পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হাতছাড়া বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসের নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে পাকিস্তানের কাছে ৩১ রানে হেরেছে বাংলাদেশ। এই হারে টুর্নামেন্টে চতুর্থ হয়ে কোনো পদক ছাড়াই দেশে ফিরতে হচ্ছে নিগার সুলতানা জ্যোতিদের।
জাপানের কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।
রান তাড়ায় শুরু থেকেই ধুঁকেছে বাংলাদেশের ব্যাটিং। প্রথম পাঁচ ওভারের মধ্যেই মাত্র ২০ রানে তিন উইকেট হারায় দল। দিলারা আক্তার ১২, জুয়াইরিয়া ফেরদৌস ৪ এবং সোবহানা মোশতারি ২ রান করে ফিরে যান।
এরপর শারমিন আক্তার ও নিগার সুলতানা ৫৬ বলে ৪৭ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। শারমিন ৪৫ বলে অপরাজিত ৪৬ এবং নিগার ৩০ বলে ২৫ রান করেন। তবে প্রয়োজনের তুলনায় রান তোলার গতি কম থাকায় শেষ পর্যন্ত ম্যাচে ফেরা সম্ভব হয়নি।
বাংলাদেশের ইনিংসে ৪৩টি বল কোনো রান ছাড়াই শেষ হয়। পাকিস্তানের অফ স্পিনার উম্মে হানি ১০ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের রান তাড়ায় বড় বাধা হয়ে দাঁড়ান।
এর আগে পাকিস্তানও শুরুতে চাপে ছিল। ১১.৪ ওভারে ৬৭ রানে ৫ উইকেট হারায় তারা। পরে অধিনায়ক ফাতিমা সানা ও আলিয়া রিয়াজের ৪৩ বলে ৬৭ রানের জুটি দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে।
ফাতিমা ৩০ বলে ৪৫ রান করে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। গুল ফিরোজার ব্যাট থেকে আসে ৩১ রান। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৪৫ রান তোলে পাকিস্তান।
বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার, স্বর্ণা আক্তার ও রিতু মনি দুটি করে উইকেট নেন। তবে ব্যাটারদের ব্যর্থতায় সেই বোলিং লড়াই শেষ পর্যন্ত পদক এনে দিতে পারেনি।
এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা আগেই দিয়েছিলেন নিগার সুলতানা। ফলে পাকিস্তানের বিপক্ষে ব্রোঞ্জের ম্যাচটিই অধিনায়ক হিসেবে তার শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি হয়ে থাকল।











