নিজস্ব প্রতিবেদক : বেসরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অবসরকালীন আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সর্বজনীন পেনশন ব্যবস্থার ‘প্রগতি স্কিমে’ তাদের অন্তর্ভুক্তি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি ও তফসিলি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে বুধবার সচিবালয়ে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বজনীন পেনশন কর্মসূচির অগ্রগতি এবং ব্যাংক খাতের কর্মীদের প্রগতি স্কিমে যুক্ত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান। তিনি বলেন, দেশে বেসরকারি খাতে প্রায় ১ কোটি ৮০ লাখ নিবন্ধিত শ্রমিক ও কর্মী কাজ করলেও অধিকাংশের জন্য অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তার কোনো স্থায়ী ব্যবস্থা নেই। সরকারি চাকরিজীবীরা পেনশন সুবিধা পেলেও বেসরকারি খাতের কর্মীরা দীর্ঘদিন ধরে এ সুবিধার বাইরে রয়েছেন। এ পরিস্থিতিতে প্রগতি স্কিম একটি কার্যকর ও দীর্ঘমেয়াদি সমাধান হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, স্কিমটিকে আরও আকর্ষণীয় করতে শেয়ারভিত্তিক পেনশন ব্যবস্থা চালুর সম্ভাবনা, মনোনীত ব্যক্তির জন্য আজীবন পেনশন সুবিধা এবং আউটসোর্সিং কর্মীদের অন্তর্ভুক্তির বিষয় বিবেচনায় রয়েছে।
সভায় জানানো হয়, প্রগতি স্কিমে মাসিক চাঁদার অর্ধেক কর্মী এবং বাকি অর্ধেক প্রতিষ্ঠান বহন করবে। মাসিক চাঁদার পরিমাণ ১ হাজার থেকে ১৫ হাজার টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে।
এই স্কিমে অংশগ্রহণকারীরা অবসরের পর আজীবন মাসিক পেনশন পাবেন। পাশাপাশি চাঁদার ওপর কর সুবিধা, পেনশন আয় করমুক্ত রাখা এবং ৬০ বছর পূর্তির পর জমাকৃত অর্থের সর্বোচ্চ ৩০ শতাংশ এককালীন গ্র্যাচুইটি হিসেবে গ্রহণের সুযোগও থাকবে।
সভায় সর্বজনীন পেনশন কর্মসূচির বর্তমান অগ্রগতির তথ্যও তুলে ধরা হয়। জানানো হয়, গত ৩০ মে পর্যন্ত চারটি পেনশন স্কিমে মোট ৩ লাখ ৭৭ হাজার ৯৩০ জন নিবন্ধিত হয়েছেন। এসব স্কিমে জমার পরিমাণ প্রায় ২৬০ কোটি টাকা এবং বিনিয়োগের পরিমাণ বেড়ে ২৮৬ কোটি টাকায় পৌঁছেছে।
এছাড়া জাতীয় পেনশন কর্তৃপক্ষ ইতোমধ্যে ৪৮টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর মধ্যে ২৪টি ব্যাংক সক্রিয়ভাবে পেনশন স্কিমের চাঁদা সংগ্রহ ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করছে।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, বাংলাদেশ ব্যাংক এবং তফসিলি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রগতি স্কিমে অন্তর্ভুক্ত করতে কার্যকর পদক্ষেপ নেবে। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে দেশের প্রায় ৪ কোটি পরিবারের অন্তত একজন সদস্যকে সর্বজনীন পেনশন কর্মসূচির আওতায় আনার লক্ষ্যে ব্যাংকগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে সচিব নাজমা মোবারক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের নির্দেশনা দিয়ে বলেন, পেনশন স্কিম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতিটি শাখায় আলাদা পেনশন ডেস্ক চালু, প্রচারমূলক ব্যানার প্রদর্শন এবং বিপণন কার্যক্রমে বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি বেসরকারি ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীকে প্রগতি স্কিমের আওতায় আনতে দ্রুত ও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।