রিমান্ডে থাকা আসামির শরীরে আগুন, হাসপাতালে মৃত্যু
গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগর পুলিশের সদর থানা হাজতে রিমান্ডে থাকা মানবপাচার মামলার এক আসামি আগুনে পুড়ে মারা গেছেন। আজ রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মশিউর রহমান ঝিনাইদহ জেলা সদরের হলিধানি গ্রামের বাসিন্দা।
গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর চন্দ্র সূত্রধর জানান, মানবপাচার মামলার দুই আসামি মশিউর রহমান ও আসাদুজ্জামানকে গত ২১ নভেম্বর পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। গতকাল শনিবার রাত ১০টার দিকে মশিউর দিয়াশলাই দিয়ে নিজের শরীরের কাপড়ে আগুন ধরিয়ে দেন। এসময় থানা হাজতে থাকা অপর আসামি আসাদুজ্জামান চিৎকার শুরু করেন। পরে মশিউরকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ওসি আরও জানান, মশিউরের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৬টার দিকে মশিউর মারা যান।
এর আগে গত ১৪ নভেম্বর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে এক শিশু চুরি করে নেওয়ার অভিযোগে মশিউরকে আটক করা হয়।










