,

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

news-image

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ পাচারের ঘটনায় বারবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মীদের সম্পৃক্ততার তথ্য সামনে আসছে। গত এক সপ্তাহে পৃথক ঘটনায় চার বিমানকর্মী স্বর্ণসহ আটক হওয়ার পর বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তা ও উড়োজাহাজকে ঘিরে সক্রিয় চোরাচালান চক্র নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
সর্বশেষ রোববার বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকায় ২১ নম্বর গেটের কাছাকাছি ৪ নম্বর বোর্ডিং ব্রিজের নিচে তল্লাশি চালিয়ে দুই বিমানকর্মীর কাছ থেকে ৮০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। আটক মো. মানিক মিয়া ও মো. মিজানুর রহমান দুজনই এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার হিসেবে কর্মরত। তাদের জুতার ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ছিল স্বর্ণের বারগুলো। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ৯ দশমিক ৩৪ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।
কাস্টমস গোয়েন্দারা এখন স্বর্ণের চালানটি কোথা থেকে এসেছে, কার কাছে পৌঁছানোর কথা ছিল এবং বিমানকর্মীদের এই কাজে কারা ব্যবহার করছে—এসব বিষয় তদন্ত করছেন। অর্থাৎ শুধু বাহকদের শনাক্ত করার পাশাপাশি নেপথ্যের চক্রের সদস্যদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে প্রায় দেড় কেজি স্বর্ণসহ বাংলাদেশ বিমানের কর্মী ওবায়দুর রহমানকে আটক করে ঢাকা কাস্টম হাউস। তার কাছ থেকে নয়টি স্বর্ণবার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য দুই কোটি টাকার বেশি। বিমানবন্দরের এয়ারপোর্ট ইউনিট তার শরীর তল্লাশি করে শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে এসব স্বর্ণ উদ্ধার করে।
এ ছাড়া গত ৫ সেপ্টেম্বর দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে টেকনিক্যাল হেলপার মোহাম্মদ সোয়েব গাজী সজিবকে আটক করা হয়। তার কাছ থেকে ১২০টি স্বর্ণবার উদ্ধার হয়। স্বর্ণগুলোর ওজন ছিল ১৩ কেজি ৯৯২ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ২৫ কোটি ২০ লাখ টাকা।
সংশ্লিষ্টদের মতে, স্বর্ণ পাচারে শুধু বিমানকর্মীদের শরীর বা ব্যাগ ব্যবহার করা হচ্ছে না। উড়োজাহাজের বিভিন্ন স্পর্শকাতর স্থানও এ কাজে ব্যবহারের তথ্য পাওয়া গেছে। কার্গো হোলের প্যানেল বক্স, গ্যাস মাস্ক সকেট, যাত্রী আসনের নিচ, ওয়াশরুম, কমোডের বিভিন্ন অংশ এবং লুকিং গ্লাসের পেছনে স্বর্ণ লুকিয়ে রাখার ঘটনাও ধরা পড়েছে। এর আগে বিমানের প্যানেল বক্স থেকে ১২৪ কেজি স্বর্ণের চালান উদ্ধারের ঘটনাও ঘটেছে।
এ কারণে উড়োজাহাজের অভ্যন্তরে প্রবেশের সুযোগ রয়েছে এমন কর্মী, হ্যাঙ্গার ও রক্ষণাবেক্ষণ এলাকা এবং নির্দিষ্ট গেটগুলোকে ঘিরে সংঘবদ্ধ চোরাচালান নেটওয়ার্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা বিভাগের মহাব্যবস্থাপক মেজর ফারহান তানভির বলেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকার কারণেই এসব ঘটনায় স্বর্ণ উদ্ধার ও জড়িতদের আটক করা সম্ভব হচ্ছে। তবে মাঝেমধ্যে এ ধরনের ঘটনা ঘটছে বলেও তিনি জানান।
ঢাকা কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ কামরুল হাসান বলেন, সাম্প্রতিক কয়েকটি ঘটনায় বিমানকর্মীদের স্বর্ণ চোরাচালানে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। বিষয়টি উদ্বেগজনক এবং এ নিয়ে বিমান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
বিমানবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বিমানকর্মীদের নির্ধারিত গেট দিয়ে বের হওয়ার সময় নিয়মিত তল্লাশি, সিসিটিভি পর্যবেক্ষণ এবং প্রবেশ ও বহির্গমনের তথ্য কঠোরভাবে যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে হ্যাঙ্গার, রক্ষণাবেক্ষণ এলাকা এবং উড়োজাহাজের সংবেদনশীল অংশে প্রবেশাধিকার রয়েছে এমন কর্মীদের ওপর বাড়তি নজরদারি দরকার।
এদিকে গত শনিবার রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসা মালয়েশিয়ার নাগরিক ইয়াং ডন সিউকেও আটক করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে নজরদারির পর গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে তল্লাশি করা হয়। এ সময় তার শার্টের নিচে কালো কাপড়ের বেল্টে মোড়ানো নয়টি স্বর্ণবার পাওয়া যায়।
উদ্ধার হওয়া স্বর্ণের মধ্যে এক কেজি ওজনের চারটি এবং ১০০ গ্রাম ওজনের পাঁচটি বার ছিল। মোট ওজন ৪ দশমিক ৫ কেজি এবং আনুমানিক মূল্য প্রায় ৮ কোটি টাকা। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, বৈধ কাগজপত্র বা ঘোষণা না থাকায় ‘কাস্টমস আইন, ২০২৩’-এর আওতায় স্বর্ণগুলো জব্দ করা হয়েছে।
সাম্প্রতিক এসব ঘটনায় জড়িত বিমানকর্মী ও বিদেশি নাগরিকের বিরুদ্ধে বিমানবন্দর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

 

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ

রাবিতে হামলার ঘটনায় গ্রেপ্তারে বিকেল ৪টা পর্যন্ত সময়