পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন
চট্টগ্রাম ব্যুরো : দেশের শিল্পগোষ্ঠী পিএইচপি ফ্যামিলির দুই প্রতিষ্ঠান পিএইচপি গ্লাস ও পিএইচপি অ্যালুমিনিয়ামের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ মিজান ভিক্টর মহসিন।
তিনি পিএইচপি ফ্যামিলির প্রতিষ্ঠাতা আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমানের জ্যেষ্ঠ নাতি। তার এ পদোন্নতির মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির নেতৃত্বে তৃতীয় প্রজন্মের অংশগ্রহণ আরও বিস্তৃত হলো।
ভিক্টর মহসিন যুক্তরাজ্যের লন্ডনের গোল্ডস্মিথস ইউনিভার্সিটি থেকে সাইকোলজি ও মার্কেটিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষে একই প্রতিষ্ঠানে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে তিনি বর্তমান পদে উন্নীত হন।
ব্যবসায়িক পরিকল্পনা ও বাজার সম্প্রসারণে ভোক্তাদের চাহিদাকে গুরুত্ব দেন তিনি। বাজার পরিস্থিতি এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা সম্পর্কে জানতে দেশের বিভিন্ন শহর ও গ্রামীণ বাজার পরিদর্শন করেন। বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম উন্নয়নে কাজ করছেন।
পিএইচপি ফ্যামিলির দায়িত্বের পাশাপাশি তিনি পিপলস ইন্স্যুরেন্স পিএলসির পরিচালক এবং অক্সিজেন স্পোর্টস জোনের ব্যবস্থাপনা অংশীদার হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিল্প ও বাণিজ্যের পাশাপাশি ক্রীড়া ও বিনোদন খাতেও তার আগ্রহ রয়েছে। চট্টগ্রাম নগরীতে আধুনিক ক্রীড়া ও বিনোদন সুবিধা সম্প্রসারণে অক্সিজেন স্পোর্টস জোনের মাধ্যমে কাজ করছেন তিনি।
সংশ্লিষ্টদের মতে, নতুন এ দায়িত্ব পিএইচপি ফ্যামিলির ব্যবসায়িক কার্যক্রমে তরুণ নেতৃত্বের বিকাশ এবং ভবিষ্যৎ সম্প্রসারণে ভূমিকা রাখবে।











