বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়া আগামী মাসে ফিরছেন

news-image

 

নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন থেকে আগামী মাসে দেশে ফিরছেন। ঈদের আগে না আসার কারণ তার চোখের ছানি অপারেশনের পর ফলোআপ চিকিৎসা এখনও বাকি আছে। তার চিকিৎসক বলেছেন, একমাস হলে আবার দেখা করতে। অপারেশনের পর একমাস এখনও হয়নি। একমাস হলে আবার চোখ দেখিয়ে ঈদের পরপরই দেশে ফিরবেন খালেদা জিয়া। তার মানে আগামী মাসে ফিরবেন তিনি।

একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রটি বলছে খালেদা জিয়া যে আগামী মাসে দেশে ফিরবেন তা শতভাগ নিশ্চিত। খালেদা জিয়া দেশে ফিরবেন না আওয়ামী লীগ নেতাদের এমন ধারণা একেবারেই ঠিক নয় বলে মনে করছে ওই সূত্রটি। সূত্রটি বলছে, খালেদা জিয়া দেশে ফেরার জন্য খুবই উদগ্রীব। ষোড়শ সংশোধনী রায়ের পর তিনি ফুরফুরে মেজাজে আছেন। তবে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে ত্রয়োদশ সংশোধনীর রিভিউ করবেন কিনা সে বিষয়ে দেশে ফিরেই সিদ্ধান্ত নেবেন। বিএনপির একটি ঘনিষ্ঠ

সূত্র জানিয়েছে, খালেদা জিয়া আগামী মাসে দেশে ফেরার পরই বিশাল শোডাউন করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক সংবর্ধনা দেওয়া হবে। এ লক্ষ্যে নীরবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। খালেদা জিয়ার গুলশানের বাসা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত রাস্তার দুইপাড়ে সারিবদ্ধ হয়ে ফুল দিয়ে খালেদা জিয়াকে বরণ করে নেওয়া হবে। খালেদার সংবর্ধনার দিন বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো ঢাকাকে মিছিলের নগরীতে পরিণত করতে চায়। পাশাপাশি বিমানবন্দরেও দলীয় নেতাকর্মীর ব্যাপক সমাগম ঘটাবে।

সূত্রটি বলছে, খালেদা জিয়া আর দেশে ফিরবেন না আওয়ামী লীগ নেতাদের এমন মন্তব্যের কড়া জবাব দিতে এবং দলীয় নেতাকর্মীকে উজ্জীবিত করতেই মূলত ব্যাপক শোডাউনের আয়োজন করা হচ্ছে। এছাড়াও এ আয়োজনে নেতাকর্মীদের বিপুল উপস্থিতি দেখে জনগণও বিএনপির সামর্থ্য সম্পর্কে অবাক হবে বলে মনে করছেন বিএনপিনেতারা। তবে এতবড় শোডাউনের আয়োজন করা হবে অনেকটা নীরবেই। শোডাউনের আগে বেশি হইচই করতে চায় না দলটি। নেতারা বলছেন, এতে হিতে বিপরীত হতে পারে। অর্থাৎ যানজট ও জনদুর্ভোগের অজুহাত দেখিয়ে সরকারের পক্ষ থেকে শোডাউনে বাগড়া বসানো হতে পারে বলে তারা শঙ্কা প্রকাশ করছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন আমার সংবাদকে বলেন, খালেদা জিয়া আগামী মাসে দেশে ফিরবেন এটা নিশ্চিত। তবে নির্দিষ্ট তারিখ এখনও ঠিক হয়নি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়া আর দেশে ফিরবেন না আওয়ামী লীগ নেতাদের এ বক্তব্য ভিত্তিহীন। বিএনপির চেয়ারপারসনের এমন ইতিহাস নেই। কখনও এরকম হবে না। তিনি দেশে ফিরবেন এবং তা আগামী মাসেই। তিনি শাহজালাল বিমানবন্দরে খালেদা জিয়াকে সংবর্ধনা দেওয়ার কথাও জানান।
এদিকে খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার পর থেকে ভারপ্রাপ্ত চেয়ারপারসন ছাড়াই চলছে বিএনপি। আর যতদিন তিনি লন্ডনে থাকবেন ততদিন কোনো ভারপ্রাপ্তের কাছে দলের ভার অর্পণ করার সম্ভাবনাও নেই। খালেদা জিয়া লন্ডনে থাকলেও দল পরিচালনা করা হচ্ছে তার নির্দেশে ও নেতাদের সম্মিলিত চেষ্টায়। প্রয়োজনীয় সবকিছু সিদ্ধান্ত নেওয়ার আগে লন্ডনে অবস্থানরত খালেদার মতামত নেওয়া হচ্ছে।

অনেকটা ভারপ্রাপ্ত চেয়ারপারসন ছাড়াই দলকে চাঙা রাখছে বিএনপি। বিশেষ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভা-সেমিনার ও মানববন্ধনে আগের চেয়ে আরো বেশি জ্বালাময়ী বক্তব্য দিচ্ছেন সরকার ও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। ঢাকায় একটি অনুষ্ঠানে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি বক্তব্যের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, অতি আহম্মকও ওবায়দুল কাদেরের কথা বিশ্বাস করবে না। ফখরুল ওই অনুষ্ঠানে আরো একটি কড়া কথা বলেছেন। ওবায়দুল কাদের কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে বলেছিলেন মামলার ভয়ে লন্ডন পালিয়ে গেছেন খালেদা, আর দেশে ফিরবেন না।

বিএনপির একটি সূত্র জানায়, খালেদা জিয়া দেশে ফিরেই সারাদেশে দল গোছানোর কাজ শেষ দেখতে চান। দল গোছানো হওয়ার পরই সহায়ক সরকারের রূপরেখা প্রকাশ করবেন। রূপরেখা প্রকাশের পর বিভিন্ন মহলের প্রতিক্রিয়া এবং সরকারের মনোভাব পর্যবেক্ষণ করবেন কিছুদিন। তারপর প্রয়োজন মতো সময়ে আন্দোলনের ডাক দেবেন। এসব বিষয়ে তার জ্যেষ্ঠ পুত্র বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও পরামর্শ করেছেন। ছেলের বাসায়ই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন খালেদা জিয়া। এক মাসেরও বেশি সময় ধরে লন্ডনে আছেন তিনি। চিকিৎসা এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে গত মাসে লন্ডন পাড়ি জমান খালেদা জিয়া।

এ জাতীয় আরও খবর