বিএনপি ক্ষমতায় থাকলে জিডিপি ভারতের উপরে যেত : অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সবচেয়ে সর্বনিম্ন। আগামী দুই বছর কঠিন যাবে। এই কঠিন অবস্থা থেকে বের হতে হলে অনেক অপ্রিয় ও কঠিন সিদ্ধান্ত নিতে হতে পার সরকারকে। পরিস্থিতি সামাল দিতে আগামী দুই বছর অর্থনৈতিক সুরক্ষা/সেফটি মার্জিন চেয়েছেন তিনি।
অর্থমন্ত্রী দাবি করেছেন, ২০০৫ সাল থেকে বিএনপি ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকলে জিডিপি ভারতের উপরের চলে যেত। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিন বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি কোথায় দাঁড়িয়ে আছে এটা দুই-চারটা স্ট্যাটিস্টিক জানা দরকার। আমাদের সবার জানা দরকার, জনগণের জানা দরকার, আমাদের বিরোধী দলের বন্ধুদের জানা দরকার। এ কারণে আপনাদের সহযোগিতা লাগবে, দেশটি তো আমাদের সবার। আমরা অনেক আশা নিয়ে এখানে এসেছি।
দেশের অর্থনৈতিক চিত্র তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, বর্তমান প্রেক্ষাপটে অর্থনৈতিক কিছু চিত্র আমি তুলে ধরছি আপনাদের। যে জিডিপি ট্যাক্সের সঙ্গে জিডিপি ট্যাক্স এবং প্রবৃদ্ধির যে সংখ্যা সেখানে এখন ৭ শতাংশের নিচে নেমে এসেছি। আমরা (বাংলাদেশ) এটা দক্ষিণ এশিয়াতে সর্বনিম্ন, বর্তমান জিডিপিটা বাংলাদেশ দক্ষিণ এশিয়াতে সর্বনিম্ন এবং বিশ্বের অন্যতম প্রায় সবগুলো দেশের মধ্যে এটাও সর্বনিম্নের দিকে আছে। বিএনপি যখন ক্ষমতা ছেড়ে আসছিল ২০০৫-৬ সালে ট্যাক্স এসেছিল ১০ শতাংশ। এটা ক্রমাণ্যয়ে প্রবৃদ্ধি ছিল, এটা হয়তো বিএনপি অব্যাহতভাবে থাকলে ভারতের উপরেও চলে যেত।
দারিদ্রের হার নিয়ে অর্থমন্ত্রী বলেন, দারিদ্রের হার ২০২২ সালে এ ছিল ১৭ থেকে ১৮ শতাংশ, ২০২৩ সালে ছিল ১৯ শতাংশ, ২০২৪ সালে ছিল ২০.৫ শতাংশ ২০২৫ সালে দারিদ্রের হার হচ্ছে পিপিআর অনুসারে ২৯ দশমিক ৯৩ শতাংশ। এই মুহূর্তের দারিদ্রের হারে কোথায় আছি এটা আমাদেরকে অনুধাবন করতে হবে। মানে দারিদ্রের হার যেটা নিম্ন গতি ছিল, এখন এটা উপরের দিকে উঠছে। এভাবে বেসরকারি খাতের ঋণ অর্থাৎ বেসরকারি খাতের ঋণ যত বাড়বে তাতে উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে।
বেসরকারি খাতের উন্নয়ন বাড়ানোর কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বেসরকারি খাতে জিডিপির ৬ শতাংশ নেমে এসেছে। ২০০৫-৬ সালে বিএনপি থাকার সময় এটা ছিল ১৮ দশমিক ২৭ শতাংশ, এখন ৬ শতাংশ। সুতরাং আমরা কোথায় আছি, অর্থনৈতিকভাবে বোঝার ব্যাপার আছে।
রপ্তানির চিত্র তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, রপ্তানি কমেছে ২ দশমিক ৬ শতাংশ। আমাদের রপ্তানি কিন্তু গত ২০ বছর ধরে সবসময় প্রবৃদ্ধি ছিল। বিএনপি যখন ক্ষমতা ছাড়ে তখন রপ্তানির প্রবৃদ্ধি ছিল ১৪ শতাংশ। এখন হচ্ছে ঋণাত্মক ২ দশমিক ৬ শতাংশ।
আমদানি পরিস্থিতির তথ্য তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, মূলধনী যন্ত্রপাতি যেগুলো– আমরা আমদানি করি। এটার ওপর বিনিয়োগ, কর্মসংস্থান, প্রবৃত্তি। মূলধনী যন্ত্রপাতি বর্তমানে ঋণাত্মক মাইনাস ১৪ দশমিক ৫ শতাংশ। আর বিএনপির শেষ সময়ে ছিল ২০০৪-৫ সালে ৫৩ শতাংশ।
অর্থমন্ত্রী আরও বলেন, আপনারা খেলাপি ঋণের কথা অনেক বলেছেন, আমরা বলছি বর্তমানে ৩০ শতাংশের অধিক। ৩০ শতাংশের অধিক যখন একটা দেশের খেলাপি ঋণ হয় তখন অর্থনীতির গতি অলমোস্ট থেমে যাওয়ার অবস্থায় চলে আসে। আমরা যখন ২০০৫-এ ছিলাম তখন ছিল ১৩ শতাংশ, আর এখন ৩০ শতাংশ পার হয়ে গেছে। খেলাপি ঋণ সবসময় থাকবে। তবে যে জায়গায় আমরা গেছি, এখান থেকে বেরিয়ে আসা কঠিন।
ভর্তুকি নিয়ে অর্থমন্ত্রী বলেন, আমাদের ফিসকেল স্পেস ধিরে-ধিরে কমে যাচ্ছে। আমাদের সব সংসদ সদস্যের দাবি এলাকাতে টাকা দিতে হবে, এলাকায় উন্নয়ন করতে হবে। আমরা জনগণকে রিপ্রেজেন্ট করি, এ দাবি তো থাকবেই। কিন্তু আমি বলছি আমাদের ফিসকাল স্পেস কমতে কমতে কোথায় নিয়ে এসেছে বিগত সরকার।
এসময় সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, এই কঠিন অবস্থা থেকে বের হতে হলে অনেক অপ্রিয় ও কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। আমি বিরোধী দলের বন্ধুদের বলব, সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে আমাদের সহযোগিতা করুন। আমরা অবশ্যই এই সংকট কাটিয়ে উঠব।’











