বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যা পরিস্থিতি ধামাচাপা দিতেই হামলা: ইমরান

news-image

নিজস্ব প্রতিবেদক : গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, ‘দেশের বন্যা পরিস্থিতি ধামাচাপা দিতেই সরকার ও প্রশাসনের ইন্ধনে গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর হামলা করা হয়েছে।’

রবিবার বিকেল ৪টায় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

লিখিত বক্তব্যে ইমরান বলেন, ‘জনদুর্ভোগ থেকে মানুষের দৃষ্টি সরাতে পুরো ব্যাপারটিকে অপরাপর ইস্যুগুলোর মতোই ধামাচাপা দিতে ও গণজাগরণ মঞ্চের আন্দোলনকে বাধাগ্রস্ত করতেই সরকার এসব হামলা মামলা অব্যাহত রেখেছে।’

ইমরান এইচ সরকার বলেন, ‘পুলিশের নাকের ডগায় উপর্যুপরি এই হামলার পরেও সরকার বা প্রশাসনের তরফ থেকে কোন পদক্ষেপ না নেয়া নিশ্চিতভাবেই প্রমাণ করে এই ধারাবাহিক হামলার পেছনে সরকারের ইন্ধন ও যোগসাজশ রয়েছে।’

তিনি বলেন, ১৭ আগস্ট ত্রাণ তৎপরতা জোরদারের দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচি শেষে পূর্বঘোষিত ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলাকালে অতর্কিতে একদল যুবক গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর হামলা করে। এতে কমপক্ষে পাঁচজন আহত হন। যাদের মধ্যে গুরুতর আহত রিয়াজুল আলম ভূঁইয়া এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, ‘এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়নি। যদিও হামলাকারীদের চিহ্নিত করার উপাদান হিসেবে আক্রমণকারীদের ফেলে যাওয়া একটি সচল মোবাইল ফোন ও ছবি পুলিশের কাছে জমা দেয়া হয়েছে।

সারাদেশে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে উল্লেখ করে ইমরান বলেন, গতকাল পর্যন্ত গণমাধ্যমে প্রচারিত সংবাদসূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৩০টি জেলার অন্তত ৬০ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন। প্রাণহানির সংখ্যা এরই মধ্যে শতক ছাড়িয়েছে। দুর্গত এলাকায় খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি চিকিৎসাসেবার অভাব সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মুখে ঠেলে দিয়েছে। গৃহপালিত পশুপাখির মৃত্যু এবং বানের পানিতে বিস্তীর্ণ ফসলি জমি তলিয়ে যাওয়া সৃষ্টি করেছে দীর্ঘমেয়াদি অভাব ও দুর্ভিক্ষের আশঙ্কা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অজয় রায়, মানবাধিকারকর্মী খুশী কবির, ডাক্তার নাজিমুদ্দিন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইমরান হাবিব, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি জিলানী শুভ প্রমুখ।