মেসি না থাকলে…
স্পোর্টস ডেস্ক : নতুন বছরের শুরুতে কেমন যেন ছন্নছাড়া দেখাচ্ছে বার্সেলোনাকে। কোপা ডেল রেতে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে শুরু করা বছরের এলোমেলো হয়ে রইল ভিয়ারিয়ালের বিপক্ষেও। গত রাতে ভিয়ারিয়ালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। শেষ মুহূর্তে মেসির গোল বাঁচিয়েছে, না হলে তিন পয়েন্টই রেখে আসতে হতো এনরিকের দলকে। মেসি অনেক বারই বার্সাকে বাঁচিয়েছেন তাঁর ক্যারিয়ারে। টাটকা স্মৃতি বলতে লিগে চার ম্যাচে আগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটিই মনে পড়ছে আগে।
সেদিনের মতো এবারও মনে হচ্ছিল না বার্সা জিতবে। মেসি ত্রাণকর্তা হয়েই রক্ষা করেছেন দলকে। তাঁর শেষ মুহূর্তের ফ্রি কিকের গোলেই কোনোমতে মানরক্ষা করেছে লুইস এনরিকের দলের। এই ড্রয়ে লিগে একটি ম্যাচ বেশি খেলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে পাঁচ পয়েন্ট পেছনে রইল বার্সেলোনা।
২০০৮ সালের পর ভিয়ারিয়াল বার্সেলোনাকে হারাতে পারেনি। ইতালীয় ফরোয়ার্ড নিকোলা সানসোনের গোলে এগিয়ে সে স্বপ্নটা ভালোভাবেই দেখছিল তারা। এর ওপর কালই ঘোষণা এসেছিল ভিয়ারিয়ালের মাঠ এল মাদ্রিগালের জন্য নতুন স্পনসরশিপ চুক্তি। এই চুক্তির পর এল মাদ্রিগালের নাম বদলে করা হবে সেরামিক স্টেডিয়াম। এমন একটা দিনে বার্সেলোনার বিপক্ষে জয় দিনটাতে অন্যরকম উৎসব নিয়ে আসত ভিয়ারিয়াল সমর্থকদের মধ্যে।
কিন্তু যখন কোনো কিছুতেই গোল হয় না, মেসি গোল করেন ফ্রি কিক থেকে। কালও করলেন। ৯০ মিনিটে তাঁর ফ্রি কিক বার্সাকে এনে দিল ১ পয়েন্ট। আফসোস নিয়েই মাঠ ছেড়েছেন ভিয়ারিয়াল সমর্থকেরা। এই ড্রয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের পেছনে, চারে রইল ভিয়ারিয়াল।
কোপায় গত ম্যাচে হেরে গিয়েও এনরিকে ইতিবাচক অনেক কথা বলেছেন। আর এবার তো ড্র। বার্সা কোচ বললেন, ‘এই ম্যাচের ইতিবাচক বিশ্লেষণ হতে পারে—আমরা তিন পয়েন্ট আদায় করে নেওয়ার সর্বাত্মক চেষ্টা চালিয়েছি। আমার তো মনে হয়, আমরা তিন পয়েন্ট তুলে নেওয়ার খেলাটাই খেলেছি। এখনো মৌসুমের অর্ধেকটা বাকি। আমি নিশ্চিত আমাদের লিগ লড়াইয়ে খুব ভালোভাবে থাকার সুযোগ আসবে।’
এনরিকে অবশ্য দল না জেতায় চিন্তিতও, ‘লিগ লড়াইয়ে ফিরে আসার জন্য আমাদের যেটি করতে হবে, দ্রুত জয়ের ধারায় ফেরা। মাঠের খেলাটা যা খেলছি, সেটি হলেই হবে, কিন্তু ফলাফলটা পেতে হবে ভিন্ন।’ সূত্র: এএফপি।











