বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাগলেন শামীম ওসমান অনুগামীরা, দিলেন হুংকার!

news-image

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের প্রভাবশালী সংসদ সদস্য (এমপি) শামীম ওসমানের অনুগামী আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা অবশেষে জেগে উঠলেন। কয়েকদিন ধরে প্রতিপক্ষের উচ্চকণ্ঠে নীবর থাকার পর এবার হঠাৎ সরব হলেন। তবে জেগে উঠেই হুংকার দিলেন। বললেন, স্টপ! আর নয়।

জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের ব্যানারে দেরিতে হলেও এবার তারা কথা বলতে শুরু করলেন। গত কিছুদিন ধরে শামীম ওসমানকে উদ্দেশ করে বিভিন্নজনের কড়া বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দেখালেন তারা। কড়া হুশিয়ারিও দিলেন।

শোকাবহ আগস্ট উপলক্ষ্যে টানা দুদিন হয়েছে আলোচনা অনুষ্ঠান। গেত ২৫ আগস্ট জেলা ছাত্রলীগ ও পরদিন ২৬ আগস্ট নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগ এসব আলোচনার আয়োজন করে। শহরের ২নং রেল গেটে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৃথকভাবে এসব আলোচনার আয়োজন করা হয়।

এর আগে কয়েকদিন ধরেই এমপি শামীম ওসমানকে জড়িয়ে প্রতিপক্ষের লোকজন বিভিন্ন ধরনের উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছে। এর মধ্যে যুব মহিলা লীগের মহানগরের বিগত কমিটির সভাপতি নুরুন্নাহার সন্ধ্যা, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা আক্তার মালার কণ্ঠে সবচেয়ে বেশি সরাসরি আক্রমণাত্মক বাক্য শোনা গেছে।

গত ২৫ আগস্ট ছাত্রলীগের সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু। এদের দুজনকেই দেখা গেছে গেল ১২ আগস্ট এমপি শামীম ওসমানের আহ্বানে শহরে বের হওয়া শোক র‌্যালির আগে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের দেওভোগের বাসায় যেতে। যদিও ওই র‌্যালিতে ছিলেন না আনোয়ার হোসেন।

পরদিন ২৬ আগস্ট স্বেচ্ছাসেবক লীগের সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মুহাম্মদ বাদল বললেন, ‘যারা শামীম ওসমানের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারতো না তারা আজ শামীম ওসমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নানা কথা বলছে। আমি বলবো স্টপ, আর কোনো কথা না। আমরা তাদের ক্ষমা করবো না। হয় তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিতে হবে, না হয় আমার পদত্যাগপত্র আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদেররে কাছে দিব।’

 

শামীম ওসমান ও সন্ধ্যা
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু বললেন, শামীম ওসমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা নারায়ণগঞ্জের নন। তারা একটি মহলকে খুশি করার জন্য বিরোধিতা করে যাচ্ছে। আপনারা থামুন, তা না হলে স্বেচ্ছাসেবকলীগই আপনাদের জন্য যথেষ্ট। আমরা চাইলে আপনারা নারায়ণগঞ্জের মাটিতে পা রাখতে পারবেন না। আওয়ামী লীগের তূণমূল আপনাদের টুটি ধরে জিহ্বা বের করে ফেলবে।’

নিপু আহ্বান হুংকার দিয়ে বলেন, ইজ্জত ও সম্মান যার মাধ্যমে পেয়েছেন, তিনি কিন্তু আপনাদের ইজ্জত সম্মান কেড়ে নিতে পারে। জনগণের পাশে দাঁড়ান, দেখি কার পক্ষে নারায়ণগঞ্জবাসীর জোয়ার। শামীম ওসমানের আদর্শে নারায়ণগঞ্জের আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দলীয় সভানেত্রী শেখ হাসিনা পদ দিয়ে যে সম্মান দিয়েছে তার অপব্যবহার করলে তূণমূল কিন্তু ছিনিয়ে নিবে। শামীম ওসমান যখন নারায়ণগঞ্জে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ১২ আগস্ট র‌্যালিতে অংশ নিতে বলেছেন, তখন দুই একজন ষড়যন্ত্রকারীরা আসেনি।’

নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম বলেছেন, নারায়ণগঞ্জের আওয়ামী লীগের প্রাণ হলো এমপি শামীম ওসমান। তার বিরুদ্ধে দলীয় কার্যালয়ে বসে সমালোচনা করেন, লজ্জা করে না। আপনাদের ইজ্জত সম্মান নেই, তাই নেতার বিরুদ্ধে কথা বলেন। ক্ষমা চান, তা না হলে আগামীতে কীভাবে আওয়ামী লীগের রাজনীতি করেন দেখা যাবে।’

নারায়ণগঞ্জ শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু বলেছেন, শীর্ষ নেতাদের বিরুদ্ধে কথা বলছে, আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আজ যদি আপনার বিরুদ্ধে কথা বলি তাহলে কী হতো?

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম বলেছেন, আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার পুনরায় ক্ষমতা আসবেই, তখন কিছু বিরোধী চক্র শামীম ওসমানের বিরুদ্ধে সমালোচনা করছেন।

এর আগে গেল ২৫ আগস্ট শাহ নিজাম ছাত্রলীগের সভায় বলেছিলেন, নারায়ণগঞ্জের আওয়ামী লীগের প্রাণপুরুষ আধুনিক নারায়ণগঞ্জের রূপকার শামীম ওসমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আর এসব ষড়যন্ত্র হচ্ছে গোপনেও। একজন কর্মী নাই অথচ শামীম ওসমানের কৃপায় বড় পদ পাওয়া নেতাসহ অনেক চুনোপুটিও শামীম ওসমানের বিরুদ্ধে অযাচিত কথা বলছেন, ষড়যন্ত্র করছেন।

শাহ নিজাম ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, এ ষড়যন্ত্র শুধু শামীম ওসমানের বিরুদ্ধে না। এটা আওয়ামী লীগেরও বিরুদ্ধে। কারণ শামীম ওসমান এখন আওয়ামী লীগকে এক করেছেন। ঐক্যের ডাক দিচ্ছেন। ঐক্য কায়েমে প্রচেষ্টা চালাচ্ছেন। আর এ আওয়ামী লীগ কার্যালয়ে বসেই অনেকে শামীম ওসমানের বিরুদ্ধে নানা কটূক্তি করছেন। আর গণমাধ্যম কর্মীরাও সেসব সংবাদকে গুরুত্ব দিচ্ছে।

 

শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সরকারদলীয় প্রভাবশালী সংসদ সদস্য (এমপি) ও নারায়ণগঞ্জের বহুল আলোচিত ওসমান পরিবারের সন্তান। প্রতিপক্ষরা তাকে নারায়ণগঞ্জে গডফাদার হিসেবেও উল্লেখ করেন।

চলতি মাসের শুরুর দিকে এই শামীম ওসমানকে অভিশাপ দিয়েছিলেন নারায়ণগঞ্জ আওয়ামী যুব মহিলা লীগের বিলুপ্ত কমিটির আহ্বায়ক নুরুন্নাহার সন্ধ্যা। বলেছিলেন শামীম ওসমানের ওপর আল্লাহর গজব পড়বে। এ ঘটনার কয়েকদিন গেল ২১ আগস্ট নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তার কৃতকর্মের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে নারায়ণগঞ্জবাসীর কাছে ক্ষমা চাওয়ারও আহ্বান জানিয়েছেন। এ ঘটনার পর থেকে নীরবই ছিলেন শামীমের অনুগামীরা। হঠাৎ করেই মুখ ‍খুলে হুমকি দিতে শুরু করেছেন।

এ জাতীয় আরও খবর