পিঠার মৌ মৌ গন্ধে বাংলা একাডেমি প্রাঙ্গণ
পৌষের বিকেল। রৌদ কুয়াশা তাড়িয়েছে সকালেই। শীতে জবুথবু নয় বটে, তবে মনে যেন চরম শীতের আবেশ। অমন পিঠার গন্ধে শুকেই মেলায় আসা মানুষদের মনে শীতের টান মনে।
রাজধানীর বাংলা একাডেমি চত্বরে আয়োজিত পৌষমেলা দ্বিতীয় দিনের বিকেল বেলায় জমে ওঠে। এদিন পিঠা বেচা-কেনাতেও ধুম ছিল স্টলে স্টলে।

গ্রামীণ আবহে সাজানো হয়েছে পুরো বাংলা একাডেমি চত্বর। বটতলায় বসেছে বাংলার ঐতিহ্য বাউলের আসর। সেখান থেকেই ভেসে আসছে মনকাড়া বাঁশির সুর। ঢোল, তবলা, দোতারা, মন্দিরায় মিলিয়ে সুরালা গানে প্রকাশ পাচ্ছে বাংলার শীত বেলার রূপ।
ফিরে চল, ফিরে চল, ফিরে চল মাটির টানে/ যে মাটি আঁচল পেতে চেয়ে আছে মুখের পানে।/ যার বুক ফেটে এ প্রাণ উঠেছে, হাসিতে যার ফুল ফুটেছে রে/ ডাক দিল যে গানে গানে’- শিল্পীদের কণ্ঠে এ আমন্ত্রণী ধ্বনিতে মেলার পর্দা ওঠেছে শুক্রবার।
শিশির ভেজা ঘাস মাড়িয়ে শীতের প্রেমে মানুষ আসলেও শুক্রবার খুব একটা জমেনি। শনিবার ‘পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে, আয় আয় আয়/ ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে, মরি হায় হায় হায়’ গানে সাড়া দিয়ে নগরবাসী মিলেছে বাংলা একাডেমিতে।
শিল্পীদের আমন্ত্রণে যারা এসেছেন, তারাই মেতে উঠেছিলেন পিঠা-পুলিতে। শিল্পীদের গানে, কবিতার উচ্চারণে আর পিঠা-পুলির মাতাল করা ঘ্রাণ নিয়ে সবাই ফিরছিল যেন গ্রামে গ্রামে।

মেলা দেখতে এসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র খোকন। সঙ্গে তার বান্ধবীও। বলেন, শহরের মধ্যে গ্রামের স্বাদ! একি মিস করা যায়! পত্রিকায় দেখে আজ এলাম। অনেক ভালো লাগছে।
পিঠা খেতে বান্ধবীদের সঙ্গে নিয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী খাদিজা সুলতানা। বলেন, তিন বছর থেকেই আসি। হরেক রকম পিঠা। মজাই আলাদা। আবার পিঠা তৈরি করার ইচ্ছা থেকেই আসি। এখানে দেখেই অনেক পিঠা এখন বানাতে পারি।

আবহমান বাংলার হাজারও বছরের লোকজ সংস্কৃতিক ঐতিহ্যে তরুণদের উদ্বুদ্ধ করার প্রত্যয়ে শুরু হয়েছে তিন দিনের পৌষমেলা। গান, কবিতা আর নাচের সঙ্গে নকশাদার পিঠার স্বাদ নিতে সকাল থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণ ছিল নগরবাসীর পদচারণায় মুখর।
প্রতিদিন পৌষমেলার আসর বসছে সকাল ৮টা থেকে। প্রথম পর্বটি চলে সাড়ে ৯টা পর্যন্ত। তারপর বিকেল ৪টা থেকে শুরু হয়ে চলে রাত ৯টা পর্যন্ত। মেলা শেষ হচ্ছে রোববার।
শনিবার বিকেলে গান, আবৃত্তি ও নাচের পাশাপাশি ছিল মহাদেব সংযাত্রা ও তার দলের সংযাত্রা পরিবেশনা। রোববার উৎসবের সমাপনী দিনের আয়োজনে যাত্রাপালা পরিবেশন করবে ময়মনসিংহের দল রূপবান।










