সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে শিক্ষার্থী হাজির, শিক্ষক অনুপস্থিত পাঁচ শিক্ষককে শোকজ

B Baria Map Mainমাহবুব খান বাবুল, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) থেকে : সরাইলের শাহজাদাপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথা সময়ে শিক্ষার্থীরা হাজির হলেও বেলা ২টা পর্যন্ত অনুপস্থিত ছিলেন ৫ জন শিক্ষক। শিক্ষক শুন্য বিদ্যালয়ে ১টা পর্যন্ত অপেক্ষা করে বাড়িতে চলে যায় সকল শিক্ষার্থী। দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত বিদ্যালয়ে সকল শিক্ষক অনুপস্থিত থাকার বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন খোদ প্রধান শিক্ষক হরিদাস ভৌমিক। শিক্ষকরা না আসায় চরম ক্ষুদ্ধ হয়েছেন অভিভাবক ও এলাকাবাসী। পল্লী এলাকা হওয়ায় শিক্ষকদের এমন ফাঁকি নতুন কিছু নয় বলে জানিয়েছেন এস এম সি’র সভাপতি। গতকাল বুধবার ওই বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। বিষয়টি জেনে শিক্ষা কর্মকর্তা তাৎক্ষণিক প্রধান শিক্ষকসহ চার সহকারি শিক্ষককে কারন দর্শানো নোটিশ দিয়েছেন। স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা জানায়, প্রধান শিক্ষক সহ এ বিদ্যালয়ে বর্তমানে ৫ জন শিক্ষক আছেন। তারা প্রায়ই অনুপস্থিত থাকেন। জিজ্ঞেস করলে দূরবর্তী স্থান থেকে আসার অজুহাত দেখান। বাচ্চারা স্কুলে যায়। কতক্ষণ খেলাধুলা করে পরে চলে আসে। অন্যান্য দিনের মত গতকাল সকাল সাড়ে ৯টার মধ্যেই বিদ্যালয়ে হাজির হয় সকল শিক্ষার্থী। কিন্তু শুরু থেকেই নেই প্রধান শিক্ষক সহ বাকি ৪ সহকারি শিক্ষক। সুযোগে বাচ্চারা লাফালাফি ও চিৎকার করে এদিক সেদিক দৌড়াতে থাকে। দুপুর ১২ টা পর্যন্ত তারা বিদ্যালয়ে অবস্থান করে। পরে আস্তে আস্তে শিক্ষার্থীরা বিদ্যালয় ত্যাগ করতে থাকে। দুপুর ১টায় কিছু অভিভাবক গিয়ে দেখেন বিদ্যালয়ে কোন শিক্ষক নেই। শিক্ষার্থীরা জানায় আজ কোন স্যার আসেননি। তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রাজ্জাক মিয়া, মনি বেগম ও রেজুয়ান মিয়া বলে, সকালে এসেছি। ১টা পর্যন্ত কোন স্যার আসেনি। পড়া হয়নি। তাই বাড়িতে চলে যাচ্ছি। অভিভাবক মোঃ জাকির হোসেন (৫০), মোঃ শফিকুল ইসলাম আবু মিয়া (৬৫) ও মোঃ নান্নু মিয়া (৫২) ক্ষোভের সাথে জানান, এখানে পড়া লেখা নেই। শিক্ষকরা মনগড়া মত সাড়ে ১০টা/ ১১টায় আসেন। মন না চাইলে আসেন না। আর নিয়মিত ২টা- আড়াইটার মধ্যে ছুটি দিয়ে চলে যান। আর গতকাল তো কেউই আসেননি। তাদের ভাবশাবে মনে হয় ইচ্ছার বিরুদ্ধে দয়া করে চাকুরীটা করছেন। প্রকৃত শিক্ষকরা এমন ফাঁকিবাজ কান্ড জ্ঞানহীন হতে পারে না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিদাস ভৌমিক দুপুর ১টায় মুঠোফোনে নিজে সহ অন্য ৪ শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কথা স্বীকার করে বলেন, আমি সরাইল গিয়েছিলাম। ৪ সহকারি শিক্ষকের সকলেই বিদ্যালয়ে অনুপস্থিত থাকার বিষয়টি আমাকে টি.ও স্যারে জানিয়েছেন। আমি এখন বিদ্যালয়ে যাচ্ছি। তাদেরকে ফোন করেছি। তারাও আসতেছে। ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মোঃ মোশাররফ হোসেন বলেন, কাউকে কিছু না জানিয়ে ২/১ জন শিক্ষক অনুপস্থিত থাকার বিষয়টি নিয়মিত। আর আজ (গতকাল) সাড়ে ১২টায় গিয়ে দেখি একজন শিক্ষকও নেই। শিক্ষার্থীরা চলে যাচ্ছে। জেলার উর্ধ্বতন এক কর্মকর্তাকে মুঠোফোনে বিষয়টি অবহিত করলাম। ওই কর্মকর্তা আমাকে বললেন বিষয়টি দেখছি। ১০ মিনিট পর ফোন দেন। ১৫ মিনিট পর ফোন দিলে তিনি আর রিসিভ করেননি। আর সংশ্লিষ্ট সহকারি শিক্ষা কর্মকর্তা কোন সময় ফোন রিসিভ করেন না। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জেনেই প্রধান শিক্ষক হরিদাস ভৌমিক, সহকারি শিক্ষক মশিউর রহমান, নার্গিস আক্তার, মনি দাস ও শেফালি বেগমকে কারন দর্শানো নোটিশ দিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা বলেন, খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।