নবীনগরে খামারিকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি
শ্যামা প্রসাদ চক্রবর্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে গরু ও মাছের খামারি আব্দুল হান্নানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ইমন, মহিদুল, জাবেদ, অভি দাস, বায়জিদ ও পলাশের নাম উল্লেখ করে নবীনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী।
গত শনিবার (৩১ অক্টোবর) আব্দুল হান্নান বাদী হয়ে থানায় এ জিডি করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে আব্দুল হান্নানসহ এলাকার একাধিক পরিবারের বিভিন্নভাবে ক্ষতিসাধন করে আসছে। তাদের বিরুদ্ধে বাড়িঘর থেকে বিভিন্ন মালামাল, গাছের কলা ও মাছের খামার থেকে মাছ চুরির অভিযোগও করেছেন স্থানীয়রা।
আব্দুল হান্নান অভিযোগ করেন, অভিযুক্তরা তাঁকে গরুর খামার ও মাছের প্রকল্প পরিচালনা করতে দেবে না বলে হুমকি দিয়ে আসছে। বিষয়টি স্থানীয়দের অবহিত করার পরদিন গোপালপুর দাসপাড়া সেতুর ওপর তাঁর ভাই ও চাচাতো ভাইকে গালিগালাজ করে লাঠি দিয়ে মারধর এবং কিল-ঘুষি ও লাথি মেরে আহত করা হয়। বর্তমানে তাঁরা নবীনগর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।
এদিকে অভিযুক্ত মহিদুলের বাবা জহিরুল ইসলাম মারামারির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাঁর ছেলের বয়স ১৮ বছর। খামারের ভেতর থেকে কলা চুরির ঘটনাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। বিষয়টি দ্রুত মীমাংসার চেষ্টা করছেন বলেও জানান তিনি।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।











