ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে পারিবারিক বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের সময় পেটে লাথি খেয়ে অন্তঃসত্ত্বা লাকি বেগমের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ভাসুর কবির মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লাকি বেগম।
নিহত লাকি বেগম উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের পূর্ব ব্রাহ্মণ গ্রামের জোনেদ মিয়ার স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার পারিবারিক বিরোধকে কেন্দ্র করে জোনেদ মিয়া ও তার বড় ভাই কবির মিয়ার মধ্যে ঝগড়া ও মারামারি হয়। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে লাকি বেগমের পেটে লাথি মারেন তার ভাসুর কবির মিয়া বলে অভিযোগ রয়েছে।
এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর সোমবার পুলিশ কবির মিয়াকে গ্রেপ্তার করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক বিরোধের সময় লাকি বেগমের পেটে লাথি মারার অভিযোগ রয়েছে কবির মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।











