নওগাঁয় ডাকাতির ঘটনায় গাইবান্ধা থেকে দুই ডাকাত গ্রেফতার
মোঃ সোহাগ খন্দকার, রাণীনগর (নওগাঁ) : নওগাঁ সদর থানাধীন চাকলা জুলুর মোড়ে অটোচার্জার গ্যারেজে ডাকাতির ঘটনায় জড়িত দুই ডাকাতকে গাইবান্ধার সাঘাটা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। পুলিশ সুপারের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।
গত ২২ অক্টোবর ২০২৬ তারিখে গভীর রাতে একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ফাত্তা ইসলাম সেতুর গ্যারেজের পেছনের ইটের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা গ্যারেজে থাকা বাদীর ভাইকে রশি দিয়ে বেঁধে ফেলে এবং ভয়ভীতি দেখিয়ে দুটি অটোরিকশা ও একটি ভ্যান ডাকাতি করে নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সদর থানা ও ডিবিকে দ্রুত অপরাধীদের গ্রেফতারের নির্দেশ দেন। এর আগে এ ঘটনায় শাহজাহান নামে এক সন্দিগ্ধ ডাকাতকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ঘটনার মূল হোতা ও প্রধান ডাকাতকে শনাক্ত করা হয়।
এরই ধারাবাহিকতায় ১৫ নভেম্বর ২০২৬ গভীর রাতে গাইবান্ধার বিভিন্ন থানায় অভিযান চালানো হয়। ভোররাতে সাঘাটা থানা এলাকা থেকে মনোয়ার হোসেন মিন্টু (৩৫), ও আমিনুর (৪৫) কে গ্রেফতার করে।
অভিযানকালে আমিনুরের বাড়ি থেকে ডাকাতির কাজে ব্যবহৃত হ্যাকসো ব্লেড ২টি, তালা কাটার চাইনিজ কাটার ১টি, ধারালো রামদা ১টি, ধারালো ছুরি ১টি, প্লাস্টিকের হাতলযুক্ত একধার বিশিষ্ট স্টিলের ফলার ছুরি ১টি, দা ১টি, লোহার রড ৪টি, প্লাস্টিকের পাইপ ২টি ও রশি জব্দ করা হয়। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।











