বিএনপি কার্যালয়ের সামনে বাড়ছে নেতাকর্মী, সতর্ক পুলিশ
নিজস্ব প্রতিবেদক : আগামীকাল বৃহস্পতিবার রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। তবে, এখনও অনুমতি পায়নি দলটি। এরপরও বিকেল থেকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন দলীয় নেতাকর্মীরা। সেখানে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বুধবার (২৬ জুলাই) বেলা ৫টার দিকে সরেজমিনে দেখা গেছে, নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং এর আশপাশের গলিতে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। কার্যালয়ের ভেতরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে চলছে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক। অন্যদিকে, কার্যালয়ের পাশে বাড়ছে পুলিশের উপস্থিতিও।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ঢাকা পোস্টকে জানান, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার সব ধরনের প্রস্তুতি রয়েছে।
এদিকে বিকেল সাড়ে ৪টার দিকে মহাসমাবেশের প্রস্তুতিসহ সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করার কথা ছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এখনও সেই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়নি।
বিএনপিকে রাজধানীর গোলাপবাগ মাঠে মহাসমাবেশ করার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (২৬ জুলাই) বিকেলে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ঢাকা পোস্টকে বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের বিষয়ে হাইকোর্টের একটি অবজারভেশন রয়েছে। তাই ওয়ার্কিং ডে-তে এখানে সম্ভব নয়। আমরা তাদের গোলাপবাগ মাঠে মহাসমাবেশ করার পরামর্শ দিচ্ছি।
এদিকে ডিএমপি সূত্রে জানা যায়, এখনও বিএনপিকে বৃহস্পতিবার (২৭ জুলাই) মহাসমাবেশের অনুমতি দেওয়া হয়নি। ওয়ার্কিং ডে হওয়ায় বিএনপিকে নয়াপল্টনে মহাসমাবেশ করার অনুমতি দিতে চাইছে না ডিএমপি।
গত ২২ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ থেকে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তিসহ এক দফা দাবিতে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য তারা ডিএমপি সদর দপ্তরে গিয়ে সোহরাওয়ার্দী অথবা দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের অনুমতি চান।
অন্যদিকে, দেশব্যাপী বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে ‘তারুণ্যের জয়যাত্রা’ ব্যানারে ২৭ জুলাই (বৃহস্পতিবার) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করার ঘোষণা দেয় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।
সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা
শেষ খবর পাওয়া পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করার অনুমতি দেয়নি ডিএমপি।
গত ২২ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির পক্ষ থেকে জানানো হয়, এক দফা দাবিকে চূড়ান্ত রূপ দিতে ২৭ জুলাই ঢাকার আরামবাগে মহাসমাবেশ করবে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।
২৭ জুলাই সকাল ১১টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে ১২ দলীয় জোট মহা-সমাবেশ করবে বলে জানায় বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা। একই দিন দুপুর ২টায় রাজধানীর পূর্ব পান্থপথে এফডিসি সংলগ্ন এলডিপির কার্যালয়ের সামনে এলডিপি মহাসমাবেশ করার ঘোষণা দেয় দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমদ।
একই দিন দুপুর ২টা থেকে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। গণতন্ত্র মঞ্চও বিকেল ৩টায় সমাবেশ করার ঘোষণা দেয়। শিল্পকলা একাডেমি অথবা পুরানা পল্টন এলাকায় তাদের সমাবেশ করার কথা।
এছাড়া, জাতীয় প্রেস ক্লাবের সামনে সামাবেশ করার কথা রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের।











