,

শাহীনের নির্জন বাংলোয় যাতায়াত ছিল এমপি আজীমের

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : কলকাতায় হত্যার শিকার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার এবং হত্যাকাণ্ডের ‘মূল পরিকল্পনাকারী’ আখতারুজ্জামান শাহীনকে বন্ধু হিসেবে জানতেন এলাকার মানুষ। যুক্তরাষ্ট্র প্রবাসী শাহীন ঝিনাইদহে এলে থাকতেন নির্জন এলাকায় গড়ে তোলা আলিশান বাংলোবাড়িতে। সেখানে এমপি আজীমের নিয়মিত যাতায়াত ছিল বলে স্থানীয় অনেকে জানিয়েছেন।

ওই বাংলোয় এমপি আজীমের সঙ্গে দু’দিন গিয়েছিলেন তাঁর আরেক বন্ধু গোলাম রসুল। মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের এই সভাপতির মতে, আজীম ও শাহীনের বন্ধুত্ব প্রায় ৩০ বছরের। পাশের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামে শাহীনের ওই বাংলোয় প্রথমবার তিনি গিয়েছিলেন বছরখানেক আগে। তিন-চার মাস আগে শেষবার আজীম তাঁকে ওই বাংলোয় নিয়ে গিয়েছিলেন।

গোলাম রসুল বলেন, এক দিন দর্শনা থেকে বাড়ি ফেরার পথে আজীম আমাকে বলে, ‘চল বন্ধু শাহীনের সঙ্গে দেখা করে আসি।’ এরপর তারা দু’জন ওই বাংলোতে যান। আজীম একান্তে শাহীনের সঙ্গে কথা বলেন। এ সময় গোলাম রসুলকে বাইরে বাংলোর মধ্যে একটি কক্ষে বসে থাকতে বলা হয়।

গোলাম রসুল জানান, বাংলো দেখে তিনি হতবাক হন, এই গ্রামের মধ্যে এত ভিআইপি বাংলো। যেখানে বিদেশি কুকুর, অনেক কর্মচারী, ভিআইপি আসবাব দিয়ে সাজানো। আজীম তাঁকে বলেছিল, শাহীন মেরিন ইঞ্জিনিয়ার, যুক্তরাষ্ট্রে থাকে। এখানে বেড়াতে এলে বাংলোতে অবস্থান করে।

সরেজমিন বৃহস্পতিবার কোটচাঁদপুর শহর থেকে ৬ কিলোমিটার পূর্বে এলাঙ্গী গ্রামে প্রায় ৪০ বিঘা জমিতে গড়ে তোলা বাংলোর দেখা মেলে। আধুনিক ডিজাইনের ডুপ্লেক্স ভবন ছাড়াও ভেতরে রয়েছে মিনি গলফ ফিল্ড। ভবনটি স্থানীয়দের কাছে ‘বালাখানা’ নামে পরিচিত। এ বাংলোয় মাঝেমধ্যে মেহমান হয়ে আসতেন পুলিশের পদস্থ কর্মকর্তাসহ ভিআইপিরা। সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল নিষিদ্ধ। চারদিকে সিসি ক্যামেরা ও প্রহরীর কড়া নজরদারি থাকত সব সময়। বাংলোতে পোষা হতো ৭টি গরু, ১০-১২টি ছাগল ও ৩টি বিদেশি কুকুর।

এলাঙ্গী গ্রামের প্রবীণ ব্যবসায়ী আসাদুজ্জামান কাটুমিয়ার ছোট ছেলে শাহীন। তাঁর বড় ভাই শহীদুজ্জামান সেলিম কোটচাঁদপুর পৌরসভার মেয়র। বাবাসহ পরিবারের সবাই বহু আগে কোটচাঁদপুর শহরে বসবাস করলেও বাংলোটি নির্মাণের পর থেকে দেশে এলেই শাহীন সেখানে থাকতেন।

শাহীনের পরিকল্পনায় এমপি আজীম খুনের ঘটনা প্রকাশ পাওয়ার পর এলাঙ্গীর বাংলো ঘিরে মানুষের কৌতূহল আরও বেড়েছে। তবে এটি এখন তালাবদ্ধ। সেখানে গিয়ে প্রহরীদের কাউকে পাওয়া যায়নি।

গ্রামের বাসিন্দা সফিউদ্দিন বলেন, শাহীন এলাকায় এলে বাংলোতে থাকেন। বাংলোর ভেতরে ও বিলাসবহুল ভবনে কী হতো, সাধারণ মানুষের পক্ষে কখনও জানা সম্ভব হয়নি। তবে মাঝেমধ্যে রাতের বেলায় বড় বড় গাড়ি ঢুকত, গভীর রাতে হতো গানবাজনা।

শাহীনের বাংলোর সামনে জমিতে ঘাস কাটছিলেন এক ব্যক্তি। তিনি সমকালকে বলেন, এসব বড়লোকদের কাজ, কোটি কোটি টাকার ব্যাপার। কথা বললে দেখা যাবে, গ্রামেই থাকতে পারছি না। তাই কিছু বলব না।

বৃহস্পতিবার কোটচাঁদপুর শহরের বাজারপাড়ার বাসায় কথা হয় শাহীনের বড় ভাই পৌর মেয়র শহিদুজ্জামান সেলিমের সঙ্গে। তিনি বলেন, শাহীনের সঙ্গে সর্বশেষ ছয় দিন আগে কথা হয় হোয়াটসঅ্যাপে। পারিবারিক খোঁজখবর বিনিময় হয়। তবে শাহীন তখন কোন দেশে ছিল, তা তিনি জানেন না।

সেলিম বলেন, শাহীন এলাঙ্গীতে বাংলো করার পর আমার বাড়িতে থাকে না। ছয় মাস আগে দেশে এসে একরাত ছিল। সে এত বড় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটাবে, আমাদের বিশ্বাস হয় না। প্রশাসনের উচিত সঠিক তদন্ত করা। তদন্তে সে দোষী হলে প্রচলিত আইনে যে শাস্তি হবে, আমরা মেনে নেব।

তিনি আরও বলেন, ‘এমপি আজীমের সঙ্গে শাহীনের ব্যবসায়িক সম্পর্ক ছিল যেটা আমি জানতে পেরেছি ৫-৬ বছর আগে। তবে কী ব্যবসা ছিল তা আমরা কখনও জানতে পারিনি।’

স্থানীয়দের অভিযোগ, শাহীন এতটাই প্রভাবশালী যে, তাঁর বিরুদ্ধে থানা-পুলিশে অভিযোগ করে লাভ হয়নি। সূত্র জানায়, আন্ডারওয়ার্ল্ডের ব্যবসা চালাতে গিয়ে দু’হাতে টাকা আয়ের পাশাপাশি তাঁর ঘনিষ্ঠতা হয় ক্ষমতাবানদের সঙ্গে। ঢাকার গুলশানেও শাহীনের রয়েছে একাধিক ফ্ল্যাট, যার একটি ব্যবহার হয় রাতের বিশেষ আড্ডাস্থল হিসেবে। সে আড্ডায় সাবেক একজন আলোচিত-সমালোচিত পুলিশপ্রধানও যেতেন বলে দাবি সূত্রের।

কোটচাঁদপুর থানার ওসি সৈয়দ আল-মামুন বলেন, ‘খুব একটা এলাকায় আসতেন না শাহীন। পৌর নির্বাচনে তাঁর বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ থাকলেও কেউ মামলা করেনি।’

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না