জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল শক্তি নিয়ে জাপানে আঘাত হেনেছে টাইফুন দুজুয়ান। ঝড়ের কারণে দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত অন্তত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়ের প্রভাবে কয়েকজন নিখোঁজ রয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় আগে ‘জীবনের জন্য তাৎক্ষণিক হুমকি’ সতর্কতা জারি করেছিল দেশটির আবহাওয়া সংস্থা। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় কয়েকটি সতর্কতা পরে কমিয়ে আনা হয়েছে।
দুজুয়ানের প্রভাবে ৫০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। বাতিল হয়েছে শত শত ফ্লাইট, ব্যাহত হয়েছে রেল যোগাযোগও।
ঝড়টির স্থায়ী বাতাসের গতি ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার। দমকা বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৯৪ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে।
ইয়োকোসুকা শহরে ভূমিধসে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হলে ষাটোর্ধ্ব এক নারী নিখোঁজ হন। পরে উদ্ধারকর্মীরা বাড়িটির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, ভূমিধসের মাটির নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে।
চিবা প্রিফেকচারে ধ্বংসাবশেষ সরানোর সময় আরেক দুর্ঘটনায় পঞ্চাশোর্ধ্ব এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ভারী যন্ত্রপাতিসহ বাঁশঝাড়ের মধ্যে পড়ে যাওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
দুজুয়ানের কারণে জাপানে কয়েকটি বড় আয়োজনও বাতিল করা হয়েছে। ‘রক ইন জাপান’ সংগীত উৎসবের সোমবারের কনসার্ট এবং ‘টোকিও গেম শো’-এর নির্ধারিত কার্যক্রম বন্ধ রাখা হয়।
টাইফুনে প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
দুজুয়ান বর্তমানে জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূল ধরে উত্তর দিকে এগোচ্ছে। ফলে ঝড়ের সামগ্রিক ক্ষয়ক্ষতির চিত্র আরও পরে স্পষ্ট হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে টাইফুনের সংখ্যা বাড়ছে—এমন নিশ্চিত প্রমাণ নেই। তবে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির কারণে সৃষ্ট ঝড়গুলো তুলনামূলক বেশি শক্তিশালী হতে পারে এবং উষ্ণ বায়ুমণ্ডলে বেশি জলীয়বাষ্প থাকায় ভারী বৃষ্টির ঝুঁকিও বাড়তে পারে।











