প্রধানমন্ত্রী ঘোষণা: মা-বোনদের জন্য এলপিজি কার্ড বিতরণ করা হবে
অনলাইন ডেস্ক : নারীদের জীবনমান উন্নয়ন ও গৃহস্থালি কাজ সহজ করতে প্রধানমন্ত্রী তারেক রহমান এক নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, দেশের প্রতিটি সাধারণ ও নারী প্রধান পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পাশাপাশি মা-বোনদের জন্য এলপিজি কার্ডও বিতরণ করা হবে।
আজ সোমবার যশোরের শার্শায় উলশী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন। তিনি বলেন, “গ্রামের মা-বোন হোক বা শহরের মা-বোন হোক, রান্নাবাড়ির কাজের জন্য অনেক কষ্ট পায়। আমরা তাদের কাছে এলপিজি গ্যাস পৌঁছে দেব যাতে রান্নার কাজ সহজ হয়।”
খাল খনন প্রকল্প সম্পর্কেও তিনি উল্লেখ করেন, “আগামী পাঁচ বছরে আমরা দেশের প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করতে চাই, যাতে গ্রামের মানুষ ও কৃষকরা আয়ের সুযোগ পায়।”
প্রধানমন্ত্রী আরও জানান, সরকার মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করবে। যারা ভালো ফলাফল করবে, তাদের জন্য উপবৃত্তির ব্যবস্থা থাকবে, যাতে তারা উচ্চশিক্ষা অর্জন করতে পারে।
তিনি সতর্ক করেন, কিছু রাজনৈতিক দল সরকারি কর্মসূচি ব্যাহত করার চেষ্টা করতে পারে। সমাবেশে কৃষক ও শ্রমিকদের কল্যাণমূলক পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী ঢাকা থেকে যশোর সফর করেন। এ যাত্রা তার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যশোরে প্রথম সফর।











