জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক
জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টর অফিসে হস্তান্তর করেছেন শাখা ছাত্রদল ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা।
সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতিও নিয়ে যান নেতাকর্মীরা।
আটক কর্মকর্তারা হলেন পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার নুরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি।
অভিযান চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের দাবি, দেশজুড়ে নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত কর্মকর্তা-কর্মচারীদের শনাক্ত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।
ছাত্রশক্তির জবি শাখার সভাপতি শাহীন মিয়া বলেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং এখনো রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ব্যক্তিদের বিষয়ে তারা কোনো ছাড় দেবেন না। আটক ব্যক্তিদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে, শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ততার তথ্য রয়েছে। তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাসির আহমাদ বলেন, প্রাপ্ত তথ্য ও অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।











