জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা
বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মোজেজা আশরাফ মোনালিসার জন্মদিন আজ ৫ অক্টোবর। বিশেষ এই দিনে নিজের একটি ছবি প্রকাশ করে জন্মদিনের অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে আজকের অবস্থানে আসা মোনালিসা নিজের প্রতিটি অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, জীবনের নতুন একটি বছর শুরু করতে পেরে আনন্দিত এবং গত বছরটি তাকে নানা চ্যালেঞ্জ, শিক্ষা ও নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে এগিয়ে নিয়েছে।
মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী বলেন, জীবনে নানা প্রতিকূলতা এলেও শুকরিয়া জানানোর মতো অসংখ্য কারণ তিনি খুঁজে পান। সুস্বাস্থ্য, শক্তি এবং কঠিন পরিস্থিতি মোকাবিলার মানসিক দৃঢ়তা দেওয়ার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ তিনি।
নতুন বছরে দীর্ঘ ও সুস্থ জীবন এবং প্রতিটি মুহূর্ত কৃতজ্ঞতার সঙ্গে উপভোগ করার তাওফিক চেয়েছেন মোনালিসা। পাশাপাশি জীবনের আগামী দিনগুলো সুন্দর মুহূর্ত, আশীর্বাদ ও নতুন অর্জনে ভরে উঠুক—এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন।
একসময় মডেলিং ও অভিনয়ে ব্যস্ত সময় কাটানো মোনালিসা বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ক্যারিয়ারের সাফল্যের সময় ২০১২ সালে যুক্তরাষ্ট্রপ্রবাসী ফাইয়াজ শরীফকে বিয়ে করেন তিনি। পরের বছর স্বামীর সঙ্গে নিউইয়র্কে পাড়ি জমান এবং সেখানে বাংলা চ্যানেল টাইম টিভির প্রোগ্রাম প্রধান হিসেবে কাজ শুরু করেন।
তবে বিয়ের প্রায় এক বছরের মধ্যেই তাদের সংসারে বিচ্ছেদ ঘটে। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন করে বিয়ে করেননি এই অভিনেত্রী।











