কারাগার থেকেই ভার্চ্যুয়ালি বিচার হবে জিয়াউল আহসানের
নিজস্ব প্রতিবেদক : সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে আর সরাসরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে হবে না। এখন থেকে কারাগারে রেখেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার বিচার কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
সোমবার (১৬ নভেম্বর) শুনানি শেষে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। একই সঙ্গে কোনো আসামি অসুস্থ থাকলেও প্রয়োজনে ভার্চ্যুয়ালি আদালতে হাজির করার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম জানান, শাপলা চত্বরসংক্রান্ত মামলায় জিয়াউল আহসানকে কারাগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির করার আবেদন করেছিল প্রসিকিউশন। আদালত আবেদনটি মঞ্জুর করেছেন।
তিনি বলেন, শুধু জিয়াউল আহসান নন, মামলার অন্য কোনো আসামি দীর্ঘদিন অসুস্থ থাকলে, আদালতে হাজির হতে না চাইলে কিংবা অসদাচরণ করলে তার ক্ষেত্রেও ভার্চ্যুয়াল হাজিরার ব্যবস্থা কার্যকর হতে পারে।
এদিকে শুনানির আগে আসামিকে ঘিরে সৃষ্ট পরিস্থিতির কারণে আদালতের কার্যক্রম বিলম্বিত হয়েছে বলে অভিযোগ করেন চিফ প্রসিকিউটর। তার দাবি, জিয়াউল আহসান কখনো অসুস্থতার কথা বলেছেন, আবার কখনো পুলিশের সঙ্গে অসদাচরণ করেছেন।
উল্লেখ্য, শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় জিয়াউল আহসানসহ ১১ জনের বিরুদ্ধে বিচার চলছে। এ ছাড়া গুম ও হত্যার অভিযোগেও সাবেক এই সেনা কর্মকর্তার বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন।











