বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অলরাউন্ডার মিরাজে রাজশাহীর দুর্দান্ত জয় : রংপুর রাইডার্স কোয়ালিফায়ারে ওঠা নিয়েই শঙ্কা

 

স্পোর্টস ডেস্ক :আগের ম্যাচগুলোতে মেহেদী হাসান মিরাজকে শুধু বোলার হিসেবেই দেখা যাচ্ছিল। এবার ব্যাট হাতে আলো ছড়ালেন। পরে জ্বলে উঠলেন বল হাতেও। অলরাউন্ডার মিরাজে রাজশাহী কিংস ১২৮ রান করেও রংপুর রাইডার্সকে হারাল ৪৯ রানের বড় ব্যবধানে।

miraz-21480344389
অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মিরাজ। তবে মিরাজ যদি ম্যাচের নায়ক হন, পার্শ্বনায়ক তাহলে ফরহাদ রেজা ও নাজমুল ইসলাম। ৪৩ রানেই ৭ উইকেট হারানোর পর অষ্টম উইকেটে মিরাজের সঙ্গে অবিচ্ছিন্ন ৮৫ রানের জুটিতে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছিলেন ফরহাদ। ৮ রানেই ৩ উইকেট নিয়ে রংপুরের ব্যাটিং গুঁড়িয়ে দিয়েছেন নাজমুল।

এবারের বিপিএলে দুবারের দেখায় রংপুরকে দুবারই হারাল রাজশাহী, জিতল টানা চতুর্থ ম্যাচ। নবম ম্যাচে পঞ্চম জয়ে রংপুরকে টপকে পয়েন্ট তালিকার চারে উঠে গেছে ড্যারেন স্যামির দল। সমান ম্যাচে চতুর্থ হারে পাঁচে নেমে গেছে রংপুর। যদিও দুই দলেরই পয়েন্ট সমান ১০, তবে নেট রানরেটে এগিয়ে রাজশাহী।

সোমবার মিরপুরে দিনের একমাত্র ম্যাচে ১২৯ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খায় রংপুর। পাওয়ার-প্লের ৬ ওভারে ২৯ রানেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা।

ব্যাট হাতে আলো ছড়ানো মিরাজ বল হাতেও জ্বলে ওঠেন। ইনিংসের তৃতীয় ও মিরাজের প্রথম ওভারের প্রথম বলেই ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে স্টাম্পড হয়ে ফেরেন সৌম্য সরকার। পরের ওভারে আরেক ওপেনার মোহাম্মদ শাহজাদও মোহাম্মদ সামির শর্ট বলে স্লিপে স্যামির ক্যাচ হয়ে ফেরেন।

মিরাজ নিজের পরের ওভারে এসে আবারও প্রথম বলেই তুলে নেন উইকেট। নাসির জামশেদকে নিজের দারুণ এক ডাইভিং ক্যাচ বানিয়ে বিদায় করেন তরুণ অফ স্পিনার। ষষ্ঠ ওভারে প্রথমবার আক্রমণে এসে লিয়াম ডসনকে এলবিডব্লিউ করেন বাঁহাতি স্পিনার নাজমুল। রংপুরের স্কোর তখন ৬ ওভারে ৪ উইকেটে ২৯।

পঞ্চম উইকেট জুটিতে মোহাম্মদ মিঠুন ও শহীদ আফ্রিদি দলকে ৪৬ পর্যন্ত টেনে নিয়েছিলেন। কিন্তু এ জুটি ভাঙার পর আবার পথ হারায় রংপুর। নাজমুলের বলে ক্রিজ ছেড়ে বাইরে এসে মারতে গিয়ে উমর আকমলের হাতে স্টাম্পড আফ্রিদি। তিনে নেমে একপ্রান্ত আগলে রাখা মিঠুনও ফিরে যান পরের ওভারেই। সামিত প্যাটেলের বলে আকমলের ক্যাচ হওয়ার আগে মিঠুনের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ২০ রান।

নাজমুল নিজের নির্ধারিত কোটার শেষ ওভারে এসে ফিরিয়ে দেন জিয়াউর রহমানকে। জিয়াউরও ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে স্টাম্পড হয়ে ফেরেন। রংপুরের স্কোর তখন ৭ উইকেটে ৫৮। নাজমুলের বোলিং ফিগার ৪-১-৮-৩!

এরপর আর ম্যাচে ফিরতে পারেনি রংপুর। ১৬ ও ১৮তম ওভারে লেজের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন আবুল হাসান রাজু। ডানহাতি পেসার ১৮তম ওভারে ৪ বলের মধ্যে পেয়েছেন শেষ ২ উইকেট। বোলিংয়ে ফরহাদ বাদে রাজশাহীর বাকি পাঁচ বোলারই উইকেট পেয়েছেন। নাজমুল ৮ রানে ৩ উইকেট ও আবুল হাসান ১১ রানে পেয়েছেন ৩ উইকেট। মিরাজ ২টি এবং সামি ও প্যাটেল নিয়েছেন একটি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজশাহীর অধিনায়ক স্যামি। কিন্তু শুরুতেই ধাক্কা খায় রাজশাহী। ইনিংসে দ্বিতীয় ওভারেই রুবেল হোসেনের বলে উইকেটকিপার মোহাম্মদ শাহজাদকে সহজ ক্যাচ দিয়ে ফেরেন জুনায়েদ সিদ্দিক।

দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে ২৫ পর্যন্ত টেনে নিয়েছিলেন মুমিনুল হক ও সাব্বির রহমান। কিন্তু এ জুটি ভাঙার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে রাজশাহীর ব্যাটিং লাইনআপ। ১ উইকেটে ২৫ থেকে রাজশাহীর স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৪৩!

মুমিনুলকে নিজের ফিরতি ক্যাচ বানিয়ে ২৩ রানের জুটি ভাঙেন স্পিনার আরাফাত সানী। এই ওভারের শেষ বলে শাহজাদের ক্যাচ হয়ে ফেরেন সামিত প্যাটেল। নিজের পরের ওভারে এসে আবুল হাসান রাজুকেও সাজঘরের পথ দেখান সানী।

এরপর আরেক স্পিনার শহীদ আফ্রিদি নিজের পরপর দুই ওভারে ফিরিয়ে দেন উমর আকমল ও সাব্বিরকে। মাঝের ওভারে রাজশাহীকে সবচেয়ে বড় ধাক্কাটা দেন অবশ্য লিয়াম ডসন। ইংলিশ স্পিনারের বলে বোল্ড হয়ে ফেরেন আগের দুই ম্যাচেই ঝড় তুলে রাজশাহীকে জেতানো স্যামি। ওপরের দিকের সাত ব্যাটসম্যানের মধ্যে সাব্বির (১৬) ছাড়া আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি! রাজশাহীর স্কোর ৭ উইকেটে ৪৩।

এর পরেই অষ্টম উইকেটে মিরাজ ও ফরহাদ রেজার ৮৫ রানের অবিচ্ছিন্ন সেই জুটি। বিপিএলে অষ্টম উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি। দুজনের টি-টোয়েন্টি ক্যারিয়ার সেরা ইনিংসে শেষ পর্যন্ত লড়াই করার মতো পুঁজি পায় রাজশাহী। ৩২ বলে ২টি করে চার ও ছক্কায় ৪৪ রানে অপরাজিত ছিলেন ফরহাদ। ৩৩ বলে ৩ চার ও এক ছক্কায় ৪১ রানে অপরাজিত থাকেন মিরাজ।

৪ ওভারে ৩১ রানে ৩ উইকেট নিয়ে রংপুরের সেরা বোলার সানী। ৪ ওভারে ১০ রানে ২ উইকেট নেন আফ্রিদি। রুবেল ও ডসনের ঝুলিতে জমা পড়ে একটি করে উইকেট।

চট্টগ্রাম পর্ব শেষ করে শীর্ষস্থান নিয়ে ঢাকায় ফিরেছিল রংপুর রাইডার্স; কিন্তু একের পর এক পরাজয়ে এখন দলটির সামনে কোয়ালিফায়ারে ওঠা নিয়েই শঙ্কা তৈরি হয়ে গেছে। কারণ, রাজশাহী তাদের এক ধাক্কায় প্রথমে শীর্ষস্থান থেকে দ্বিতীয় স্থানে এরপর আজ ঠেলে দিয়েছে পঞ্চম স্থানে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ