এক অশ্বিনে কাবু ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক : এক অশ্বিনে রক্ষা নেই, আবার জয়ন্ত যাদব! মূল দায়িত্ব অফ স্পিন বোলিং সামলে দলের প্রয়োজনে ব্যাটসম্যানও হয়ে উঠছেন রবিচন্দ্রন অশ্বিন। আজ সেই দায়িত্বটা পালন করলেন জয়ন্ত যাদব। তাঁকে পথ দেখালেন রবীন্দ্র জাদেজা। আর বোলিংয়ে তো অশ্বিন আছেনই। এই তিন স্পিন অলরাউন্ডারে তৃতীয় দিন শেষেই জয় দেখছে ভারত। দ্বিতীয় ইনিংসে ৭৮ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে ইংল্যান্ড, ইনিংস পরাজয় এড়াতেই আরও ৫৬ রান দরকার সফরকারীদের।
২৭১ রানে দিন শুরু করেছিল ভারত। তখনো ভাবা যায়নি সে স্কোর চার শ পেরোবে। বিশেষ করে ৩০১ রানেই যখন আউট হয়ে গেলেন অশ্বিন (৭২)। কিন্তু তারপরই জাদেজার মনে হলো নিজের অলরাউন্ডার পরিচয়টা পুনরুদ্ধার করা দরকার। জয়ন্তকে নিয়ে ১৭০ বলে ৮০ রানের জুটিতে ম্যাচটা ধীরে ধীরে ইংল্যান্ডের নাগালের বাইরে নিয়ে গেলেন।
সপ্তম উইকেট জুটিতে ৯৭ রানের পর অষ্টম উইকেট জুটিতেও ৮০ রান—এই দুই জুটিতেই ইংল্যান্ডের সর্বনাশ লেখা হয়ে গেল। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিটা যখন একেবারেই হাতের নাগালে, ছক্কা মারতে গিয়ে আউট জাদেজা (৯০)। জাদেজা আউট হলেও জয়ন্ত হাল ছাড়েননি। উমেশ যাদবকে নিয়ে ৪০০ পার করে দিয়েছেন। এই দুজনকে আউট করে বেন স্টোকস তৃতীয়বারের মতো পেলেন ইনিংসে পাঁচ উইকেট। নয়ে নামা যাদব ততক্ষণে করে ফেলেছেন ৫৫। শুরুতে যে তিনজনের কথা বলা হলো, সাত-আট-নয়ে নেমে এঁরাই স্কোরে যোগ করলেন ২১৭ রান!
১৩৪ রানে পিছিয়ে থেকে ইংল্যান্ডের শুরুটা একদমই ভালো হয়নি। প্রথম ইনিংসে পাওয়া চোটে নামতে পারেননি ওপেনার হাসিব হামিদ। আপৎকালীন ওপেনার জো রুট ভালোই করেছেন। ৩৬ রানে অপরাজিত থেকে ফিরেছেন। কিন্তু অধিনায়ক অ্যালিস্টার কুক হতাশ করেছেন। ডিআরএসের সুযোগ নিয়ে দুবার এলবিডব্লুর হাত থেকে বেঁচে গিয়েছেন শেষ পর্যন্ত ১২ রানে বোল্ড হলেন অশ্বিনের বলে।
দিনের খেলা শেষ হওয়ার আগেই সাজঘরে কুকের সঙ্গী হয়েছেন মঈন আলী, জনি বেয়ারস্টো ও বেন স্টোকস। অশ্বিন পেয়েছেন ৩ উইকেট, অন্যটি জয়ন্তর। চতুর্থ দিনে ইংল্যান্ড কত দূর খেলা টেনে নিয়ে যেতে পারে, সেটাই দেখার।











