,

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, বাড়ছে রোগী শনাক্ত

news-image

অনলাইন ডেস্ক : দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এই সময়ের মধ্যে কারও মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত কারণে হয়েছে বলে নিশ্চিত করা হয়নি।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৫৮ জন। গত ১৫ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৬০৭ জনে।

একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত রোগীর সংখ্যা ২২৯ জন এবং মোট শনাক্ত রোগী ৪ হাজার ৪৬০ জন বলে জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৪৭৫ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৮১ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামজনিত কোনো মৃত্যু হয়নি। তবে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগে ৪২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে সন্দেহভাজন হাম উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা গত ২৪ ঘণ্টায় ১১ জন এবং ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হিসেবে মোট ২০৯ জনের মৃত্যু হয়েছে।