা দলের সভাপতি এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সি, সাধারণ সম্পাদক আরজানা বেগম, মহানগর কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমন, জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুল, সাধারণ সম্পাদক শরীফ নেওয়াজ জোহা, ওলামা দলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মাও: ইনামুল হক মাজেদী প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও কেন্দ্রীয়, বিভাগীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। কোরআন তেলওয়াত করেন মহানগর ওলামা দলের ভারপ্রাপ্ত আহবায়ক হাফেজ নুরুল হক শাহ।
মির্জা ফখরুল বলেন, বিএনপি ১৫ বছর ধরে ক্ষমতার বাহিরে। দলের চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মামলায় কারারুদ্ধ করে রাখা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। বিদেশে যেতে দেয়া হচ্ছে না। আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্যাতন করা হয়েছে। তাঁকে বিদেশ থেকে ফিরতে দিচ্ছে না। সারাদেশে দলের নেতাকর্মী-সমর্থকদের নির্যাতন করা হচ্ছে, অনেককে খুন-গুম করা হয়েছে। অনেকই বাড়িঘর ছাড়া। দেশের আলেম-ওলামা ও হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন করা হচ্ছে। গ্রেফতার করা হচ্ছে। তাই ভোট চোর এই আওয়ামী লীগের হাতে দেশ নিরাপদ নয়। তারা দেশকে ধ্বংস করে দিচ্ছে, দেশের মানুষকে চিবিয়ে খাচ্ছে, গণতন্ত্র ও মানুষের অধিকারকে ধ্বংস করছে। তাই এদের আর ক্ষমতায় থাকতে দেয়া যাবে না। আজ এই রংপুরের কালেক্টরেট মাঠ থেকে নেতাকর্মীদের শপথ নিতে হবে। প্রস্তুুত হবে হবে। এই সরকারকে বিদায় করতে হবে।
তিনি বলেন, দেশের মানুষ, এই রংপুর অঞ্চলের মানুষ আজ ভালো নেই। সারা দেশে খাদ্য সংকট, চিকিৎসা সংকট চলছে। চাল-ডাল-তেল, ডিমসহ সকল নিত্য পণ্যের দাম মানুষের নাগালের বাহিরে। মানুষ না খেয়ে থাকছে। বিদুৎ থাকছে না। কৃষকরা সার পাচ্ছে না, ফসলের দাম পাচ্ছে না। মানুষ দু:খে-কষ্টে আছে। আর আওয়ামী মন্ত্রী, এমপি ও নেতারা আরাম আয়েশ করছে। তারা এসিতে থাচ্ছে। এই টাকা কই থেকে আসছে। দুর্নীতি-চুরি ও লুটপাটের কারণে তারা টাকার পাহাড় গড়ছে।
নিত্যপণ্যের দাম ও দুর্ভিক্ষ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এর আগে ১৯৭৪ সালে শেখ মুজিবুর রহমানের শাসনামলেও দেশে দুর্ভিক্ষ হয়েছিল। মানুষ খাবার খেতে না পেরে রাস্তায় পড়ে ছিল। এখন আবার সেই অবস্থা ফিরে এসেছে। ১০ কেজির চাল খাওয়াতে চেয়ে আওয়ামী লীগ এখন ৯০ টাকার চাল খাওয়াচ্ছে। চিনি-তেল, সাবানসহ সব কিছুর দামও বেড়েছে। শাকসবজিও মানুষ কিনতে পারছে না। এটা দুর্ভিক্ষের লক্ষণ। এর দায় শেখ হাসিনা ও তার সরকারকেই নিতে হবে।
তিনি বলেন, অনেক মানুষ কাজ পাচ্ছে না, অনেকেই চাকুরী হারাচ্ছে, ব্যবসা-বাণিজ্য পূঁজি হারাচ্ছে। প্রতিটি পদে পদে দুর্নীতি, লুটপাট ও সন্ত্রাসের রাজত্ব কায়েম হচ্ছে। মানুষের ভোটাধিকার ছিনেয়ে নেয়া হয়েছে। কেন্দ্রে যেতে দেয়া হচ্ছে না। নির্যাতন করা হচ্ছে। সবক্ষেত্রেই একটা অরাজকতা বিরাজ করছে। তাই এই লুটেরা, ঘুষখোর, ভোট চোর ও দুর্নীতিবাজ সরকারকে বিদায় করতে হবে। তাদের আর রাখা যাবে না। বাংলাদেশের মানুষকে জেগে উঠতে হবে। আর একবার দেশকে স্বাধীন করতে হবে।
বিএনপি মহাসচিব বলেন, দেশে কোন জঙ্গি নেই। এটা আওয়ামী লীগের সাজানো অস্ত্র। এই পুরনো অস্ত্র এবারের নির্বাচনী প্রচারনায় কাজে আসবে না। মানুষ বুঝে গেছে এসব সাজানো নাটক। কিন্তুু এবার জঙ্গিবাদ অস্ত্র আর কাজে আসবে না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশ জানিয়েছে, বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নেই। মানুষের ভোটাধিকার নেই। বিরোধী মতের উপর নির্যাতন, হামলা-মামলা করা হচ্ছে। গুম-খুন করা হচ্ছে। তাই এবার আর জঙ্গি অস্ত্র আর কাজে আসবে না।
তিনি বলেন, সমগ্র বাংলাদেশ নয়, বিশ্বের অনেক মিডিয়া এই সমাবেশের দিকে তাকিয়ে আছে। সরকার নাকি জনগণকে ভয় পায় না। ভয় না পেলে গাড়ি কেন বন্ধ করতে হয়, কেন আমাদের নেতাদের গুলি করে মারে? আওয়ামী সরকার গত ১৫ বছরে সব শেষ করে ফেলেছে। সব ক্ষেত্রে চুরি করেছে আওয়ামী লীগ। এমনকি আশ্রয়ণ প্রকল্পের চুরি করেছে। আমাদের ৬০০ নেতাকর্মীকে গুম করেছে এই সরকার। সহস্রাধিক মানুষকে হত্যা করেছে। আলেম-ওলামাদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে। এদের কি আর ক্ষমতায় থাকতে দেওয়া যায়?এসময় দলের প্রয়াত নেতা মশিউর রহমান যাদু মিয়া, রহিম উদ্দিন ভরসা, খুরশিদ জাহান, মোজাফফর হোসেনসহ রংপুর অঞ্চলের প্রয়াত সকল নেতাকে স্বরণ করেন।
বিএনপিকে মুক্তিযুদ্ধের দল হিসাবে দাবি করে বলেন, বিএনপি মুক্তিযুদ্ধের দল। বিএনপিতে যারা আছে তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা। তাই সকলে মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্রকে ফিরে আনার আন্দোলন সামিল হতে হবে। মানুষের ভাত ও ভোটের অধিকার, নিরাপত্বা নিশ্চিত করতে হবে। জনগণের প্রতিনিধিদের নির্বাচিত করতে হবে। গণ মানুষের উন্নয়ন করতে হবে।










