বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুই বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন : সংস্কৃতিমন্ত্রী

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই একমাত্র নেতা যিনি গোটা বাঙালি জাতিকে এক করতে পেরেছিলেন। তার আগে কেউ পারেননি। তিনি এদেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তার ডাকে সাড়া দিয়ে বাঙালিরা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন।

শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, উপমহাদেশের রাজনীতিতে এক সময় অভিজাত শ্রেণীর আধিপত্য ছিল। এই রেওয়াজ ভেঙে ছিলেন বঙ্গবন্ধু। মধ্যবিত্তদের নিয়ে তিনি রাজনীতিতে বিপ্লব ঘটিয়ে ছিলেন। তার কল্যাণেই যোগ্যতার পরিচয় দিয়ে জাতীয় চার নেতা রাজনীতিতে এসেছিলেন।

মুক্তিযোদ্ধা হওয়ার বয়সের বিষয়ে মন্ত্রী বলেন, ১৪ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছিলেন শুনলে অনেকেই প্রশ্ন তোলে, তা কী করে সম্ভব? হ্যাঁ সম্ভব। আমি দেখেছি, ১২-১৩ বছরের ছোট বালক গ্রেনেড- গোলা বারুদের ব্যাগ নিয়ে মুক্তিযোদ্ধাদের পেছন পেছন দৌড়াচ্ছে। তাদের কি আমরা মুক্তিযোদ্ধা বলতে পারি না?

জাতীয় শোক দিবস উপলক্ষে অনেক সংগঠন নামসর্বস্ব অনুষ্ঠানের আয়োজন করে বলে মন্তব্য করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

তিনি বলেন, অনেক অনুষ্ঠান দেখলে মনে হয় সেটা শুধু আনুষ্ঠানিকতা। না করলে জ্যেষ্ঠ নেতাদের চোখে পড়বে না, পিছিয়ে পড়বে- এসব কারণেই আয়োজন। আমাদের বঙ্গবন্ধুকে নিয়ে অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে তার সম্পর্কে জানা।

হল ছাত্রলীগের সভাপতি নিপু ইসলাম তন্বীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জেসমিন শান্তার সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন, হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া সাহা, হলের সাবেক সাধারণ সম্পাদক শিউলি আফসার, ঢাবি ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, সাবেক সভাপতি নিশীতা ইকবাল নদী প্রমুখ।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক সুপ্রিয়া সাহা বলেন, শুধু পাঠ্যপুস্তকের মধ্যেই নিজেদেরকে সীমাবদ্ধ রাখলে চলবে না। একজন আলোকিত, সচেতন মানুষ হতে হবে। আর এজন্য দেশের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে জ্ঞানার্জন করতে হবে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্পর্কে জানতে হবে। সর্বোচ্চ বিদ্যাপিঠের ছাত্রী হিসেবে দেশের অগ্রযাত্রায় জাতিকে নেতৃত্ব দিতে হবে।

আবিদ আল হাসান বলেন, বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নয়। এ জন্যই ’৭১-এ তার ডাকে বিভিন্ন ধর্ম-বর্ণের সাড়ে সাত কোটি বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। শুধু এই আগস্টেই কেন বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা হবে? বঙ্গবন্ধুর আদর্শ সারা বছরের কর্মকাণ্ড পালন ও লালন করতে হবে।