শফিউলের পরিবর্তে নিউজিল্যান্ড যাচ্ছেন রাব্বি
স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলা হচ্ছে না পেসার শফিউল ইসলামের। তার বিকল্প হিসেবে দলে এসেছেন কামরুল ইসলাম রাব্বি।
বুধবার রাতে শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে এ কথা জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি বলেন, গতকাল শফিউল যে ইনজুরিতে পড়েছে আজকে স্ক্যান করার পর আমরা যেই রিপোর্ট পেয়েছি তাতে ফিট হতে তিন থেকে পাঁচ সপ্তাহ লেগে যেতে পারে। তার পরিবর্তে আমরা কামরুল ইসলাম রাব্বিকে অস্ট্রেলিয়ায় অনুশীলন ক্যাম্পের জন্য পাঠাচ্ছি।
নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে ওয়ানডে দিয়ে। তারপর টি-টোয়েন্টি। শেষে হবে টেস্ট সিরিজ। প্রধান নির্বাচক আশা করছেন টেস্ট সিরিজের আগেই ফিট হয়ে যাবেন শফিউল। আর তাহলে টেস্ট সিরিজের দলে তাকে বিবেচনা করা হবে, ইনজুরি থেকে শফিউলি যদি রিকভারি করতে পারে টেস্টের আগে তাহলে আমরা তাকে বিবেচনা করবো। বিপিএলে আপনারা ওর পারফরম্যান্স দেখেছেন। খুবই ভালো বোলিং সে করছিল। সে হিসেবে আমি মনে করি যত তাড়াতাড়ি সুস্থ হবে তত আমাদের দলের জন্য ভালো।











