ব্যাটিং বিপর্যয়ে ঢাকা ডায়নামাইটস
স্পোর্টস ডেস্ক : খুলনা টাইটান্সের দেওয়া মাঝারি লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতেই বিপদে পড়েছে ঢাকা ডায়নামাইটস। এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় খুলনা। অধিনায়ক মাহমুদ উল্লাহর হাফসেঞ্চুরির সুবাদে ঢাকা ডায়নামাইটসকে ১৫৮ রানের টার্গেট দেয়। জবাবে ব্যাট করতে নেমে ২৩ রানেই ৩ উইকেট খুইয়েছে সাকিব আল হাসানের ঢাকা।
ফিরে গেছেন ঢাকার তিন নির্ভরযোগ্য ব্যাটসম্যান মেহেদী মারুফ (৬), কুমার সাঙ্গাকারা (২) এবং নাসির হোসেন (৭)। ব্যাট করছেন ম্যাট কলিস (৫) এবং মোসাদ্দেক হোসেন (১)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর আজ শনিবারের প্রথম খেলায় রিয়াদের হাফ সেঞ্চুরির সুবাদে ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে খুলনার সংগ্রহ দাঁড়ায় ১৫৭ রান। তবে ইনিংসের শুরুতেই ধাক্কা খায় খুলনা। দলীয় ৩ রানেই রানআউটের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন হাসানুজ্জামান (০)। এরপর অ্যান্ড্রি ফ্লেচার এবং শুভাগত হোম মিলে ইনিংস গড়ার চেষ্টা করলেও বেশিদূর যেতে পারেননি।
প্রথম ধাক্কা সামলে জুটিতে ২০ রান তুলতে না তুলতেই সানজামুল ইসলামের বলে নাসির হোসেনের হাতে ধরা পড়েন ফ্লেচার (২০)। ১৬ বলের ইনিংসটিতে তিনি ১টি চার এবং ১টি ছক্কা হাঁকান। এরপর ৪৪ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন শুভাগত হোম এবং অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ। জুটি জমে উঠতেই প্যাভিলিয়নের পথ ধরেন শুভাগত হোম। ২০ বলে ৪টি বাউন্ডারিতে তিনি করেন ২৪ রান।
শুভাগতর বিদায়ের পর অধিনায়ক রিয়াদ এবং নিকোলাস পুরান মিলে জুটি গড়ার চেষ্টা করেও ব্যর্থ হন। ব্যক্তিগত ১৬ রানে ডোয়াইন ব্র্যাভোর বলে সাঙ্গাকারার বিশ্বস্ত হাতে ধরা পড়েন পুরান। উইকেটের একপ্রান্ত আগলে রাখেন মাহমুদ উল্লাহ। ৩৯ বলে ২চার এবং ৪ ছক্কায় অর্ধশত পুরণ করেন তিনি। শেষ পর্যন্ত ৪৪ বলে ৬২ রান করে মোহাম্মদ শহীদের বলে ডোয়াইন ব্র্যাভোর হাতে ধরা পড়েন রিয়াদ। ততক্ষণে তার ইনিংসে যোগ হয় আরও দুটি চার। দলীয় রানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাইয়েবুর রহমান। ২২ বলে ১ চারে ২১ রান করে অপরাজিত থাকেন তিনি।
দিনের দ্বিতীয় খেলায় সন্ধ্যা পৌনে ৬টায় মুখোমুখি হবে গতকালের দুই পরাজিত দল রাজশাহী কিংস এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। খেলা দুটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন এবং সনি সিক্স।











