সরকারের বক্তব্য হতাশাজনক, বললেন জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনা নিয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য হতাশাজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে দলটির কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। দেশে যেন কোনো ফ্যাসিবাদী শক্তি বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সুযোগ না থাকে, এমন পরিবেশ প্রত্যাশা করেন তিনি।
তিনি আরও বলেন, দেশ ও জাতি বর্তমানে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এসব পরিস্থিতি মোকাবিলায় সংগঠনের নেতাকর্মীদের স্বচ্ছতা, জবাবদিহি, দক্ষতা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, শহীদ ও আহতদের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত পরিবর্তনের প্রেক্ষাপটে গণভোটের রায় বাস্তবায়ন জরুরি। সংসদে বিরোধী দল হিসেবে জনগণের অধিকার ও দাবি তুলে ধরবেন তারা। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতেও দলটি অবস্থান অব্যাহত রাখবে।
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী ঘটছে, সে বিষয়েও জনগণের কাছে স্বচ্ছ ব্যাখ্যা দেওয়ার দাবি জানান তিনি। সংসদে এ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সন্তোষজনক উত্তর না পেলে বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরা হবে।
বৈঠকে সংগঠনের ২০২৭ সালের বার্ষিক পরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়











