স্থগিত মজুরি বোর্ডের সভা দ্রুত চায় পোশাক মালিকরা
নিজস্ব প্রতিবেদক : ন্যূনতম মজুরি বোর্ডের স্থগিত হওয়া সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার দাবি জানিয়েছে তৈরি পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
সোমবার (১৬ নভেম্বর) সংগঠন দুটির পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম।
বিবৃতিতে জানানো হয়, সোমবার ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই সভায় মালিকপক্ষের নতুন মজুরি প্রস্তাব জমা দেওয়ার প্রস্তুতিও সম্পন্ন ছিল। তবে শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসেন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সভাটি স্থগিত করা হয়।
মালিকপক্ষের নেতারা জানান, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন ন্যূনতম মজুরি কার্যকরের ঘোষণা রয়েছে। তাই দ্রুত মজুরি নির্ধারণ করা হলে কারখানাগুলোকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতি নিতে সুবিধা হবে।
তারা শ্রমিক প্রতিনিধির দ্রুত সুস্থতা কামনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি স্থগিত সভার নতুন তারিখ অনতিবিলম্বে ঘোষণার আহ্বান জানান।











