এক কাউন্টারে মৈত্রী ট্রেনের টিকেট পেতে ভোগান্তি
নিউজ ডেস্ক : ঈদ উপলক্ষে এবার প্রায় ৬৫ হাজার বাংলাদেশী ভারত ভ্রমণের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে ২৫ হাজার যাত্রীকে ট্রেনে ভ্রমণের ভিসা দেয়া হয়েছে।
কিন্তু এসব ব্যক্তিদের কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মাত্র একটি কাউন্টার থেকে মৈত্রী ট্রেনের টিকিট দেয়া হচ্ছে।
এতে করে যেমন সংশ্লিষ্টদের টিকিট দিতে হিমশিম খেতে হচ্ছে, অন্যদিকে ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। এজন্য তারা টিকিট কাউন্ডার বাড়ানোর দাবি জানিয়েছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছে, প্রত্যেক দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভারতীয় ভিসার বিপরীতে মৈত্রী ট্রেনের টিকিট দেয়া হচ্ছে।
গত ৪ জুন থেকে ভারতীয় হাইকমিশনার ঈদ উপলক্ষে ‘ভারতীয় ভিসা ক্যাম্পে’র মাধ্যমে বাংলাদেশীদের ভিসা দিচ্ছে। ৮ জুন থেকে ঈদের আগ পর্যন্ত ৬৫ হাজার ভিসা প্রদান করবে। এর মধ্যে ২৫ হাজারেরও অধিক ভিসা শুধুমাত্র রেলপথে ভ্রমণের জন্য দেয়া হচ্ছে। এই ভিসার বিপরীতে টিকিট নিতে যাত্রীরা ভিড় জমাচ্ছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে।
এ বিষয়ে ঢাকা রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা মো. শফিকুল ইসলাম যুগান্তরকে জানান, গত ৮ জুন থেকে মৈত্রী ট্রেনে ভারতে ভ্রমণকারী যাত্রীদের ভিড় বাড়ছে। মাত্র একটি কাউন্টার থেকে প্রতিদিন আমাদের ৭/৮শ’ টিকিট দিতে হিমশিম খেতে হচ্ছে।
তিনি বলেন, ভারতে ভ্রমণকারী যাত্রীদের ভিড় সামলাতে আরও কাউন্টার বাড়াতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
শফিকুল ইসলাম বলেন, আগামী ২২ জুন থেকে ঈদুল ফিতরের অগ্রিম টিকি দেয়া হবে। এর মধ্যেও দিতে হবে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের টিকিট। ভারত যেতে ইচ্ছুক যাত্রীদের ভিড় তখন আরও বাড়বে।
এ বিষয়ে বাংলাদেশস্থ ভারতীয় হাইকমিশনের মিডিয়া অ্যাটাশে কর্মকর্তা রঞ্জন মণ্ডল যুগান্তরকে জানান, নিরাপদ ও সাশ্রয় হওয়ায় ট্রেনে ভ্রমণকারীর সংখ্যা দিনকে দিন বাড়ছে। এবারের ‘ঈদ ভিসা ক্যাম্প’ থেকে ২৫ হাজারেরও অধিক ভিসা রেলপথে ভ্রমণের জন্য দেয়া হয়েছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, ভিসার বিপরীতে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের দুর্ভোগ কমাতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ নিশ্চয় অতিরিক্ত কাউন্টারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
শনিবার সরেজমিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, একটি মাত্র কাউন্টারের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে নারী পুরুষসহ নানা বয়সের যাত্রীরা।
এদের মধ্যে মোহাম্মদুপর থেকে আসা নুরুল ইসলাম খোকন ও আসমা খানম দম্পতি লাইনের পেছনে দাঁড়িয়ে আছেন।
খোকন জানান, একটি মাত্র কাউন্টার থেকে টিকিট দেয়া হচ্ছে, এটা অনেকটাই অসম্ভব? ভারতীয় হাইকমিশন ঈদে যেখানে বিনা টোকেনে ভিসা প্রদান করছে, সেখানে রেলওয়ের এই হাল। আমরা আশা করি কর্তৃপক্ষ আরও কাউন্টার বাড়াবে।
পুরান ঢাকা থেকে আসা বাদল দাশ, হরিপদ সাহা, রত্মা বিশ্বাস ও মিলন বিশ্বাস লাইনে না দাঁড়িয়ে স্টেশনের একটি ওয়াল ঘেষে বসে আছেন।
কথা হয় হরিপদ সাহার সঙ্গে। তিনি জানান, সকাল ১১টার দিকে এসেছেন তারা, তখনও দীর্ঘ লাইন। বিকাল ৫টার মধ্যে কাউন্টার বন্ধ করে দেয়, জানি না আজ টিকিট কাটতে পারবে কি না।
একটি মাত্র কাউন্টার থেকে এতো যাত্রীদের টিকিট প্রদান করতে হিমশিম খাচ্ছেন জানিয়ে সহকারী বুকিং মাস্টার সাইফুল ইসলাম জানান, তিনি একাই মৈত্রী এক্সপ্রেস ট্রেনের টিকিট দিচ্ছেন। এক একটি টিকিট দিতে প্রায় ১০/১২ মিনিট সময় লাগছে। তাছাড়া অধিকাংশ যাত্রীই ফর্ম পূরণ করতে গিয়ে ভুল করেছেন, তাতে অনেক সময় একটি টিকিট দিতেই প্রায় ১৫/১৬ মিনিট সময় লাগছে। কাউন্টার বাড়ানো তথা আরও লোকবল দেয়ার কথা জানানো হলেও কর্তৃপক্ষ তা কর্ণপাত করছে না।
এদিকে কাউন্টারের সামনে কোনো টেবিল না থাকায় শত শত যাত্রী ফ্লোরে কিংবা দাঁড়িয়ে ফর্ম পূরণ করতে গিয়ে কাটা-ছেড়াসহ নানা ভুল করছেন।
একদিকে প্রচণ্ড ভিড়, অন্যদিকে ফর্ম পূরণে সমস্যা থাকায় অনেক যাত্রীরা অভিযোগ করেছেন, একটি আন্তর্জাতিক ট্রেনের কাউন্টার এমন নাজেহাল অবস্থায় থাকতে পারে কী করে? তারা দ্রুত সময়ের মধ্যে কাউন্টার বাড়ানোসহ কাউন্টারের সামনে টেবিল তথা প্রয়োজনীয় সব ধরনের সুবিধা রাখার আহবান জানান।
একইসঙ্গে বিকাল ৫টার পরিবর্তে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের চলমান টিকিট বিক্রি রাত ১১টা পর্যন্ত করার দাবি জানান যাত্রীরা।
এ বিষয়ে রেলওয়ে মহাপরিচালক মো. আমজাদ হোসেন বলেন, রেলপথে ভারত ভ্রমণ দিনকে দিন বাড়ছে। কাউন্টার বাড়ানোর পাশাপাশি যাত্রীদের সুবিধায় প্রয়োজনীয় সব কিছুই করা হবে।
সংশ্লিষ্টদের কাছ থেকে কি কি প্রয়োজন, তা জেনে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান আমজাদ হোসেন।











