রাবিতে হামলার ঘটনায় গ্রেপ্তারে বিকেল ৪টা পর্যন্ত সময়
রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সোমবার বিকেল ৪টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা। নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের তিনটি সক্রিয় সাংবাদিক সংগঠনের নেতারা বৈঠক করে এ সিদ্ধান্ত নেন।
সাংবাদিক নেতাদের অভিযোগ, হামলায় জড়িতদের পরিচয় ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ প্রশাসনের কাছে দেওয়া হলেও মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। তারা হামলায় জড়িতদের নাম-পরিচয় উল্লেখ করে মামলা করার দাবি জানিয়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুব হাসান বলেন, প্রশাসনের ওপর আস্থা রেখেই এখন পর্যন্ত কোনো কর্মসূচিতে যাননি তারা। তবে বিকেল ৪টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
রাবি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইবতেসাম শান্ত সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়ে বলেন, দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা মেনে নেওয়া যায় না। হামলায় জড়িতদের শনাক্ত করে আইনগত ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আহত সাংবাদিক ও শিক্ষার্থীদের চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি জানান তিনি।
রাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবায়ের জিসান বলেন, প্রশাসনকে দ্রুত হামলাকারীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ব্যবস্থা নিতে বলা হয়েছে। অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করার উদ্যোগের কথা জানতে পেরে সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে বিকেল ৪টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
এর আগে রোববার রাতে জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ওঠে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীবের নেতৃত্বে এ হামলা হয়। এতে চার সাংবাদিকসহ প্রায় ১০ জন আহত হন।
আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু।











