শাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
শাবি প্রতিনিধি : কোটা সংস্কারের দাবি, প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ এবং ছাত্রলীগের হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ মিছিল করেন তারা।
সোমবার দুপুর পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে তারা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও হল প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় বিক্ষোভে শিক্ষার্থীরা ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আমার ভাইয়ের উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই’, ‘আমি নই, তুমি নও, রাজাকার রাজাকার’, ‘কে বলেরে রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার’, ‘আমি কেন রাজাকার, জবাব চাই জবাব চাই’- ইত্যাদি স্লোগান দেন।
বিক্ষোভ শেষে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে শিক্ষার্থী সুইটি আক্তার, নিঝুম, ফয়সাল আহমেদ, সাত্ত্বিক ব্যানার্জি, স্বার্থক, আসাদুল্লাহ আল গালিব সব আরও অনেকেই বক্তব্য দেন। কোটা সংস্কার আন্দোলনে শাবি শিক্ষার্থীদের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব সমকালকে বলেন, ‘গতকাল প্রধানমন্ত্রীর বক্তব্যসহ সরকার পক্ষের অনেকের বক্তব্য আমাদের কাছে উদ্দেশ্যপ্রণোদিত মনে হয়েছে। তারা আমাদের যৌক্তিক এক দফা আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য এই ধরনের বক্তব্য দিচ্ছেন। এছাড়া ছাত্রলীগ গতরাতে আমাদের উপর হামলা চালিয়েছে। আমরা আমাদের এক দফা আন্দোলনে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি; কিন্তু এরপরেও যদি কেউ হামলা করে আমরা তার প্রতিরোধ গড়ে তুলবো।
এদিকে প্রধানমন্ত্রী বক্তব্যের প্রতিবাদে গতরাতে শিক্ষার্থীরা মিছিল বের করে। অন্যদিকে শিক্ষার্থীদের মিছিলের পরে ছাত্রলীগও ক্যাম্পাসে মিছিল বের করে অবস্থান নেন। পরে রাত প্রায় পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের দুই মিছিল মুখোমুখি হলে শিক্ষার্থীদের মিছিলে হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে শিক্ষার্থীদের তিনজন আহত হন।
আহত শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন, রসায়ন বিভাগের শিক্ষার্থী আসাদুল্লাহ গালিব ও গণিত বিভাগের শিক্ষার্থী হাফিজুল ইসলাম। আহত শিক্ষার্থীরা রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
অন্যদিকে শিক্ষার্থীদের স্লোগানে মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করা হচ্ছে- এমন দাবি করে এবং এর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি করবেন শাবি ছাত্রলীগ। আজ বেলা সাড়ে ৩টায় তারা ক্যাম্পাসে এই বিক্ষোভ কর্মসূচি করবেন বলে জানা যায়।
গত ১ জুলাই থেকে চার দফা দাবিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা আন্দোলনে রয়েছেন। ২ জুলাই থেকে শাহবাগ অবরোধ কর্মসূচি, বাংলা ব্লকেড কর্মসূচি পালন করে আসছেন তারা। পরে ৪ জুলাই থেকে শিক্ষার্থীরা এক দফা দাবিতে আন্দোলন চালাতে থাকে।
গতকাল রোববার এক দফা দাবিতে পদযাত্রা নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে স্মারকলিপি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল। এরপর তারা ঘোষণা দেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কোটা সংস্কারের দাবিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান তারা। কোনো পদক্ষেপ না এলে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
পরে চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা আন্দোলন নিয়ে মন্তব্য করলে শিক্ষার্থীরা আজ সোমবার দুপুর ১২টা থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ শুরু করেন।
বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিসিএসসহ সব ধরনের সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটার প্রচলন ছিল। এর মধ্যে ৩০ শতাংশ ছিল মুক্তিযোদ্ধা কোটা। প্রতি ১০০ জনের মধ্যে ৫৬ জনকে নিয়োগ দেওয়া হতো কোটাধারী চাকরিপ্রার্থীদের মধ্য থেকে। এটি ‘বৈষম্যমূলক’ উল্লেখ করে বিভিন্ন সময় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ২০১৮ সালে হওয়া কোটা সংস্কার আন্দোলন ঢাকার পাশাপাশি সারা দেশে ছড়িয়ে পড়ে। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক দিন সংসদে ঘোষণা দেন, যেহেতু কেউ কোটা চায় না সুতরাং এখন থেকে আর কোনো কোটা থাকবে না।
প্রধানমন্ত্রীর ওই ঘোষণার পর প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিল করে পরিপত্র জারি করে সরকার। এরপর থেকে এখন পর্যন্ত বিসিএসসহ প্রথম ও দ্বিতীয় শ্রেণির সবধরনের সরকারি চাকরির ক্ষেত্রে কোটা ছাড়াই নিয়োগ প্রক্রিয়া চলে আসছে। তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে নিয়োগের ক্ষেত্রে আগের মতোই কোটা পদ্ধতি চালু আছে।
সম্প্রতি, কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে আবারও প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরির ক্ষেত্রে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটার প্রচলন চান। হাইকোর্ট ওই রিট ‘অ্যাবসোলুট’ ঘোষণা করেন এবং ২০১৮ সালে কোটা বাতিল করে জারি করা সরকারি পরিপত্রটি অবৈধ ঘোষণা করেন। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলে গেছে এবং আপিল বিভাগ হাইকোর্টের রায়ের ওপর চার সপ্তাহের জন্য ‘স্ট্যাটাস কো’ বা ‘স্থিতাবস্থা’ জারি করেছেন।
আগামী ৭ আগস্ট এ বিষয়ে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে। হাইকোর্ট ২০১৮ সালের পরিপত্র অবৈধ ঘোষণা করার পর থেকে আন্দোলনে নেমেছেন সাধারণ শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। তাদের ভয়, সরকার আদালতকে ব্যবহার করে আবারও কোটা পদ্ধতি চালু করতে চায়।
প্রথমে তারা দাবি করেন ২০১৮ সালের পরিপত্র বহাল রাখতে হবে অর্থাৎ কোনো ধরনের কোটা থাক সেটি তারা চান না। পরে তারা অবস্থান থেকে কিছুটা সরে এসে কোটার যৌক্তিক ও স্থায়ী সংস্কার চান। সেক্ষেত্রে তারা মূলত অনগ্রসর গোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য কোটা রাখার পক্ষে এবং সেটি সর্বোচ্চ ৫ শতাংশ করার দাবি তোলেন। এ সংস্কার এখন তারা তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরির ক্ষেত্রেও চাচ্ছেন। মুক্তিযোদ্ধা কোটা রাখা বা না রাখার বিষয়ে তাদের পরিষ্কার কোনো বক্তব্য নেই।











