বিশ্ব শিক্ষক দিবসে ১০০ শিক্ষককে সম্মাননা
অনলাইন ডেস্ক : বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে তিনি অংশ নেন।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এবারই প্রথম প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন পর্যায়ে নির্বাচিত ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা গ্রহণ করবেন নির্বাচিত শিক্ষকরা।
সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষককে নগদ ২ লাখ টাকা, ক্রেস্ট ও সনদ দেওয়া হবে। শিক্ষকদের সামাজিক মর্যাদা ও পেশাগত স্বীকৃতি বাড়ানোর লক্ষ্যেই এবার জাতীয় পর্যায়ের এই সম্মাননার পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। আগে যেখানে ১২ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হতো, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১০০ জনে।
নির্বাচিত শিক্ষকদের মধ্যে প্রাথমিক পর্যায়ে ১০ জন, মাধ্যমিকে ২০ জন, কলেজ পর্যায়ে ২৫ জন এবং সাধারণ বিশ্ববিদ্যালয় থেকে ২০ জন রয়েছেন। এছাড়া মেডিক্যাল কলেজে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৩ জন, বিজ্ঞান ও প্রযুক্তিসহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে ৪ জন এবং প্রধানমন্ত্রীর বিশেষ কোটায় ৫ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হচ্ছে।
দেশের বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক, স্কুল-কলেজ, মাদরাসা, কারিগরি ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে এসব শিক্ষককে বাছাই করা হয়েছে।
শিক্ষকদের অধিকার, মর্যাদা, পেশাগত উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়।











