,

জাতিসংঘে বাংলাদেশের অধিকার ও উন্নয়নের বার্তা

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের মানুষের অধিকার, জাতীয় স্বার্থ এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিষয়গুলো তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন এ তথ্য জানিয়েছেন।

নিউইয়র্কে পৌঁছে সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও দেশপ্রেমকে ধারণ করে বাংলাদেশের ভবিষ্যৎ রূপকল্প বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশের স্বার্থ সুরক্ষা ও সবার জন্য অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরবেন।

মাহ্দী আমিন জানান, আগামী বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এর আগে মঙ্গলবার থেকে শুরু হবে তার আনুষ্ঠানিক কর্মসূচি।

মঙ্গলবার সকালে জাতিসংঘ সদর দপ্তরে উদ্বোধনী অধিবেশনে অংশ নেবেন তিনি। এর আগে জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে একটি ‘ওয়েলকাম ব্রেকফাস্ট রিসেপশনে’ যোগ দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর হবে সংক্ষিপ্ত। যাতায়াতের সময় বাদ দিলে চার কর্মদিবস তিনি সেখানে অবস্থান করবেন। এ সময়ে একাধিক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

মাহ্দী আমিনের তথ্য অনুযায়ী, এবারের সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে ৩৫ সদস্যের একটি ছোট বহর রয়েছে। এর বাইরে প্রয়োজনীয় মিডিয়া, নিরাপত্তা ও ব্যক্তিগত স্টাফ রয়েছেন। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সফরসঙ্গী হয়েছেন।

মাহ্দী আমিন বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের ধারাবাহিকতায় জিয়াউর রহমান ও খালেদা জিয়া যেভাবে আন্তর্জাতিক পরিসরে দেশের অবস্থান ও স্বার্থ তুলে ধরেছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানও একইভাবে বাংলাদেশের অধিকার ও স্বার্থের বিষয়গুলো বিশ্বমঞ্চে উপস্থাপন করবেন।