৬ উইকেটের জয় পেলো বরিশাল বুলস
স্পোর্টস ডেস্ক : টুর্নামেন্টে প্রথম জয় পেলো মুশফিকের বরিশাল বুলস। ১৩০ রানের টার্গেটে খেলতে নেমে ১৮.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল। ফলে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও হারের স্বাদ নিলো কুমিল্লা।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর আড়াইটায় মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা এবং মুশফিকুর রহিমের বরিশাল। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন কুমিল্লা দলপতি মাশরাফি বিন মর্তুজা। আগে ব্যাটিং করে ব্যাটসম্যানদের ব্যর্থতার পরও মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে তোলে ১২৯ রান।
শুরুতে ব্যাটিংয়ে নেমে কুমিল্লার হয়ে ব্যাট হাতে আজও ফ্লপ ওপেনার ইমরুল কায়েস। চিটাগং ভাইকিংসের বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র ৬ রানে আউট হয়েছেন তিনি। তাইজুলের করা ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই বোল্ড হন ইমরুল (০)।
এরপর দলীয় ২৫ রানে আবু হায়দার রনির শিকার হয়ে মাঠ ছাড়েন কুমিল্লার আরেক ওপেনার খালিদ লতিফ। দলীয় ৪৯ রানে রানআউটের খড়গে পড়ে সাজঘরে ফিরে যান কুমিল্লার নাজমুল হাসান শান্ত। কুমিল্লার হয়ে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংসটি খেলেন মারলন স্যামুয়েলস। ৪৮ বল মোকাবেলা করে ৫ চারের সাহায্যে এ ইনিংসটি সাজান তিনি। এছাড়া পাকিস্তানি পেসার সোহেল তানভীর ১৯ বলে ৩০ রান নিয়ে অপরাজিত ছিলেন।
বরিশালের হয়ে আবু হায়দার দুটি উইকেট নেন। তাছাড়া একটি করে উইকেট নেন তাইজুল, আল আমিন, থিসারা পেরেরা ও রায়াদ এমরিত।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাস, নাবিল সামাদ, নাজমুল হোসেন শান্ত, নাহিদুল ইসলাম, সোহেল তানভির, ইমাদ ওয়াসিম, খারেদ লতিফ, মালন স্যামুয়েলস।
বরিশাল বুলস: মুশফিকুর রহিম (অধিনায়ক), শাহরিয়ার নাফিস, শামসুর রহমান, আবু হায়দার রনি, মো: আল আমিন হোসেন, মেহেদি হাসান, তাইজুল ইসলাম, দিলশান মুনাবিরা, রায়াদ এমরিত, ডেভিড মালান, থিসারা পেরেরা।











