শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ এশিয়ার বিনিয়োগ কেন্দ্র হতে চায় বাংলাদেশ

news-image
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের অন্যতম প্রধান গন্তব্য হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান। তিনি বলেন, প্রতিযোগিতামূলক, স্থিতিশীল ও নিরপেক্ষ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করে বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ এগিয়ে যেতে চায়।

শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতিক কর্মপরিকল্পনা’ এবং ‘ঝুঁকি মোকাবিলায় স্থিতিস্থাপকতার সদ্ব্যবহার’ শীর্ষক সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, জ্বালানি সংকট বর্তমানে বিনিয়োগের পথে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে। এ সমস্যা মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

ড. খলিলুর রহমান বলেন, বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হচ্ছে ‘বাংলাদেশ ফার্স্ট’। এই নীতির আওতায় বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় অর্থনৈতিক কূটনীতিকে আরও শক্তিশালী করতে হবে। আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করে দেশের অর্থনীতিকে আরও টেকসই ও স্থিতিশীল করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির প্রসঙ্গে তিনি জানান, দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জনে স্বচ্ছ, টেকসই ও পূর্বানুমানযোগ্য নীতিগত কাঠামো গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

অর্থনীতিকে বহুমুখী করার ওপর জোর দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রচলিত খাতের বাইরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সৃজনশীল শিল্প এবং ক্রীড়া অর্থনীতির মতো নতুন সম্ভাবনাময় ক্ষেত্রগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব খাতে সুস্পষ্ট নীতিমালা ও সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানোর মাধ্যমে দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে বিশ্বপরিসরে আরও দৃশ্যমান করা সম্ভব হবে।

সম্মেলনে ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতির আলোকে দেশের বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক কূটনীতির বিভিন্ন অগ্রাধিকার নিয়ে আলোচনা করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এই আয়োজন সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি খাত এবং আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে কার্যকর সংলাপ ও সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে তিনটি বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ‘দ্য পলিসি কম্পাস’ অধিবেশনে বাণিজ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধির নীতিগত বিষয়, ‘ক্যাপিটাল ফর গ্রোথ’ অধিবেশনে বিনিয়োগ ও অর্থায়ন এবং ‘দ্য নিউ স্টেজ—এআই, ক্রিয়েটিভ ইকোনমি অ্যান্ড স্পোর্ট’ অধিবেশনে উদ্ভাবননির্ভর নতুন অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি-বেসরকারি খাত এবং আন্তর্জাতিক সহযোগীদের মধ্যে সমন্বয় জোরদারের মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক রূপান্তর ও টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ জাতীয় আরও খবর

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন সেই ৮ শিক্ষার্থী

শেরওয়ানির জন্য আড়াই ঘণ্টা ফ্লাইট আটকে রাখলেন বিমান কর্মকর্তা!

ফ্রান্সে তীব্র দাবদাহে ৯০০০ মানুষের মৃত্যু

মুক্তির আগেই বাজিমাত

‘আমি ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু’—নতুন দাবি ট্রাম্পের

বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী

মিশরকে হারালেই আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ অস্ট্রেলিয়ার

আর্জেন্টিনাকে হারাতে যে পরিকল্পনায় খেলবে কেপ ভার্দে

ভোটাররাই ফার্স্ট প্রায়োরিটি: শিরিন শিলা

আমিরের তৃতীয় বিয়ের অতিথি দুই প্রাক্তন স্ত্রী, আরও যারা থাকছেন

নকআউটে কেপ ভার্দেকে আশা করেনি আর্জেন্টিনা

ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিত করতে ফিফার প্রতি অনুরোধ