আরাফাত সানির কথিত বিয়ের কাবিননামার সত্যতা নিয়ে প্রশ্ন!
নিউজ ডেস্ক : ক্রমেই জটিল আকার ধারণ করছে ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে অভিযোগের বিষয়টি। গত ৫ জানুয়ারি দায়ের করা মামলার সূত্র ধরে সানিকে গ্রেপ্তারের পর আজ সোমবার আরও একটি মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে।
কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু কারণে সেই তরুণীর সঙ্গে সানির সম্পর্ক এবং সত্যতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, গত ২০১৪ সালে সানি ও সেই তরুণী গোপনে বিয়ে করেছিলেন। সানির সাথে সেই তরুণীর বিয়ের প্রমাণ হিসেবে একটি কাবিননামা আদালতে দাখিল করা হয়। যদিও সানি এবং তার পরিবারের পক্ষ থেকে বরাবরই সেই বিয়ের কথা অস্বীকার করা হচ্ছে। কাবিননামার কপিটি ইতিমধ্যেই সন্দেহের জন্ম দিয়েছে। কাবিননামা আসল তো?
কাবিননামায় উল্লেখ, ২০১৪ সালের ৪ ডিসেম্বর ৫ লাখ ১ টাকা দেনমোহরে আরাফাত সানির সঙ্গে নাসরিনের বিয়ে হয়। এতে আরাফাত সানির বয়স দেওয়া হয়েছে ২৮ বছর আর কনের বয়স দেওয়া হয়েছে ২১ বছর। কাজীর নাম হিসেবে দেওয়া আছে মোঃ আনোয়ার হোসেন। উল্লেখিত কাজী আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি কাবিননামাটি নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
কারণ, কাবিননামায় তার অফিসের ঠিকানা হিসেবে দেওয়া আছে- ২০/বি, মেরাদিয়া, থানা: খিলগাঁও, জেলা: ঢাকা। আনোয়ার হোসেনের অফিস খিলগাঁও হলেও এই ঠিকানার ধারেকাছে নয়। কালের কণ্ঠের অনুসন্ধানে উল্লেখিত ঠিকানায় কোনো কাজী অফিস পাওয়া যায়নি। আশেপাশে খোঁজ নিয়ে জানা গেছে, এই ঠিকানায় কোনো কালেও কোনো কাজী অফিস ছিল না! এছাড়া কাবিননামার কপিটি দেখে আনোয়ার হোসেন সাক্ষর ও সীলমোহর তার নয় বলে জানান।
এদিকে কাবিননামার সত্যতা যাচাই করতে মাঠে নেমেছে পুলিশ। একইসাথে আলামত হিসেবে জব্দ করা সেই তরুণীর মোবাইল ফোনটিও ফরেনসিক পরীক্ষার জন্য সিআইডির পরীক্ষাগারে পাঠানো হয়েছে। গতকাল রবিবার গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে সানিকে বর্তমানে ১ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।কালের কণ্ঠ অনলাইন











